চন্দ্রঘোনায় হলো না বাস টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনায় ৪৭ বছরেও হলো না স্থায়ী বাস টার্মিনাল। লিচুবাগানে জায়গা ভাড়া নিয়ে বাস রাখা হলেও সংস্কারের অভাবে তা এখন ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। সেখানে স্থান সংকুলান না হওয়ায় স্টেশনের চারপাশে সড়কের ওপর রাখা হয় গাড়ি। ফলে যানজট লেগেই থাকে। কাপ্তাই বাসমালিক সমিতি সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে চলাচলকারী যানবাহনগুলো রাখার জন্য চন্দ্রঘোনায় কোনো টার্মিনাল নেই। চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশন থেকে প্রতিদিন ১২০টি যাত্রীবাহী বাস চলাচল করে। এর মধ্যে ২০টি বাস চট্টগ্রাম বহদ্দারহাট বাস টার্মিনালে রাখার ব্যবস্থা রয়েছে। প্রায় ১০০টি বাস প্রতিদিন চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশনে রাখা হয়। অথচ এ বাস স্টেশনে মাত্র ১০-১১টি বাস রাখার সুবিধা রয়েছে। বাকি বাস স্টেশনের আশপাশে বা সড়কের ওপর রাখা হয়। স্থানীয় একাধিক সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ১৯৬৪ সালে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক নির্মাণ করলেও চন্দ্রঘোনায় বাস টার্মিনাল গড়ে তোলেনি। বাসমালিক সমিতি রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী উপজেলার লোকজনের যাতায়াতের সুবিধার্থে লিচুবাগান এলাকায় কিছু জমি ভাড়ায় নিয়ে বাস রাখার ব্যবস্থা করে। কাপ্তাই বাস শ্রমিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কাপ্তাই সড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা বেড়েছে। কিন্তু বাড়েনি বাস রাখার জায়গা। বরং মালিকেরা ক্রমান্বয়ে জায়গা বিক্রির কারণে বাস রাখার জায়গা দিন দিন সংকুচিত হচ্ছে। তার ওপর ঠিকমতো সংস্কার না হওয়ায় বাস রাখার স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। সামান্য বৃষ্টিতে পানি জমে কাদায় একাকার হয়ে যায়। বাসচালক সিরাজুল ইসলাম জানান, টিকিট কাউন্টার থেকে কাপ্তাই সড়কের আধা কিলোমিটার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, জিপ ও মাইক্রোবাস দাঁড় করিয়ে রাখায় স্টেশন থেকে বের হওয়ার সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। কাপ্তাই বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন জানান, চন্দ্রঘোনা বাস স্টেশনের পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন প্রায় ১০ একর সরকারি জমি পরিত্যক্ত অবস্থায় আছে। এ জমিতে বাস টার্মিনাল গড়ে তোলার জন্য বাসমালিক সমিতি সওজ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন করে। কিন্তু সওজ বিভাগ এ ব্যাপারে নীরব। সওজ বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত কচুবাগান এলাকায় বাস টার্মিনাল গড়ে তোলার লক্ষ্যে সওজ বিভাগ বিভাগীয় পর্যায়ে পাউবোর কাছে প্রতিবেদন পাঠিয়েছে। কিন্তু পাউবো কচুবাগানের ওই জমিটি দিতে রাজি না হওয়ায় বাস টার্মিনাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।’