চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৪৪ বছর পর প্রথমবারের মতো জিমনেশিয়াম নির্মাণ করা হবে এবার। আগামী সেপ্টেম্বরে এর নির্মাণকাজ শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সর্বশেষ সভায় ভবনের নকশা প্রণয়নের জন্য শহীদুল্লাহ অ্যাসোসিয়েটসকে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিষ্ঠার এত বছর পরও জিমনেশিয়াম না থাকা দুর্ভাগ্যজনক। তবে আগামী অর্থবছরেই এর নির্মাণকাজ শুরু হবে। ইতিমধ্যে নির্মাণ-প্রক্রিয়া শুরু হয়েছে।’ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের’ অধীনে উপ-প্রকল্প হিসেবে এ জিমনেশিয়াম নির্মাণ করা হবে। ২০০৯ সালে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। জিমনেশিয়ামের জন্য নির্মাণ-ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৪৭০তম সভায় পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে। তিন মাসের মধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের নকশা জমা দেওয়ার কথা।’ ২০১৪ সালে জিমনেশিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান প্রকৌশলী আরও বলেন, ‘জিমনেশিয়ামে ক্রীড়াচর্চার আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হবে।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম জিমনেশিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু হয় ১৯৭৬ সালে। ওই বছরের ১ জানুয়ারি সরকার জিমনেশিয়াম নির্মাণের জন্য এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সমপরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ স্টেডিয়াম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া কমপ্লেক্স ও সুইমিংপুল নির্মাণ করা হয়। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর কিছুই হয়নি।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু সাঈদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘জিমনেশিয়ামের জন্য বরাদ্দ ধরা হয়েছে ছয় কোটি টাকা। সরকার ২০০৯ সালে এ উপ-প্রকল্পের অনুমোদন দেয়।’ জিমনেশিয়াম নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ভবন নির্মাণের মূল কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।