চন্দ্রদেবী-সোনাবীদের খোঁজ কেউ রাখে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসমানীদের দেখতে যদি, তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।’ পল্লিকবি জসীমউদ্দীনের ‘আসমানী’ কবিতার মতোই যেন খাগড়াছড়ির দীঘিনালার কালাচাঁদ মহাজনপাড়া গ্রামের চন্দ্রদেবী চাকমার জীবন। তাঁর মতোই দুঃখী জীবন ভৈরফা নোয়াপাড়া গ্রামের আরেক বৃদ্ধা সোনাবী চাকমার। আসমানীর দুঃখের কথা কবি জসীমউদ্দীন তাঁর লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুললেও চন্দ্রদেবী ও সোনাবীর দুঃখের খবর নেওয়া বা সান্ত্বনা দেওয়ার যেন কেউ নেই। দীঘিনালার মেরুং পাকা সড়কের পাশে মহাজনপাড়া গ্রামে বাঁশের বেড়া আর ছনের ছাউনির ছোট্ট একটি জরাজীর্ণ ঘরে চন্দ্রদেবী চাকমার (৫৫) বসবাস। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। ঝড়ো হাওয়া বইলে তো হেলেদুলে ওঠে ঘরটি। সরেজমিনে গিয়ে কথা হয় চন্দ্রদেবী চাকমার সঙ্গে। জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে চন্দ্রদেবী চাকমা জানান, তাঁর বিয়ে হয়েছিল বাঘাইছড়ির জুয়েল চাকমার সঙ্গে। স্বামী মারা যান অনেক বছর আগে। তাঁদের কোনো সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর চলে আসেন কালাচাঁদ মহাজনপাড়া গ্রামে বাপের ভিটায়। সেখানে ছোট্ট একটি ঘর তুলে বসবাস করছেন। দিনমজুরি করে কোনো রকম জীবন চলছে। অসুখের কারণে কাজে যেতে না পারলে গ্রামের কারও কাছ থেকে চেয়ে কিছু খান। অনেক সময় উপোস থাকতে হয়। ঘরটি দেখিয়ে চন্দ্রদেবী বলেন, ‘তুফান হলে ঘরটি হেলেদুলে ওঠে। তখন খুব ভয় লাগে। আমাকে তো আর কেউ ঘর করে দেবে না। তবু এই ভাঙা ঘরে মরতে পারলেই শান্তি।’ গ্রামের বাসিন্দা চিক্ক চাকমা বলেন, ‘চন্দ্রদেবী খুব কষ্ট করে জীবন চালাচ্ছেন। তাঁকে একটি বিধবাভাতার কার্ড করে দিতে পারলে ভালো হতো।’ উপজেলার ভৈরফা নোয়াপাড়া গ্রামের আরেক বৃদ্ধা সোনাবী চাকমা (৭২)। স্বামী ভালুক্যা চাকমা দীর্ঘদিন ধরে অসুস্থ। সোনাবীর চার ছেলে সবাই যার যার পরিবার নিয়ে আলাদা বসবাস করছেন। সোনাবীর খবর কেউ রাখেন না। এই বৃদ্ধ বয়সেও চার-পাঁচ কিলোমিটার দূরে গিয়ে জুমচাষ করেন। তিনি বলেন, ‘কষ্ট হলেও পেটের তাগিদে কাজ করতে হয়। অন্তত একটি বয়স্কভাতার কার্ড পেলে খুবই ভালো হতো।’ ভৈরফার বাসিন্দা ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য ঘনশ্যাম ত্রিপুরা বলেন, ‘বৃদ্ধ বয়সে সোনাবীকে কাজ করতে দেখে কষ্ট লাগে। এখনো বয়স্কভাতা আসেনি। এলে অগ্রাধিকার ভিত্তিতে তাঁকে বয়স্কভাতায় তালিকাভুক্ত করা হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিত চাকমা বলেন, ‘গত বছর বয়স্ক ও বিধবাভাতার কোনো বরাদ্দ আসেনি। চন্দ্রদেবী চাকমা ও সোনাবী চাকমার কথা শুনে আমার নিজেরও খারাপ লাগছে। বরাদ্দ এলে অবশ্যই এ দুজনের জন্য বয়স্ক ও বিধবাভাতার ব্যবস্থা করা হবে।’