চন্দ্রনাথ পাহাড়ে পুলিশ ক্যাম্প
সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে গণছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ ক্যাম্পটি অবশেষে চালু হয়েছে। ১ মে চন্দ্রনাথ পুলিশ ক্যাম্পের উদ্বোধন করা হয়। সীতাকুণ্ড মহাতীর্থ কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী জানান, উপমহাদেশের হিন্দুদের মহাতীর্থ ও পুণ্যস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই চলতে থাকায় দেশ-বিদেশে এর ভাবমূর্তি মারাত্মক ক্ষুণ্ন হতে থাকে। ফলে এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের। ১ মে সকালে চন্দ্রনাথ মন্দিরসংলগ্ন স্থানে চন্দ্রনাথ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্পে ১০ সদস্যের পুলিশ দল সার্বক্ষণিক অবস্থান করবে। সীতাকুণ্ড থানার সরাসরি তত্ত্বাবধানে ক্যাম্পটি পরিচালিত হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তীর্থযাত্রী ও পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য চন্দ্রনাথ পুলিশ ক্যাম্পের সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে।