চমকপ্রদ আইডিয়া নিয়ে এগিয়ে আসছেন তরুণ-তরুণীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অ্যাপস তৈরিবিষয়ক কর্মশালায় বক্তব্য দেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ডিজিটাল সার্ভিস ডিভিশন শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অ্যাপস তৈরিবিষয়ক কর্মশালায় বক্তব্য দেন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ডিজিটাল সার্ভিস ডিভিশন শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন

চিকিৎসাশাস্ত্র থেকে শিক্ষা খাত—এখন সবখানেই রয়েছে মোবাইল অ্যাপস। এ ক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। চমকপ্রদ আইডিয়া নিয়ে এগিয়ে আসছেন তরুণ-তরুণীরা। চট্টগ্রামের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) আয়োজিত অ্যাপস তৈরিবিষয়ক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
গত বুধবার সকালে অ্যাপস তৈরির নানা কৌশল নিয়ে ইডিইউর প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আয়োজন করে এ কর্মশালার। এতে প্রশিক্ষক ছিলেন প্রতিষ্ঠানটির ডিজিটাল সার্ভিস ডিভিশন শাখার ব্যবস্থাপক সালাহ উদ্দিন।
বক্তব্য দেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের কো–অর্ডিনেটর ইশতিয়াক আজিজ জাহেদ প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ মোবাইল অ্যাপসের বাজারে ৮০ বিলিয়ন ডলার বিশ্ববাজার থেকে নিজেদের হিস্যা আদায় করার লক্ষ্যে কাজ করছে। ইতিমধ্যে সাড়ে ৩ হাজার তরুণকে প্রশিক্ষণ দিয়ে ৫০০ মোবাইল অ্যাপস তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে রবির কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, অ্যাপস তৈরি করার জন্য একজন উদ্ভাবককে চিন্তা করতে হবে তিনি কোন ধরনের লোকজনের জন্য তা তৈরি করছেন। সমস্যার ধরন চিহ্নিত করার পাশাপাশি সেখান থেকে কী ধরনের তথ্য পেয়ে মানুষ উপকৃত হবে, তা খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরা এখন স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে অ্যাপস তৈরি করে সুনাম অর্জন করছেন। বিদেশেও চড়া দামে তা বিক্রি হচ্ছে। আগামী ১০ বছরে অ্যাপস নিয়ে বিশাল বাজার জমজমাট হয়ে উঠবে।
কর্মশালায় অংশ নেওয়া কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী আবদুল কাদের বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানের ক্ষেত্রে মোবাইল অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এ জন্য সরকারি ও বেসরকারিভাবে সুযোগ সৃষ্টির উদ্যোগ নিতে হবে।