‘আমার ভিনদেশি তারা/ একা রাতেরই আকাশে’—পাহাড়ের কোলে চন্দ্রবিন্দুর গান। তাদের সঙ্গে পুরো ফ’য়স লেকই যেন গাইছে। দর্শকেরা গলা মেলালেন ব্যান্ডের গানে। জমে গেছে কনসার্ট। শীতের সন্ধ্যায় ছড়িয়ে পড়ল সুরের উষ্ণতা। চট্টগ্রামের দর্শকেরা মাতলেন ভিন্নধর্মী গানে। গত শনিবার বিকেলে নগরের ফয়’স লেকে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, ঢাকা এই সংগীতানুষ্ঠানের আয়োজন করে। পশ্চিমবঙ্গের ব্যান্ডদল চন্দ্রবিন্দুর গান মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় দর্শকদের মধ্যে। পাশাপাশি প্রথমবার চট্টগ্রাম এসে দারুণ খুশি চন্দ্রবিন্দুর সদস্যরাও। মঞ্চে উঠেই চন্দ্রবিন্দুর অনিন্দ্য বললেন, ‘এই প্রথম চট্টগ্রাম আসা। ঘুরে দেখে আর এখানকার মানুষদের সঙ্গে মিশে আমরা অভিভূত। বিজয়ের এই মাসে চট্টগ্রামে গান গাওয়ার সুযোগ আমাদের জন্য বিশেষ পাওয়া।’‘এভাবেও ফিরে আসা যায়’ গানের মধ্য দিয়ে শুরু হয় চন্দ্রবিন্দুর পরিবেশনা। একে একে পরিবেশন করেন ‘সকালে উঠিয়া’, ‘জানি না জানি না’, ‘কোন স্কেলে গাইছে কোকিল’, ‘গীত গোবিন্দ’, ‘সুইট হার্ট’ আর ‘জুজু’সহ জনপ্রিয় সব গান। পুরোনো গানের পাশাপাশি চন্দ্রবিন্দু গেয়ে শোনায় নতুন অ্যালবাম নয়-এর গান ‘তারায় তারায় ঝিল মিল রাত’। গানের ভিন্নধর্মিতার ব্যাখ্যাও দিলেন অনিন্দ্য। তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক আগে সেই সত্তরের দশকে ব্যান্ডের যাত্রা শুরু। আমাদের ওখানে ব্যান্ডের যাত্রা আরও পরে। মহিনের ঘোড়াগুলির গান আমাদের পথ প্রদর্শক। কিন্তু এখন সময় অনেক বদলেছে। চারপাশে বেড়েছে অস্থিরতাও। এসব কিছুর প্রতিফলনও ঘটে গানের মধ্য দিয়ে।’মঞ্চে উপল সেনগুপ্তের তত্ত্বাবধানে চন্দ্রবিন্দুর সদস্যদের মধ্যে ছিলেন অনিন্দ্য, সুরজিৎ, অরূপ, রাজশেখর, শিবু, সৌরভ ও তীর্থাঙ্কর। অনুষ্ঠানে চন্দ্রবিন্দুর পরিবেশনার আগে গান করেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী পূজা ও লুৎফা এবং সুর দরিয়া এপার ওপারের শিল্পী মনির। চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন বিউটি দাশ। ফয়’স লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে এই অনুষ্ঠানের সহ আয়োজক ছিল চ্যানেল আই ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।