চন্দ্রনাথ ধামে সাজ সাজ রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলার আর মাত্র একদিন বাকি। ইতিমধ্যেই পুরো তীর্থভূমিতে মেলার আমেজ। প্রতিবারের মতো ঐতিহ্যবাহী এই মেলায় লাখো ভক্তের আগমন ঘটবে বলে আশা করছেন মেলা কমিটির কর্মকর্তারা। এবারের মেলার আগেভাগেই ব্যাপক সংস্কারকাজ হয়েছে। সাজানো হয়েছে মন্দিরগুলো। ব্যাপক নিরাপত্তা, পানীয় জল, পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সবকিছু মিলিয়ে সীতাকুণ্ড এখন শিবচতুর্দশী মেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তীর্থ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও স্রাইন কমিটির নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য। তিনি আরও জানান, এ বছর সমতল থেকে পৌনে এক কিমি ওপরে চন্দ্রনাথ ধামে ওঠার রাস্তায় দুটি নতুন সেতু করা হয়েছে। স্রাইন কমিটির প্রশাসক ও চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া নবনির্মিত সেতু দুটি আগামীকাল শুক্রবার উদ্বোধন করার কথা। সরেজমিনে ঘুরে দেখা যায়, মঠ-মন্দিরগুলো নানা রঙে সাজানো হয়েছে। ব্যাসকু থেকে চন্দ্রনাথ ধাম পর্যন্ত ওঠানামার পথ প্রশস্ত করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে আগাছা। পুনর্নির্মাণ করা হয়েছে ঝুঁকিপুর্ণ সেতু। সীতাকুণ্ড বাজার থেকে শঙ্করমঠ পর্যন্ত রাস্তায় বসেছে অনেক অস্থায়ী দোকানপাট। ফলে ইতিমধ্যে পুরো তীর্থভূমিজুড়ে এখন মেলার আমেজ। এবার ১০ লাখ ভক্তের সমাগমের সম্ভাবনার কথা জানিয়েছেন শিবচতুর্দশী মেলা কমিটির সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহীন ইমরান। বিষয়টি মাথায় রেখে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে। আনসার-ভিডিপি ও পুলিশের পাশাপাশি মেলায় র‌্যাব মোতায়েন থাকবে। তিনি আরও জানান, এবার মেলার সার্বিক শৃঙ্খলা রক্ষায় ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে আগামী ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী শিবচতুর্দশী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবছর শিবচতুর্দশী মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু, সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষেরাও আসেন। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্তদের আগমনে মেলার দিনগুলোতে সীতাকুণ্ড হয়ে ওঠে এক মিলনতীর্থ। এ সময় পৌর সদর থেকে প্রায় সাড়ে তিন কিমি সুউচ্চ চন্দ্রনাথ পাহাড়চূড়া পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। এ শিবচতুর্দশী মেলা দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।