
জাহিদ, রেইন, তুফান, মনির—সব বন্ধু মিলে ঠিক করেছে ১৯ সেপ্টেম্বর তারা কক্সবাজারে ঘুরতে যাবে। ফিরবে চার দিন পর। কিন্তু গাঁইগুঁই শুরু করেছে ফাহাদ। সে যেতে চায় ২২ সেপ্টেম্বরের পর যেকোনো দিন। আবার দেরি করে যাওয়ার কোনো ভালো অজুহাতও দাঁড় করাতে পারে না। তাই অন্য বন্ধুরা ফাহাদকে বেশ চাপাচাপি করতে থাকল ১৯ তারিখেই যাওয়ার জন্য। শেষটায় মন খারাপ করেই রাজি হলো ফাহাদ। ফাহাদের জন্মদিনটা যে বন্ধুরাও ভুলে গেছে, সেটা ফাহাদ নিশ্চিত হলো তাদের এই বেড়ানোর পরিকল্পনা দেখে। তাই ফাহাদও ঠিক করল, ২১ সেপ্টেম্বর তাঁর জন্মদিনের কথাটা কাউকে মনেও করিয়ে দেবে না সে। ফেসবুকের সেটিংস বদলে দিল, যাতে সেখানেও জন্মদিনের তারিখটা দেখা না যায়।
কক্সবাজারে গিয়ে ২০ সেপ্টেম্বর থেকে সবাই যখন সমুদ্রের পানিতে লাফ-ঝাঁপে মগ্ন, ফাহাদ তখন মন খারাপের ঝুড়ি নিয়ে সৈকতের চেয়ারে চুপ করে বসা। বন্ধুরাও একদম পাত্তা দিচ্ছে না তাকে। রাতে খাওয়ার পর ফাহাদ বাদে সবাই গেল সৈকতে। সে যাবে না বলে দিয়েছে। ২০ থেকে ২১ সেপ্টেম্বরে তারিখ গড়াতে বাকি আছে মিনিট দশেক। মনির এসে জোর করে সৈকতের পাড়ে তুলে নিয়ে গেল ফাহাদকে। বিশাল সৈকতে তখন একদম কোলাহল নেই। সারি সারি মোমবাতি জ্বলছে। কাছে আসতেই সবাই একসঙ্গে চিৎকার করে উঠল ‘হ্যাপি বার্থ ডে টু ইউ...’।
দুঃখের কান্না এবার আনন্দের জল হয়ে ঝরে পড়ল ফাহাদের চোখ থেকে। এত বড় সারপ্রাইজ! সৈকতে চারটি লাঠি পুঁতে ফুল দিয়ে সাজানো হয়েছে। একটা ঝুড়ির ওপরে রাখা হয়েছে কেক। ১২টা বাজতেই বন্ধুদের নিয়ে বিশাল সমুদ্রের পাড়ে কেক কাটল ফাহাদ। আসলে বন্ধুদের কক্সবাজার ভ্রমণের পুরো আয়োজনটি ছিল ফাহাদকে চমকে দেওয়ার জন্য। গত বছর ফাহাদের এই জন্মদিন উদ্যাপনের গল্প শুনছিলাম ঢাকায় বসে তাঁর বন্ধুদের মুখেই।
এ রকম অনেক বিশেষ দিনে তরুণেরা বন্ধু বা কাছের মানুষদের চমকে দিতে পছন্দ করে। তেমনই আরেকটা দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে বেরোনো মিঠুন, রিয়া ও তারেকদের। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তারেকের চাকরির খবরটি সে নাকি গোপন রেখেছিল যোগদানের পর পুরো এক মাস! প্রথম বেতন পেয়েই সে বন্ধুদের নিয়ে যায় এক পাঁচতারা হোটেলে। ডিনারের টেবিলে বসেই নাকি বলেছিল তার চাকরির খবরটা। বন্ধুরাও খাবার রেখে তাকে ইচ্ছেমতো কয়েক ঘা দিয়ে দিয়েছিল সেদিন। তবে সেটাতে আঘাত নয়, মজাই পেয়েছিল তারেক।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ফারহানের কাছে জানা গেল আরেকটি চমকে দেওয়ার ঘটনা। নাঈম জানাল, আমার এক বান্ধবী কয়েক বছর আগে টানা ৪০ দিন অসুস্থ হয়ে বিছানায় ছিল। এবার তাই তার সেই অসুস্থতার দিনে আমরা ৪০টা গোলাপ দিয়ে তাকে চমকে দিয়েছিলাম। ছিল ৪০ পদের খাবারের আয়োজন।’
কোন ধরনের দিনগুলোতে এমন আয়োজন হয়, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ পারভেজ বলেন, ‘যেকোনো সারপ্রাইজেই মানুষ খুশি হয়। সাধারণত কারও জন্মদিন, প্রেমে পড়ার দিন, বিবাহবার্ষিকী, চাকরি পাওয়া, বিদেশে যাওয়া, পুরস্কার পাওয়া ইত্যাদি মনে রাখার মতো বিশেষ দিনগুলোতে এটা করি আমরা। দিনটাকে মনে করে প্রিয় মানুষকে খুশি রাখা যায়। আর মানুষ বিস্মিত হতে পছন্দই করে।’
অনেকে বৈচিত্র্যময় উপহার দিয়ে চমকে দিতে ভালোবাসেন বন্ধুদের। হয়তো মস্ত বড় একটা প্যাকেট করে তাঁর ভেতরে বন্ধুকে দেওয়া হলো একটা শিশুশ্রেণির বই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী পুষ্পিতা হক জানালেন তেমন একটি চমকে দেওয়ার গল্প। পুষ্পিতা তাঁর সবচেয়ে কাছের বন্ধু মেঘলাকে জন্মদিনের উপহার হিসেবে একটা ব্যাগ পাঠান। সেটা আবার ১০ টাকায় কেনা প্লাস্টিকের বাজারের ব্যাগ। ব্যাগের ওপরের দিকে ছিল মেঘলার পছন্দের সবজি এক আটি পুঁইশাক। ব্যাগটা নিয়ে মেঘলা নাকি চমকে উঠেছিল। কারণ, শাকের আটির নিচে একটা সুন্দর কামিজ উপহার দিয়েছিল পুষ্পিতা।
ফেসবুকের পোকা জুবায়ের কবিরের মতো অনেকে আবার ফেসবুকের তালিকা থেকে কাছের বন্ধুদের জন্মদিনে তাঁকে নিয়ে লেখেন নোট বা স্ট্যাটাস। সঙ্গে দিয়ে দেন একটা সুন্দর ছবি। এটাতেও নাকি অনেকে খুশি হয়। কেউ কেউ আবার মা-বাবার জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিশেষ দিবসে তাঁদের জন্য কিনে আনেন উপহার। অথবা নিজ হাতে রান্না করেন মা-বাবার পছন্দের খাবার। কোনো রান্না না জানা সন্তানের হাত পুড়িয়ে রান্না করা খাবারের মেন্যু দেখে চমকে ওঠেন বাবা-মায়েরাও। এই সময়ের তরুণেরা বন্ধু বা কাছের মানুষদের এমন চমকে দিতে ভালোবাসেন হরহামেশা।