ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচ থেকে নাক বরাবর উত্তরে ৮০ মাইল দূরে লেক মিয়াকা নামের ছোট্ট একটি গ্রাম। একদম বাংলাদেশের মতো সবুজ। রাস্তার দুই পাশে বিভিন্ন রকম সবজি, ভুট্টা, আখ আর নাম না জানা গাছগাছালিতে ভরা। আর রাস্তার পাশেই ছোট ছোট নর্দমার মতো জায়গাগুলোর পাশেই কুমিরের ছবিসহ সাইনবোর্ডে সতর্কীকরণ বাণী ‘আই অ্যাম হিয়ার’। তখন বুঝতে বাকি থাকে না যে এই কুমিরগুলোর সম্ভাব্য বাসস্থান এখানেই। আমাদের গাড়ি চলছে লেক মিয়াকার ঠান্ডা হাওয়া কেটে কেটে, আমোদের আনন্দে দুলতে দুলতে। হঠাৎ করেই আমাদের গাড়ির চালক বন্ধু বাবুর মাথায় যেন বাজ পড়ল, ‘সর্বনাশ! গাড়ির তেল শেষ হয়ে গেছে।’ তার কথা শুনে আমরা যারা তার সহযাত্রী, সবার চোখেই তখন সর্ষের ফুল। এই অজপাড়াগাঁয়ে এখন তেল পাই কোত্থেকে? লেক মিয়াকার মিষ্টি ফুরফুরে বাতাস নিমেষেই যেন আমাদের কাছে বিষের মতো হয়ে উঠল। আমাদের সবারই চোখ তখন কোনো গ্যাসস্টেশনের সাইনের দিকে। এলোপাতাড়ি ঘোরাঘুরি করতে করতে হঠাৎ একটা সবুজ রঙের সাইনবোর্ড আমাদের চোখে পড়ল। ‘ইমার্জেন্সি হেল্প লাইন’। আমাদের প্রাণে যেন শক্তি খুঁজে পেলাম। সেখানের দেওয়া নম্বর থেকে জানা গেল, মাইল দশেক দূরে একটা গ্যাসস্টেশন আছে। শেষ পর্যন্ত সেই ভালোবাসার গ্যাসস্টেশনে আমরা যখন হাজির হলাম, তখন আমাদের পেট যেন গড়ের মাঠ। প্রথমেই কিছু খাবারের ঝটপট অর্ডার দিতে গিয়েই ক্যাশ বাক্সের সামনে দাঁত বের করে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটির দিকে তাকিয়ে একটু অপ্রস্তুত হয়ে গেলাম। লেক মিয়াকার মতো এই অজপাড়াগাঁয়ে এভাবে বাঙালির দেখা পাব, এটা ছিল আমাদের কল্পনার বাইরে। কিন্তু বাঙালি না হয়ে তিনি তো ভারতীয় হতে পারেন! এ ধরনের একটা সন্দেহ নিয়ে যখন খাবারের মেন্যুতে চোখ বোলাচ্ছি, তখন আমাদের সন্দেহকে ভুল প্রমাণ করে তিনি চিকন কণ্ঠে আমাদের সম্বোধন করলেন, ‘ভাই, আপনেরা কি বাঙালি?’ আহা! এই বদ্ধ গ্রামে শিয়ালটিয়ালের দেশে এভাবে কোনো বাঙালি যখন আপনাকে সম্বোধন করবে, তখন সত্যি আহ্লাদে গদ গদ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিনয়ের সঙ্গে আমরা সবাই একসঙ্গেই বললাম, ‘জি!’ কিন্তু মুখ ফসকে যেই বললাম ‘আমরা বাঙালি’, তখন ভদ্রলোকের চোখের তারায় যেন ঝিলিক খেলে গেল। টুক করে ফোনে কার সঙ্গে যেন একটু কথাও বলে নিলেন। তারপর ক্যাশ বাক্সের দায়িত্ব একজন ল্যাটিনোকে বুঝিয়ে দিয়ে তিনি আমাদের আপ্যায়নে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন—সাধারণত যা হয় বাঙালিরা এক হলে। কিচিরমিচির আর হইহট্টগোলে লেক মিয়াকার সেই ছোট্ট গ্যাসস্টেশন কাম ডেলির ছোট জায়গাটা যেন নিমেষেই জ্যাকসন হাইটস হয়ে গেল। জানা গেল, এই বাঙালি ভদ্রলোক অর্থাৎ আমাদের রহমান ভাই এই দোকানের মালিক। এখানেই পাশের একটি গ্রামে বউ-বাচ্চা নিয়ে বেশ আছেন। কালেভদ্রে তিনি শহরে আসা-যাওয়া করেন। তবে গ্রামে থাকতেই তিনি ভালোবাসেন। আমরা অনেক আড্ডা দিয়ে মনের মতো ভূরিভোজ করে আর গাড়িতে ইচ্ছামতো তেল ভরে যখন রহমান ভাইকে বললাম আমাদের বিলটা দেওয়ার জন্য, তখন মনে হলো, তাঁর ফর্সা মুখে কেউ যেন একগাদা কালির ছোপ এঁটে দিল। ‘আপনারা এমন কথা বলতে পারলেন? এই হলো আপনাদের বাঙালিত্ব?’ রহমান ভাইয়ের গলায় অভিমানের সুর। কিন্তু আমাদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। রহমান ভাই বললেন, ‘আপনাদের ভাবি ভালো রান্না-বান্না করে। আজ আমার বাসায় সামান্য ডাল-ভাতের আয়োজন করা হচ্ছে। আপনাদের ভাবির আদেশ, আপনারা সবাই এই গরিবের বাড়িতে যদি...’ সত্যি বলতে উনি এমনভাবে বললেন, আমাদের কারও পক্ষেই আর ‘না’ উচ্চারণ করার সাহস বা শক্তি কিছুই ছিল না। রহমান ভাই, আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছেন, আশা করি? আপনি কি জানেন, আপনার মতো এই মহৎ হূদয়ের বাঙালিরা অতিথিপরায়ণ আছেন বলেই আমরা এখনো বাঙালিদের নিয়ে গর্ব করি, পরস্পরকে নিত্য ভালোবাসি?আদনান সৈয়দ