চন্দ্রশেখর সাহা রেগে গেলে স্তব্ধ হন, মেয়ে চিৎকার করে কাঁদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজাইনার ও পরামর্শক চন্দ্রশেখর সাহা, কাজ করেছেন দেশের খ্যাতনামা নানা ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে। কাজ করে চলেছেন বাংলাদেশের ফ্যাশন ও লোকশিল্প নিয়ে। তাঁর মেয়ে অখিলা সাহা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিষয়ে পড়ছেন।
বাবা চন্দ্রশেখর সাহার সঙ্গে মেয়ে অখিলা। ছবি: অধুনা
বাবা চন্দ্রশেখর সাহার সঙ্গে মেয়ে অখিলা। ছবি: অধুনা

১. একজন আরেকজনের জন্য পোশাকের নকশা করেছেন?
চন্দ্রশেখর সাহা: বেশ কয়েকবার করেছি। মেয়ের বিয়ের পোশাকের নকশা ও আয়োজন করেছি, তবে সেটা তার পছন্দকে মাথায় রেখেই।
অখিলা সাহা: বাবাকে তাঁর পোশাক নিয়ে কিছু বলার সাহস নেই আমাদের (হেসে)। মা-ই পারলেন না এখনো। মাঝেমধ্যে তো তিনি দাগলাগা পাঞ্জাবি পরেও বেরিয়ে যান। তবে শীতকালে তিনি যেমন পোশাক পরেন, তা আমার খুবই ভালো লাগে। পাঞ্জাবি, কটি, মাফলার কিংবা চাদর পরেন। মাথায় থাকে টুপি।
২. একে অন্যের অনুরোধ রাখেন?
চন্দ্রশেখর: মেয়ের অনুরোধে হ্যাঁ বলা হয়ে ওঠে না।
অখিলা: মা দেশে না থাকলে হয়তো বাবা কোনো কিছু করতে বলেন। সেটা কিন্তু অনুরোধ নয়। শুধু বলে দেন কী করতে হবে।
৩. একে অন্যের জন্য উপদেশ বা পরামর্শ...
চন্দ্রশেখর: নিজের প্রতি, পরিবারের প্রতি, বন্ধুবান্ধব, সমাজ ও দেশের প্রতি আরও দায়িত্বশীল হোক। আমি ও আমার চেয়ে আমরা ও আমাদের শব্দ দুটি অনেক গভীর।
অখিলা: আমার ও আমার স্বামীর একটা কুকুর ছিল। ওটা বাবা নিয়ে গেছেন। সেই কুকুরটাকে বাবা খুব আদর করেন, সারাক্ষণ ওর যত্ন নেন। আমাদের সঙ্গে তাঁর যোগাযোগ অনেক কম। তিনি নিজের অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, আরও কথা বলবেন এটাই চাই আমরা।
৪. কোথায় বেড়াতে পছন্দ করেন?
চন্দ্রশেখর: বিশ্বময় যেকোনো জায়গায়। অজানাকে জানার আগ্রহে আমার কোনো ক্লান্তি নেই।
অখিলা: সমুদ্রসৈকত এবং সেটা কক্সবাজার। দেশের বাইরে কোনো সৈকত কেন জানি ভালো লাগেনি।
৫. প্রিয় সিনেমা, প্রিয় বই...
চন্দ্রশেখর: সিনেমা দেখতে খুবই পছন্দ করি। বই পড়াটাও একসময় নেশার মতো ছিল। দুটো বিষয়ে প্রিয় তালিকা অনেক দীর্ঘ। উল্লেখ করে নিজের অভিজ্ঞতা জাহির করতে চাই না। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের আত্মজীবনী পড়ে অসাধারণ লেগেছে। সম্প্রতি দেখেছি কলকাতায় তৈরি শব্দ সিনেমাটি। সিনেমা তৈরির সাউন্ড মিক্সিংয়ে যিনি শব্দ তৈরি করেন, তাঁকে নিয়েও এত সুন্দর সিনেমা তৈরি হতে পারে, ভাবাই যায় না।
অখিলা: বাংলা বই খুব কম পড়া হয়েছে। আমার প্রিয় বই পলো কোয়েলহোর লেখা ইলেভেন মিনিটস। রোমান্টিক কমেডি ধাঁচের সিনেমা দেখতে পছন্দ করি। কিছুদিন আগে দেখলাম ভারতীয় সিনেমা তামাশা। ভালো লেগেছে।

৬. প্রিয় শিল্পী (অভিনয়, সংগীত বা অন্য কোনো মাধ্যম)?
চন্দ্রশেখর: রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত কিংবা লোকসংগীত ভিন্ন ভিন্ন শিল্পীর গায়কিতে ভালো লাগে। রাগপ্রধান ও উচ্চাঙ্গসংগীতের প্রতি দুর্বলতা অনিঃশেষ। চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্যের অনেক ব্যক্তিত্বের অনুধাবন আমার প্রিয় বিষয়, বিশ্বজুড়ে। নাটক ইদানীং কম দেখা হয়। তবে আমাদের দেশের নাট্যব্যক্তিত্বরা সব সময় আমাকে মুগ্ধ করেছেন তাঁদের প্রতিভার দ্যুতিতে।
অখিলা: সাইদুল হক জুইসের ইনস্টলেশন কাজ খুব ভালো লাগে। আর ওয়াকিলুর রহমানের চিত্রকলা।

৭. প্রিয় বন্ধু...
চন্দ্রশেখর: মানুষ ও প্রকৃতি।
অখিলা: আমার স্বামী।

৮. প্রিয় খাবার...
চন্দ্রশেখর: প্রথমে বাংলাদেশের, তারপর অন্য যেকোনো দেশের খাবার। খাবারের স্বাদ নিতে আমার কোনো ধরাবাঁধা মনোভাব নেই।
অখিলা: কন্টিনেন্টাল ধাঁচের খাবার।

৯. রেগে গেলে কী করেন?
চন্দ্রশেখর: নীরব, স্তব্ধ হয়ে নিজেকে সেই মুহূর্ত থেকে আলাদা করে অন্য ভাবনার জগতে মন দেওয়ার চেষ্টা করি।
অখিলা: চিৎকার করে কাঁদি। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছি এমনও হয়েছে।

১০. একে অন্যের ওপর বিরক্ত হন কখনো?
চন্দশেখর: সব সময় নয়।
অখিলা: ঠিক বিরক্তি নয়। বাবার করা একটা টিভি শো একদমই ভালো লাগেনি। সেটা তাঁকে জানিয়েছিও। তিনি চুপ করে ছিলেন। একটু হেসেছেন।

১১. নিজের কোন স্বভাবটি সুযোগ পেলে পরিবর্তন করব?
চন্দ্রশেখর: ১৯৫৫ থেকে ২০১৫ প্রায় শেষ। সম্ভব হলে ভবিষ্যতে অনেক কিছুই পরিবর্তনের চেষ্টা করব। জানি না হবে কি না।
অখিলা: খুব আরামপ্রিয় ছিলাম। এটা একটু বদলানোর চেষ্টা করছি। ঘুম থেকে দেরি করে
উঠি, এটা বাবার একদম পছন্দ নয়। আরও কর্মঠ হতে চাই।

১২. একে অন্যকে কখনো বলা হয়নি যে কথাটা...
চন্দ্রশেখর: মানুষের জীবনে কোনো কিছুই তুচ্ছ নয়। স্বপ্নের সঙ্গে বাস্তবতার সত্যকে অনুধাবনে নিয়ে সবার প্রতি ভালোবাসাকে অনুভবের গভীরে নিয়ে যাও। সেই আনন্দকে গ্রহণ করে নিজেকে আরও সমৃদ্ধ করে জীবনে এগিয়ে যাও।
অখিলা: বাবার সঙ্গে আরও সহজ হতে চাই। তাঁর সঙ্গে অনেক কথাই বলতে চাই, কিন্তু সহজে বলতে পারি না। মা কিংবা অন্য কারও মাধ্যমে বলতে হয়। বাবা যেন আমাদের সঙ্গে আরও একটু যোগাযোগটা সহজ করেন।
সাক্ষাৎকার: রুহিনা তাসকিন