চন্দ্রনাথের স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রনাথে ভ্রমণসঙ্গীদের সঙ্গে লেখক (ডান থেকে চতুর্থ) ও রেশমা নাহার
চন্দ্রনাথে ভ্রমণসঙ্গীদের সঙ্গে লেখক (ডান থেকে চতুর্থ) ও রেশমা নাহার

গত বছরের ফেব্রুয়ারির কথা। অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হয় না। কোথায় যাব, ভাবতে ভাবতে মনে হলো সীতাকুণ্ড থেকেই ঘুরে আসা যায়। আমি আর বন্ধু আলিমুজ্জামান তল্পিতল্পা নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য, কমলাপুর থেকে চট্টগ্রামের ট্রেন ধরা। সেখানে গিয়ে ট্রেন পেলেও সিট পেলাম না। দুই বন্ধু দাঁড়িয়েই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত পৌঁছে গেলাম। ট্রেনে ভিড় কম নয়। বসার সুযোগ নেই। একসময় খেয়াল করলাম, তিনজনের একটি দল বিশাল আলোচনায় মেতে আছে। দেশের পরিস্থিতি, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়—সবকিছুই তাদের আলোচনার বিষয়। দলের নারী সদস্যকে সবার চেয়ে বড় মনে হলো। আমারও খানিকটা ইচ্ছা হচ্ছিল যোগ দিই, সাহস হলো না।

সীতাকুণ্ডে নেমে দলটির সঙ্গে দেখা হয়ে গেল। কিন্তু কথা হলো না। সীতাকুণ্ডে যাওয়ার পথে ইজিবাইকে দলটির সঙ্গে আবার দেখা হয়। সেখানেই পরিচয় রত্না আপুর সঙ্গে। পর্বতারোহী রেশমা নাহার রত্না।

একসঙ্গে যখন চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করলাম, পরিচয় দিতে গিয়ে রত্না বললেন, তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর ইশকুল কর্মসূচির পাঠচক্রে যুক্ত আছেন। পেশা হিসেবে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ছাড়া বিশেষ পরিচয় হলো তিনি পর্বতারোহী।

বিরূপাক্ষমন্দিরে উঠে আমাদের মনে হলো এটাই চন্দ্রনাথ। একটু পরই বুঝলাম, আমাদের ধারণা ভুল। ক্লান্ত শরীরে হাতের লাঠিটা নিয়ে কোনোরকমে এসে চন্দ্রনাথের চূড়ায় বসলাম। আপু বলছিলেন কীভাবে ২০১৬ সালে কেওক্রাডং দিয়ে তাঁর পর্বতারোহণ শুরু। ইডেন কলেজে লেখাপড়া করতে করতেই ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে পর্বতারোহণের প্রশিক্ষণ নেন। বাংলাদেশে পর্বতারোহণ নিয়ে কাজ করতে চাইতেন তিনি। বিশেষ করে মেয়েদের জন্য।

ঢাকায় ফিরে তাঁর সঙ্গে আমার প্রায়ই দেখা হতো। গ্রিন রোডের রাস্তার পাশের টংদোকানে একবার চায়ের কাপ হাত নিয়ে শুনেছি তাঁর ছোটবেলার গল্প। সাত মহাদেশের সাত চূড়া জয় করার স্বপ্নের কথা বলেছিলেন। এভারেস্ট তো বাদ থাকবে না অবশ্যই। রেশমা নাহার কেনিয়ার লেনানা পিক সামিট করেছেন। ভারতের লাদাখে গেছেন। সবে তো শুরু করেছিলেন নিজের স্বপ্নপূরণ।

কিন্তু কে জানত, এমন এক উদ্যোমী পর্বতারোহীর মৃত্যু হবে রাস্তায় মাইক্রোবাসের চাপায়। লাল সাইকেলটা দুমড়েমুচড়ে যাবে। থেমে যাবে হৃৎস্পন্দন। অসমাপ্ত স্বপ্নের ইতি টানতে হবে এখানেই!