চন্দ্রঘোনায় নির্বাচনের দাবিতে অনশন ও হরতালের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাইয়ের তিন ইউনিয়নে ১৫ জুন নির্বাচন হওয়ার কথা, কিন্তু চন্দ্রঘোনা ইউনিয়নের খবর নেই। আদালতের স্থগিতাদেশ না থাকলেও নির্বাচন অনুষ্ঠানে কোনো তৎপরতা না থাকায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থী ও ভোটাররা। তাঁরা ৭ জুন নির্বাচনের দাবিতে ১৫ জুন অনশন পালন ও হরতালের হুমকি দেন। বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতিতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিপ্লব মারমা ও মো. ওয়াজি উল্যাহ অনশন ও হরতালের ঘোষণা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুনকেও বিষয়টি জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।বিপ্লব মারমা ও মো. ওয়াজি উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ-লালানগর ইউনিয়নের সঙ্গে চন্দ্রঘোনার সীমানাবিরোধ আছে। এ নিয়ে মামলা হলে উচ্চ আদালত গত ৩১ মে পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ২৩ মে স্থগিতাদেশ স্থগিত করেন। ফলে চন্দ্রঘোনায় নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।’কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৭ জুন) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। সম্ভাব্য সাধারণ সদস্য পদপ্রার্থী একরামুল হক বলেন, ‘আমরা হঠাৎ শুনলাম, আপিল বিভাগের নির্দেশে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত পুনরায় চন্দ্রঘোনা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন জানান, আগামী ২৩ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের একটি ছায়াকপি পেয়েছেন তিনি। একটি অপরিচিত মুঠোফোনে নির্বাচন স্থগিত হওয়ার তথ্য তাঁকে জানানো হয়েছে। তবে ৭ জুন বিকেলে আপিল বিভাগ ও নির্বাচন কমিশনে খোঁজ নিয়ে নির্বাচন স্থগিতের সত্যতা মেলেনি।