চরপাথরঘাটায় সেতু ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর দক্ষিণ পাড়ে পশ্চিম পটিয়ায় চরপাথরঘাটা খালের ওপর চরপাথরঘাটা-চরলক্ষ্যা ইউনিয়ন সংযোগ সেতু (ধোপপুল) ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছে। ব্যবসা, চাকরি, শিক্ষা ও যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। যাতায়াতের অসুবিধার জন্য জরুরি মুহূর্তে রোগীরা দ্রুত চিকিৎ সাসেবা পাচ্ছে না। ভোগ্যপণ্য ও স্থানীয় কৃষকদের উৎ পাদিত পণ্য পরিবহন কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আশির দশকে নির্মিত সেতুটিতে গত বছর থেকে ফাটল দেখা দেয়। মেরামত না করায় ফাটল বড় হতে হতে গত মে মাসের শেষ সপ্তাহে সেতুটির এক পাশ ভেঙে যায়। সংযোগ সড়কের মাটিও সরে গেছে। ফলে সেতুর দুই পাড়ের যোগাযোগ বন্ধ রয়েছে। প্রতিদিন এ সেতু দিয়ে চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের ১২ থেকে ১৫ হাজার মানুষ যাতায়াত করে।চরপাথরঘাটা এলাকার বাসিন্দা ও মানবাধিকারকর্মী মহিউদ্দিন আজাদ বলেন, ‘ফাটল থাকা অবস্থায় মেরামতের জন্য উভয় ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি। কিন্তু মেরামত করা হয়নি। পরবর্তী সময়ে সেতু ভেঙে যাওয়ার পরও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি।’চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার কমে গেছে। অভিভাবক শামসুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় হয়। ভাড়াঘরের মালিক ও স্থানীয় বাসিন্দা মুহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘বাড়িভাড়া থেকে আয় হচ্ছে আমার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ার পর অধিকাংশ ভাড়াটিয়া ঘর ছেড়ে চলে গেছে।’ মোহছেন আলীপাড়ার বাসিন্দা আবদুস সাত্তার জানান, খালের ওপর সেতুটি ভেঙে যাওয়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও টেক্সটাইল কোম্পানির কর্মকর্তা শাম্মী আকতার বলেন, ভেঙে যাওয়া সেতুটি কর্মজীবী নারীদের জন্য বড় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। সেতুসংলগ্ন ধোপপুল বাজারের বেকারি মালিক জানে আলম জানান, ‘অনেক কোম্পানি তাদের পণ্য নিজস্ব পরিবহন-ব্যবস্থায় দোকানে দিয়ে যেত। কিন্তু সেতুটি ভেঙে যাওয়ার পর তা সম্ভব হচ্ছে না। ফলে অনেক পণ্য চাহিদা থাকা সত্ত্বেও বিক্রি করতে পারছি না।’ চরপাথরঘাটার নবনির্বাচিত ইউপি সদস্য গিয়াস উদ্দীন বলেন, এ সেতুটি চরপাথরঘাটা-চরলক্ষ্যাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি ভেঙে যাওয়ায় এলাকাবাসী চরম কষ্ট ও ভোগান্তিতে পড়ে। সেতুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছে। চরলক্ষ্যা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আলী জানান, জনসাধারণের ভোগান্তি লাঘবে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও সাংসদের সঙ্গে যোগাযোগ করে অতি দ্রুত সেতু মেরামতের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পটিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নাজিম উদ্দিন জানান, ‘সম্প্র্রতি সেতুটির দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করেছি। কিন্তু প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া যাচ্ছে না।’