সদ্য প্রয়াত কবি শহীদ কাদরীর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাতে ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রমা আবৃত্তি সংগঠন নিজস্ব কার্যালয়ে আলোচনা ও আবৃত্তিসন্ধ্যার আয়োজন করে।
‘চন্দ্রমল্লিকার কবি, ভালো থেকো’ শিরোনামের এই অনুষ্ঠানে কবির জীবন ও কাব্য নিয়ে আলোচনা করেন সংগঠনের সভাপতি রাশেদ হাসান, কবি হুসাইন কবির, জিন্নাহ চৌধুরী, মনিরুল মনির, বিশ্বজিত পাল ও কঙ্কনদাশ।
অনুষ্ঠানে কবির সৃষ্টিকর্ম ও তাঁর জীবনবোধ নিয়ে আলোচনা করেন প্রমার সদস্য মঞ্জুর মুন্না। তিনি আবৃত্তি করেন কবির ‘রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন’ কবিতাটি। রাজু দাশ গুপ্ত আবৃত্তি করেন ‘ছুরি’, পার্থ প্রতিম মহাজন পড়েন ‘একটি উত্থানের গল্প’, ‘স্বাধীনতার শহর’ কবিতাটি আবৃত্তি করেন মৃন্ময়ী সাহা, নাজমুল আলিম শোনান ‘হন্তারকদের প্রতি’। ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ কবিতাটি পড়েন আবুল ফয়েজ, প্রকাশক জ্যোতি দত্তকে লেখা কবির একটি চিঠি পাঠ করে শোনান মমুরা মমতাজ ও রোমেনা আফাজ আবৃত্তি করেন কবির ‘আর কিছু নয়’ কবিতাটি। এ ছাড়া আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সেলিম রেজা ও কামরুজ্জামান কবিকে নিবেদন করে কবিতা পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালমা জাহান।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে পরলোকগমন করেন কবি শহীদ কাদরী।