চরফ্যাশনে ডিজিটাল নানা উদ্যোগ
ভোলার প্রত্যন্ত উপজেলা চরফ্যাশন।এখানে বিভিন্ন কাজে শুরু হয়ে গেছে কম্পিউটারের নানান ব্যবহার।২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছে সরকার, তা ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উদ্যোগে চরফ্যাশনকে ডিজিটালউপজেলায় রূপান্তরের কাজ চলছে এখন। উপজেলার নানা কাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার এই উপজেলাকে নতুন মাত্রা দিয়েছে।চরফ্যাশনের বিভিন্ন পর্যায়ের কার্যালয়গুলোর জন্য খোলা হয়েছে ই-মেইল ঠিকানা।এর মধ্যে উপজেলা প্রশাসনের ২৯, ইউনিয়ন পরিষদের ১৪, ইউনিয়ন ভূমি অফিসের আট, কলেজের নয়, সিনিয়র মাদ্রাসার ১৮, দাখিল মাদ্রাসার ৫২, মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ এবং ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যেই ই-মেইল ঠিকানা ও এর ব্যবহার শুরু হয়েছে।উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ই-মেইল ঠিকানা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলার ১৬৭টি কমিটির সদস্যদের নামের তালিকা মোবাইল মুঠোফোন নম্বরসহ উপজেলার প্রতিটি দপ্তরের পৃথক তথ্য, কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বিবরণ, সিটিজেন চার্টার তৈরি করা হয়েছে কম্পিউটারে।২৩ সেপ্টেম্বর সরেজমিনে চর মানিকা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে স্থানীয় ছাত্রছাত্রীরা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করছে। অনেকেই ইন্টারনেটের মাধ্যমে প্রবাসে থাকা প্রিয়জনদের সঙ্গে চ্যাট বা ভয়েস চ্যাট করছে। ইউনিয়ন পরিষদের সচিবের কাছ থেকে জানা গেল, এ ইউনিয়ন পরিষদের যাবতীয় কর্মকাণ্ডের তথ্য ইন্টারনেটের মাধ্যমে উপজেলা পরিষদকে জানানো হয়।নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, তাঁর পরিষদে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয়েছে। প্রতিদিন এলাকার ছাত্রছাত্রীরা সেবাকেন্দ্রে সেবা নিয়ে থাকে। এ ছাড়া প্রতি মাসের সভার কার্যবিবরণী উপজেলা পরিষদে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়।চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদের সচিব মোকাম্মেল হক বলেন, ‘দুর্গম এ এলাকার অফিসের সঙ্গে যোগাযোগের সহজ ও দ্রুত পদ্ধতি হলো ই-মেইল।বিদ্যুৎহীন এ ইউনিয়নে সৌরশক্তির মাধ্যমে কম্পিউটার চালানো হয়। ’দক্ষিণ আইচা রব্বানীয়া আলিম মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মো. তাজগীর হোসেন বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে মাদ্রাসার ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের ভিজিএফ, ভিজিডি ও বয়স্কভাতা প্রাপ্তদের নামের তালিকা কম্পিউটারে ডেটাবেস আকারে রাখা হচ্ছে।প্রতিটি ইউনিয়নে একটি কম্পিউটার, একটি ডিজিটাল ক্যামেরা, একটি ফটো প্রিন্টার, একটি ইন্টারনেট মডেম দেওয়া হয়েছে। গত ১ আগস্ট ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের তথ্যসেবাকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।চরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, প্রতিটি ইউনিয়নে নিজস্ব উদ্যোগে তথ্যসেবাকেন্দ্র চালু করা হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ভোলার জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম বলেন, ‘চরফ্যাশন উপজেলার ডিজিটাল কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। আমি সরেজমিনে চর কুকরি মুকরি ইউনিয়নের ডিজিটাল কার্যক্রম পরিদর্শন করি এবং উপজেলা তহসিলদারদের তিন দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার কাছে খুব ভালো লেগেছে।’ তথ্যপ্রযুক্তির ব্যবহারে দুর্গম এই উপজেলার মানুষ গোটা পৃথিবীর সব তথ্য সহজেই পাবে, যেকোনো জায়গার মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে—এমনটাই প্রত্যাশা সবার।