বাইরে ঝুমবৃষ্টি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল কি? নাকি সন্ধ্যা পেরিয়ে রাত? হাত বাড়িয়ে বাতি জ্বেলে দেয়ালঘড়িটা দেখে নিলেই হয়। কিন্তু ইচ্ছে করছে না আমার। অথচ আমি যে শুয়ে আছি, তাও নয়। সামনে টেবিলের ওপর খোলা বই নিয়ে রুম অন্ধকার করে বসে আছি। পড়া বন্ধ নিশ্চয় অনেকক্ষণ ধরেই। কী পড়ছিলাম, সেটা নিয়ে বোধহয় ভাবা উচিত এখন আমার। সামনে পরীক্ষা। অথচ কিছুই ভাবতে ইচ্ছে করছে না আমার।ইদানীং এমন হচ্ছে প্রায়ই। অথচ আমি ঠিক এমন ধরনের মেয়ে নই। ইংরেজিতে মাস্টার্স করছি। এটা-সেটা খেতে, আর স্বামীকে নিয়ে ঘুরে বেড়াতেই বেশি ভালোবাসি। আসলে সমস্যাটা ওখানেই। ইদানীং ওকে মিস করছি খুব। সেই শীতে ওকে শেষ দেখেছি। তারপর কত সুকান্তের পূর্ণিমা, আর সুনীলের চন্দ্রভুক অমাবস্যা পালাবদল করেই গেল। শীত পেরিয়ে বসন্ত, তা সেও তো পেরিয়েছে কবেই। রোদ, জ্যাম মাথায় নিয়ে কলেজে যাওয়া আর ঢাকার মশা অবশ্য বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় সব মাসকেই আলাদা করে টের পাইয়ে ছেড়েছে। আর তারপর এই আকাশভাঙা শ্রাবণমেঘের দিন। মনে পড়ল, ও আমাকে মুঠোফোনে এক বৃষ্টিমুখর রাতে লিখে পাঠিয়েছিল, ‘জগৎ প্লাবিয়া গেল আজ রাতে, হায়/এমন দিনে সখী, তুমি না জানি কোথায়?’ কার যেন কবিতাটা? আশ্চর্য, এ নিয়ে ভাবতেও ভালো লাগছে না আমার। আমার যে ওকেই চাই।কলেজে অনার্স পড়তেই আমাদের বিয়ে। সাক্ষী—মাঘের সন্ন্যাসী; অর্থাৎ তখন শীতকাল। আমি তো বুঝতেই পারলাম না যে কী থেকে কী হলো। অথচ ও বলে, আমাদের বিয়ের তুলনা নাকি রবীন্দ্রনাথের অপু-হৈমন্তীর বিয়ের সঙ্গেই হতে পারে। অনেকটা যেন ধারাভাষ্য দিচ্ছে, এমনভাবে ও বলে, ‘বিবাহসভায় চারিদিকে তুমুল হৈ-হট্টগোল। তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল।’ বলতে বলতেই হয়তো কানের পাশে মুখ নিয়ে বলে (এবার ফিসফিস করে), ‘আমি পাইলাম, ইহাকে পাইলাম। এও কি সম্ভব? এ যে মানবী, ইহার যে রহস্যের অন্ত নাই!’এই, যাহ্। পড়ার টেবিলে এসব ভাবতে ও-ই আমাকে নিষেধ করে সব সময়। কিন্তু কী যে হয় আমার। ওকে নিয়ে আমার সব ভাবনা চিঠি হয়ে, সেই চিঠিটা আবার কাগজের প্লেন হয়ে, আমাকে নিয়েই উড়ে চলে যায় আমার ভালোবাসার কাছে। আমি টুক করে ওর সামনে বসে পড়ি। (কল্পনায়) ও হয়তো তখন অফিসের কাজ নিয়ে ব্যস্ত। ‘এই যে, মশাই, অপুর হৈমন্তীর মতোই আমিও কিন্তু আপনার সম্পত্তি নই, আমি আপনার সম্পদ—মনে আছে তো?’ ও হয়তো কপট গাম্ভীর্যের সঙ্গে বলে, ‘আপনাকে চেনা চেনা মনে হচ্ছে; ও হ্যাঁ, মনে পড়েছে, সেদিন জুতার দোকানে দেখা হয়েছিল।’ আমি চোখ পাকিয়ে উঠতেই ও হেসে ফেলে। আমাদের খুনসুটি শেষ হওয়ার নয় কখনোই।এদিকে রোজা শুরু হয়ে গেল। তারপর নিশ্চয়ই ঈদের আশায় দিন গুনতি। আমার চোখে বাষ্প জমে। বছর দুই আগের ঈদের কথা মনে পড়ে। ওর চাকরির সুবাদে আমরা তখন টেকনাফে। পরিবারের কেউ সঙ্গে নেই, কিন্তু দুজন একসঙ্গে ঈদ করব, এটাই সান্ত্বনা। আমার এমনিতে মেহেদি পরার খুব শখ, অথচ নিজেরটা নিজে দেওয়া কঠিন। এদিকে আশপাশে কোথাও পারলার নেই বলেই জানি। আমার মেহেদি ওরও খুব পছন্দ। তাই ওর আফসোস আমার চেয়েও বেশি। যা হোক, ঈদের আগের সন্ধ্যায় হঠাৎ করেই খবর মিলল, পারলারমতো কিছু একটা পাওয়া গেছে। পাওয়া যে গেছে, তাতেই আমরা খুশি। গিয়ে দেখলাম, সাগরপারের এই দুর্গম উপজেলায়ও বাসা ভাড়া করে পারলার দাঁড়িয়ে গেছে। এদিকে আমার স্বামী বেচারা পুরো সময় বাইরে পাংশু মুখে দাঁড়িয়ে (অচেনা এলাকা বলে কথা)। ঘণ্টাখানেক পরে আমি বের হয়ে আসতেই ওর চেহারায় রক্ত ফিরে এল, যদিও মেহেদিটা এত বাজে হয়েছে যে, বলার নয়। কিন্তু তাতে কী? দুজনই আমরা বেজায় খুশি। বাইরে ততক্ষণে রাত; কাছেই সাগর। দুজন চলে এলাম সাগরপাড়ে। দিনের বেলাতেই এখানে লোকসমাগম কম হয়। এই রাতে, সাগরের শোঁ শোঁ শব্দে আমরা দুজন হাত ধরে হাঁটছি। ঢেউয়ের ফেনারাশি চাঁদের আলোয় চকচক করছে। প্রার্থনা জানালাম স্রষ্টার কাছে, ‘হে সর্বশক্তিমান, আমাদের জীবনকে পবিত্র ভালোবাসায় প্লাবিত করো।’আহা, সমুদ্রের কাছে দীর্ঘ সময় কাটানোর সঙ্গে আর কোনো কিছুর কি তুলনা হয়? মনে পড়ল, টেকনাফ থেকেই আরেক সন্ধ্যায় রওনা হয়েছিলাম শাহপরীর দ্বীপ। দেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে, নামে দ্বীপ হলেও আসলে জায়গাটা তিন দিক থেকে জলবেষ্টিত। সৌভাগ্যক্রমে সেদিন ছিল (ওর ভাষায়) ‘গৃহত্যাগী হওয়ার মতো পূর্ণিমা’। দিগন্ত ছাড়িয়ে পরিষ্কার আকাশে তীব্র রুপালি আলোর ছটা নিয়ে চাঁদ। ভাঙা রাস্তা, যাচ্ছিলাম গাড়ি নিয়ে। টেকনাফের দোকানপাট ছাড়িয়ে গ্রামের মধ্য দিয়ে কিছুদূর যেতেই এক আলোকময় অপার্থিব নিস্তব্ধতা আমাদের গ্রাস করে নিল। মোহাবিষ্ট হয়েছিলাম। ‘হেডলাইট নিভিয়ে দাও’ ড্রাইভারকে বলা ওর কথায় সংবিৎ ফিরে এল। অবিশ্বাস্য হলেও সত্যি, হেডলাইট ছাড়া এভাবেই চাঁদের আলোয় গাড়ি চালিয়ে এলাম আমরা বেশ খানিকটা। বাইরে চাঁদের হাতছানি; একটু না থামলেই নয়। বের হয়ে আসতেই রাস্তার দুই পাশে লবণচাষের খেতে স্তূপ করে রাখা লবণের ঢিবিগুলো রুপালি আলোয় চিকচিক করতে দেখলাম। আমাদের বাঁ পাশে কাছেই নাফ নদ, ডানে বঙ্গোপসাগর। আর কিছুদূর এগুলো নাফ নদের মোহনা ছাড়িয়ে সামনেও সাগর। ওখানকার এলজিইডির রেস্ট হাউসে যাওয়ার কথা আমাদের। অথচ সব ভুলে তিনজনই অভিভূত হয়ে দেখছিলাম, কীভাবে চাঁদ গলে গলে পড়ছিল বাংলাদেশের এই দূরতম কোণে। আমি যেন রবার্ট ফ্রস্টের কবিতায় চাঁদের আলোয় স্তব্ধ সেই মেয়েটি—‘Part of the moon was falling down the western sky/dragging down the rest along with it/She saw it, and led her apron to it...’নাহ্, খুব বেশি মনে পড়ছে ওর কথা। এদিকে হয়তো ইফতারের সময় হয়ে এল। হয় হোক, আমি আরও কিছুক্ষণ ওর কথা ভাবব। আচ্ছা, এবার ও আসবে তো ঠিক? ঈদেরও যে অনেক দেরি। সব ছেড়েছুড়ে কটা দিন আগেই আসুক না চলে। এদিকে বাইরে বৃষ্টির ছাট কমে আসছে। আরও একটি বাদল শেষের রাত—মনে হতেই মাথার ভেতরে অমিয় চক্রবর্তী হানা দিল—‘একদা এমনই বাদল শেষের রাতে/মনে হয় যেন শত জনমের আগে/সে এসে সহসা হাত রেখেছিল হাতে/চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে।’ আমি বিড়বিড় করে আওড়ে যাই। একবার, দুবার...বারবার। ভালোবাসা সব পারে। হয়তো ও আজই এসে পড়বে ঠিক। সেই কবেকার কোনো স্বপ্নের সন্ধ্যার মতো পেছন থেকে চোখ চেপে ধরে বলবে, সারপ্রাইজ! ‘ভালোবাসা এক দৃঢ় অঙ্গীকার, সত্যবদ্ধ অভিমান’।সুনীলের কবিতা ওর খুব প্রিয়; আমারও কি নয়? চোখ জ্বালা করে ওঠে আমার।দরজায় কার শব্দ শুনতে পাচ্ছি। বাইরে মনে হয় বৃষ্টি থেমে গেছে পুরোপুরি। দরজায় এবার ধাক্কা পড়ছে জোরেশোরেই। আমি চেয়ার ছেড়ে ত্রস্তপায়ে দরজার দিকে এগোই।মারইয়াম বিনতে রশীদসেক্টর-৭, উত্তরা, ঢাকা।