চরমে গ্রিসের সংকট
মধ্য এথেন্সের এক পথের পাশে প্লাস্টিকের বস্তার ওপর বসে ছিলেন ইয়ান্না। গ্রিক এই নারী খ্ুঁজছিলেন রাতের আশ্রয়। একদা সবই ছিল ইয়ান্নার। মাত্র এক বছর আগেই চিয়স দ্বীপে একটি ছোট্ট ওয়াইনের দোকান চালাতেন তিনি। সর্বব্যাপী অথনৈতিক মন্দা সবকিছুই শেষ করে দিয়েছে। উপায়ান্তর না দেখে ৩৭ বছর বয়সী ইয়ান্না ভাগ্যের সন্ধানে এসেছিলেন রাজধানী এথেন্সে। যদি একটা কাজের সন্ধান মেলে! কিন্তু, হায়! কয়েক মাসেও সুবিধামতো কাজ মিলল না। সঙ্গে যে সামান্য টাকা-পয়সা ছিল, দেখতে দেখতে ফুরিয়ে গেল। একদিন সঙ্গের জিনিসগুলো বস্তায় ভরে রাস্তায় ঠাঁই নেওয়া ছাড়া উপায় রইল না ইয়ান্নার। ইয়ান্না যেন আজকের পুরো গ্রিসেরই প্রতিচ্ছবি। তাঁর মতো আজ পথে বসেছে গ্রিস রাষ্ট্র। টানা এক বছরেরও বেশি সময় ধরে বিরামহীন পদক্ষেপ নেওয়ার পরও দেশটি আজ ঋণখেলাপি হওয়ার পথে। ব্যয়হ্রাসসহ সরকারের নানা পদক্ষেপে সংকট তো কাটেইনি; উপরন্তু এর বলি হয়েছে সাধারণ মানুষ। ভঙ্গুর অর্থনীতি আরও ভেঙে পড়েছে। দেশের মোট জনসংখ্যার ১৬ শতাংশ এখন বেকারত্বের অভিশাপে পুড়ছে। তরুণদের ক্ষেত্রে এর হার আরও ভয়াবহ! ৪০ শতাংশ। অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত ঋণখেলাপি ও গৃহহীন মানুষের সংখ্যা এবং আত্মহত্যার হার আশঙ্কাজনক হারে বাড়ছে। গ্রিস বলেছে, তারা আরও ৩০ হাজার সরকারি কর্মী ছাঁটাই করবে। এ ছাড়া সম্পদের ওপর নতুন কর আরোপ করার ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপের নেতারা যেখানে পুরো মহাদেশের সামস্টিক অর্থনীতি রক্ষায় ব্যতিব্যস্ত, সেখানে গ্রিসের জনগণের একটা বড় অংশ এখন কঠিন সমস্যার জাঁতাকলে পিষ্ট। এথেন্স ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ করপোরেশনে কর্মরত পরিবেশ বিজ্ঞানী আনিতা পাপাক্রিস্টোপুলো বললেন, ‘মনে হচ্ছে এই ব্যয় সংকোচন কোনো দিনই যথেষ্ট হবে না। কোনো দিনই তা শেষ হবে না।’ একজন সরকারি চাকুরে হিসেবে ৪৪ বছর বয়সী এই নারীর বেতন-ভাতা গত বছর অনেক কমেছে। এখন ভয়, নতুন পদক্ষেপ নেওয়া হলে চাকরিটাই না চলে যায়। বিভিন্ন রকমের বিল এবং কর দিতে দিতে আনিতা এতটাই ক্লান্ত যে এখন ভবিষ্যৎ নিয়ে ভাবারও যেন সাহস নেই তাঁর। আনিতার বাড়ি অ্যাক্রোপোলিসের কাছাকাছি একটি ছিমছাম এলাকায়। এথেন্সের আশপাশে ঘুরে বেড়াতে ভালোবাসতেন। কিন্তু বেড়ানো আর তাঁকে টানে না। বাইরে বের হলেই দেখতে পান ময়লা, ছেঁড়া কাপড় পরা বৃদ্ধারা ভিক্ষা করছেন এবং পার্কের বেঞ্চের ওপর শুয়ে দিন কাটিয়ে দিচ্ছে গৃহহারা মানুষ। জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের মতো জায়গার সামনে আড্ডা জমাচ্ছে নেশাখোরেরা। হতাশ আনিতার প্রশ্ন, ‘এসব দেখে পর্যটকেরা কী ভাববে? এটা খুবই লজ্জাকর।’ এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের প্রাগৈতিহাসিক সংগ্রহশালার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলেনি কনস্টানটিন্দি। এক সন্তানের জননী ৪৩ বছর বয়সী এই নারী ডক্টরেট ডিগ্রি নিয়েও মাসে আয় করেন দুই হাজার ইউরোর কিছু কম। ইউরোপীয় মানে তা বেশ কম। তবে স্বামী ভালো চাকরি করায় এখনো তিনি বেশ ভালোই আছেন। কনস্টানটিন্দির আশা, পরবর্তী ছাঁটাই প্রক্রিয়াতেও তাঁর চাকরি যাবে না। তবে তিনি একেবারে চিন্তামুক্ত নন। এথেন্সের বেশকিছু এলাকায় এখনো আশার প্রদীপ নিভুনিভু করে হলেও জ্বলে যাচ্ছে। মধ্যএথেন্সের এগিওস পান্টেলেইমোনাস এলাকা একসময় ছিল সমৃদ্ধশালী। বিখ্যাত সব অভিনেতার পদচারণ ছিল সেখানে। সময়ের ফেরে এলাকাটির প্রাণস্পন্দন থেমে গেছে। বহু দোকানপাট বন্ধ হয়ে গেছে। একদা প্রাণচঞ্চল অনেক ভবন পরিত্যক্ত। সেখানকার চত্বর এলাকায় মাত্র পাঁচটি দোকান এখন চালু। এর একটি হচ্ছে প্রসাধনী ও গয়নার দোকান। ২২ বছর ধরে সেটি চালাচ্ছেন স্পাইরস ইয়নাতোস। তিনি জানালেন, ব্যবসা আগের তুলনায় অর্ধেক। এখন কর দেওয়াই দায় হয়ে পড়েছে। ক্ষুব্ধ ইয়নাতোস বললেন, ‘আমি সব সময় আইন মেনে চলি। আর আজ দেশ আমাকে ঋণখেলাপি বানিয়ে এভাবে পুরস্কৃত করল!’ হারুন-অর-রশীদ, তথ্যসূত্র: টাইম সাময়িকী