ঠিকানাটায় আবারও চোখ বুলিয়ে নিলাম। ব্রুকলিন, ডিকাল্ব এভিনিউ আর রেস্টুরেন্টের নাম জুনিয়র রেস্টুরেন্ট। দেখা করতে হবে হাসান নামের এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে। তিনিই আমাকে সবকিছু বুঝিয়ে-টুঝিয়ে দেবেন। আমি তখন থাকি কুইন্সের এস্টোরিয়ার একটা দুই বেডরুমের অ্যাপার্টমেন্টে আরও পাঁচজন বাঙালির সঙ্গে অনেকটা গাদাগাদি করে।এস্টোরিয়া থেকে ‘আর’ ট্রেনে লেক্সিংটন, তারপর সেখান থেকে ডাউনটাউনগামী ‘ডি’ ট্রেনে সোজা ডিকাল্ব এভিনিউ। পথটা ছিল সোজা। কিন্তু কাজটা ছিল কঠিন। জুনিয়র রেস্টুরেন্টে ওয়েটারের একটা কাজ। এ ধরনের কাজের কোনো রকম পূর্ব অভিজ্ঞতা আমার নেই। যেমনটা কোনো প্রবাসীরই সাধারণত থাকে না। তার ওপর আবার রোজার মাস। রোজা রেখে শরীর এমনিতেই ক্লান্ত। এত কষ্ট শরীরে সইবে তো? কিন্তু সইতে হবেই। টাকা প্রয়োজন। হাজার রকম কল্পনার জাল বুনে সদ্য প্রকাশিত ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের পাতায় চোখ বুলাতে বুলাতে খুব অল্প সময়ের মধ্যেই চলে গেলাম ডিকাল্ব এভিনিউয়ের জুনিয়র রেস্টুরেন্টে। মনে প্রচণ্ড দ্বিধা। কাজটা পারব তো? কেমন জানি মনের মধ্যে এক ধরনের আত্মসম্মানবোধ কাজ করছিল। বারবার নিজের সঙ্গেই কথা বলছিলাম আমি। আদনান, শেষ পর্যন্ত এই ওয়েটারের কাজ জুটল তোমার কপালে? ভাবতে ভাবতে কখন যে আমি রেস্তোরাঁর কাউন্টারের সামনে চলে এসেছি, তা ভাবতেই পারিনি। রেস্তোরাঁর ম্যানেজারের নাম ইভান (নামটা এখনো স্পষ্ট মনে আছে), আমাকে দেখেই একগাল হাসি ফুটিয়ে বললেন যে আমাকে কোনো রকম সহযোগিতা করতে পারেন কি না। আমি বিনয়ের পরাকাষ্ঠা দেখিয়ে শুধু বললাম যে হাসান নামের একজনের সঙ্গে দেখা করতে চাই। আমাকে অপেক্ষা করতে বলেই ম্যানেজার মশাই প্রচণ্ড ভিড় আর হইচইয়ের মধ্যে হারিয়ে গেলেন। অল্প কিছুক্ষণ পরই এক বাংলাদেশি ভদ্রলোক খুব দ্রুত হন্তদন্ত হয়ে আমার কাছে এলেন। বুঝতেই পারছিলাম যে তিনি খুব ব্যস্ত। তিনিও এখানে কাজ করেন। আমি পরিচয় দিতেই তিনি আমাকে বললেন যে আমার সম্পর্কে আগে থেকেই তাঁর কাছে বলা আছে। আমি যেন এ নিয়ে একদম কোনো রকম চিন্তা না করি। তিনি সব ব্যবস্থা করবেন। আমি তাঁর কথায় অনেকটুকু আশ্বস্ত হলাম। প্রথমেই তিনি আমাকে নিয়ে গেলেন সেই ইভান নামের ম্যানেজারের কাছে। তাঁদের মধ্যে কিছুক্ষণ কথা, ফিসফাস, কথা চালাচালি হওয়ার পর হাসান ভাই আমাকে এসে বললেন, ‘আপনার কাজ হইয়া গেছে, আজকাই জয়েন করেন।’ আমি তো একটু অবাক। হাসান ভাই হাসিমুখে আমাকে আবারও অভয় দিলেন—শুধু নিশ্চিত করলেন যে ‘ইংরেজিতে ভালো কইরা কথা কইলেই চলব। আর আপনি তো ভাই মোর দ্যান কোয়ালিফাইড। আর আমি আছি না?’ আমি প্রয়োজনীয় অফিশিয়াল কাগজপত্রগুলো পূরণ করে রেস্তোরাঁর খাবারের তালিকা মুখস্থ আর ওয়েটারের যাবতীয় টুকটাক কাজকর্মে ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ পর আবার দেখি, হাসান ভাই হন্তদন্ত হয়ে আমার দিকে আসছেন। ‘আদনান ভাই, আমি বলতে ভুইলাই গেছি। আপনি খাওয়াদাওয়া কিছু করছেন?’‘হাসান ভাই, সেটা নিয়ে আপনি ভাববেন না। আর আমি রোজা রেখেছি।’ আমি বললাম। ‘আরে কন কী, ইফতারের টাইম তো পার হইয়া গেল। আপনি আছেন কই। রাখেন আপনার কাম-কাইজ। আমারে ফলো করেন।’ আমার চোখে পানি আসার উপক্রম হলো। সত্যি ইফতারে সময় হয়ে গিয়েছিল। আর আমারও কোনো খেয়াল ছিল না। কিন্তু এই মানুষটা যে কিনা আমাকে ঘণ্টা দুয়েক আগেও চিনতেন না আর এখন আমার সঙ্গে কী ব্যবহারটাই না করছেন! তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি আমার কত দিনের চেনা, আর কতই না আপন এক সজ্জন! মনে আছে, হাসান ভাই সেদিন আমাকে একটা ছোট্ট রুমে জোর করে বসিয়ে তাঁর কাজকর্মকে উপেক্ষা করে এক গ্লাস ঠান্ডা পানি, কিছু আঙুর, এক টুকরো চিজ কেক (জানিয়ে রাখি, জুনিয়র রেস্তোরাঁর চিজ কেক এখনো নিউইয়র্কের মধ্যে বিখ্যাত) আরও কত কী খাবারদাবার নিয়ে আমাকে বসিয়ে আবার নিজের কাজে হন্তদন্ত হয়ে চলে গেলেন। যাওয়ার আগে শুধু বললেন, ‘শোনেন, আরাম করে ইফতার করেন। কাজ নিয়ে কোনো রকম চিন্তা করবেন না। এই দিকটার সবকিছু সামলানোর দায়িত্ব আমার।’সেই দিন থেকে বিশ্ববিদ্যালয় খোলা পর্যন্ত আমার সৌভাগ্য হয়েছিল এই উদার মনের মানুষটার সঙ্গে কাজ করার, কথা বলার। আদনান সৈয়দ[email protected]