চরণ ছুঁয়ে যাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে তখন আমি সদ্য আগত। রাস্তাঘাট চিনি না, কোনো বাঙালির সঙ্গে তেমন একটা হাই-হ্যালো নেই আর পকেট গড়েরমাঠ। সেই সময় নিউইয়র্কের এই তামাটে মাটি আমার জন্য ছিল নিতান্তই পাথুরে আর প্রাণহীন। নিউইয়র্কের এস্টোরিয়া ৩৪ স্ট্রিট আর ৪৪তম সড়কের দুই বেডরুমের বাসায় গাদাগাদি করে আমরা চারটা প্রাণী কোনো রকম মাথা গুঁজে থাকি। এর মধ্যে মজিবুর ভাই হুজুর মানুষ এ-বাড়ি ও-বাড়ি বাঙালি ছেলেমেয়েকে আরবি পড়ান, মাহবুব ভাই ট্যাক্সি চালান, ফজলু ভাই একটা মুদির দোকানে কাজ করেন আর আমি মাথা থেকে পা পর্যন্ত বেকার। আমাদের মতো এই ফরেন স্টুডেন্ট নামধারীদের (যাদের বাপের সাধ্য নেই সন্তানদের টাকা-পয়সা দিয়ে কোনো সহযোগিতা করার) একদিকে যেমন নুন আনতে পান্তা ফুরায়, অন্যদিকে টিউশন ফি নামের বস্তুটি সারাক্ষণ মাথার চারপাশে ভোঁ ভোঁ করে চক্কর দিতে থাকে। প্রতিদিন কাজের সন্ধানে বের হই আর মন খারাপ করে আবার সন্ধ্যায় ছোট্ট ঘর নামের এই খোপটায় আস্তানা গাড়ি। এরমধ্যেই ঘটনা একটা ঘটল। আমার প্রতিবেশী টেরি নামের এক ভদ্রলোকের সঙ্গে আমার বেশ সখ্য হয়েছিল। টেরি ছিলেন একটা রেসু্বরেন্টের ম্যানেজার। আমি কথায় কথায় একদিন টুক করে তাকে বলে রেখেছিলাম আমার কথাটা। একটা কাজ চাই, ভাই। টেরি হয়তো আমার করুণ চেহারাটা ঠিক তাঁর মাথায় রেখে দিয়েছিলেন। এক বিকেলে টেরির সঙ্গে দেখা হতেই মুচকি হেসে আমাকে বললেন, তাঁর রেস্টুরেন্টে কিছু ওয়েটার নেওয়া হবে। আমি কাজটা করতে পারব কি না। আমি ব্যাকুলভাবে ‘হ্যাঁ’ বলতেই টেরি ঝটপট আমাকে বলে দিলেন, আমার একটা ট্যাক্সেডো প্যান্ট, একটা শার্ট, একটা বো-টাই আর একটা ভালো কালো জুতা লাগবে। এ কটা জিনিস নিয়ে আমি যেন তাঁর সঙ্গে শনিবার সকালে দেখা করি। আমি তো খুশিতে আটখানা। মা লক্ষ্মী বুঝি শেষ পর্যন্ত আমার দিকে তাঁর সদয় দৃষ্টি নিয়ে তাকালেন! কিন্তু হঠাৎ যেন মাথায় বাজ পড়ল! এই ট্যাক্সেডো প্যান্ট-শার্ট আর জুতা-মোজা কিনতে এত টাকা আমি পাব কোথায়? পকেট যে ফাঁকা! তখন নিউইয়র্কে চেনা-পরিচিত এমন কেউ নেই, যার কাছ থেকে ২০০ ডলার ধার করা যায়। মনের দুঃখে সন্ধ্যার পড়ন্ত আলো সঙ্গে নিয়ে চুপচাপ ঘরে বসে আছি। আমি আমার রুমমেটদের সবার ঘরেরই খবর রাখি। সবাই যাকে বলে মজলুম। টাকা-পয়সা নিয়ে সবাই কমবেশি কষ্টে আছেন। টেনেটুনে কোনোমতে অল্প কিছু টাকা বাংলাদেশে প্রিয়জনদের জন্য পাঠান। তাই আমি তাঁদের কাছে টাকা ধার চাওয়ার কথা ভাবতেই পারিনি। কিন্তু এগিয়ে এলেন আমাদের ফজলু ভাই। আগেই বলেছি, ফজলু ভাই স্থানীয় একটা মুদির দোকানে কাজ করেন। খুব সামান্য কটা টাকা পান। তার ওপর বাংলাদেশে উনার স্ত্রী অসুস্থ। মোটা অঙ্কের টাকা পাঠাতে হয় তাঁকে। কিন্তু তিনিই এগিয়ে এলেন। ফজলু ভাই নাছোড়বান্দা। ‘আদনান সাব, আপনি এভাবে মন খারাপ কইরা থাকলে তো চলবো না। কী অইছে কন, দেখি কিছু একটা করন যায় কি না!’ আমাকে শেষ পর্যন্ত বলতে হলো সব কথাই। আমার এই কথা শুনে ফজলু ভাই কিছুক্ষণ কী যেন ভাবলেন। আড়াল করে চোখটা মুছলেন। তারপর আমাকে টেনে জোর করে তাঁর রুমে নিয়ে গেলেন। ‘আদনান সাব, এই কথাডা আপনে আমারে কইবেন না? এই লন ২০০ ডলার। আপনার যখন খুশি তখন ফেরত দিয়েন।’ ফজলু ভাই আমার আর কোনো আপত্তিই শুনলেন না। শেষ পর্যন্ত আমাকে প্রচণ্ড একটা ধমক দিয়ে দিলেন। ‘আপনারে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। আমারে যদি বড় ভাইয়ের মতো মানেন, তাইলে আর একটা কোনো কথাও আমি শুনতে চাই না। ইনশা আল্লাহ, আপনার ভাবির চিকিৎসা নিয়ে কোনো সমস্যা অইবো না। আমি আর ‘না’ করার সাহস পেলাম না। সেদিন সেই মুহূর্তে চোখের পানি ধরে রাখতে পারিনি। সেদিনের সেই ২০০ ডলার ছিল আমার জীবনের এক অমূল্য সম্পদ। পরদিন সেই টাকা দিয়ে টক্সেডো প্যান্ট-শার্ট, জুতা-মোজা সবকিছুই কেনা হলো। ওয়েটারের কাজটাও পেয়ে গেলাম। প্রথম বেতন পেয়ে সেই ধারের টাকাটা সেই ফজলু ভাইয়ের হাতেই ফেরত দিলাম। সবকিছুই হলো। ফজলু ভাইয়ের সেই যে আদরমাখা হাত, সেই ভালোবাসায় ভরা দুটো চোখ, সেই দৃশ্য আমি ভুলি কী করে? অনেক দিন পর্যন্ত ফজলু ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল। সেদিন জানা গেল, তিনি নাকি স্থায়ীভাবেই বাংলাদেশে চলে গেছেন। ফজলু ভাই, খুব জানতে ইচ্ছে করে আপনার কথা। আপনি ভালো আছেন তো? কেন জানি আজ বারবার আপনার চরণ দুটো খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করে। আদনান সৈয়দ, নিউইয়র্ক থেকে