চমক সৃষ্টি করল সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের এইচএসসি পরীক্ষায় ৫৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পটিয়া উপজেলায় চমক সৃষ্টি করেছে পটিয়া সরকারি কলেজ। সাম্প্রতিক বছরগুলোতে এটি এ কলেজের সবচেয়ে বড় সাফল্য বলে মন্তব্য করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, উপজেলার ১০টি কলেজ থেকে দুই হাজার ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে এক হাজার ৫৬৭ জন। এর মধ্যে পটিয়া সরকারি কলেজ ছাড়া মনসা স্কুল অ্যান্ড কলেজের একজন মাত্র শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফল পাওয়ার পর পটিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। বৃষ্টি উপেক্ষা করে উল্লাস-নৃত্যে কলেজ প্রাঙ্গণ মাতিয়ে তোলে শিক্ষার্থীরা। কলেজ সূত্রে জানা যায়, পটিয়া সরকারি কলেজ থেকে এবার তিন বিভাগে ৯১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৭৭৫ জন। পাসের হার ৮৪ দশমিক ৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ জন, মানবিক বিভাগে দুজন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এ কলেজ থেকে সব বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছিল ১৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী অমিত বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘জিপিএ-৫ পাব এটা ধারণা ছিল। প্রাইভেট শিক্ষকের কাছ থেকে ফলাফলের সংবাদ শুনেই খুশিতে আত্মহারা হয়েছি।’ অমিত তাঁর সাফল্যের পেছনে নিজের পরিশ্রম এবং মা-বাবা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন। কলেজের অধ্যক্ষ এ এন ইউসুফ চৌধুরী বলেন, ‘এবারের ফলাফলে আমরা দারুণ খুশি। পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের ভালো পড়াশোনার কারণে এ রকম ফলাফল হয়েছে।’ ভবিষ্যতে এর চেয়েও ভালো ফলাফল হবে বলে আশা করেন তিনি। উপাধ্যক্ষ সজল কান্তি পাল বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে এ রকম ভালো ফলাফল এই কলেজে হয়নি। শিক্ষকদের পরিকল্পিতভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা ও রাজনীতিমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারায় ফল ভালো হয়েছে।’