চরাঞ্চলে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের একটি গ্রাম রেহাইশুড়ীবেড়। এই গ্রামের গৃহবধূ ফুলেআরা বেগম ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেছেন বেসরকারিভাবে আমিনা-দৌলতজামান মানবসেবা নামের দুই শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। যেখানে সরকারিভাবে চিকিৎসার জন্য বিন্দুমাত্র ব্যবস্থা নেই, সেখানে স্বল্প খরচে হাসপাতালটিতে আধুনিক চিকিৎসার অনেক সরঞ্জামের ব্যবস্থা আছে। দিন-রাত ২৪ ঘণ্টাই এলাকার সব পেশার মানুষ এখানে চিকিৎসাসেবা নিচ্ছে।সচ্ছল বা ধনী ব্যক্তিদের কাছ থেকে ব্যবস্থাপত্র বাবদ নামেমাত্র ফি নেওয়া হয়। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনা মূল্যে ব্যবস্থাপত্র প্রদানসহ স্বল্প মূল্যে জরুরি ওষুধপত্র সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন ২০ থেকে ৪০ জন রোগী চিকিৎসাসেবা পায়। এই হাসপাতালের মাধ্যমে চরাঞ্চলের নাটুয়ারপাড়া, চরগিরিশ, নিশ্চিন্তপুর, তেকানী ও মনসুরনগর—এই পাঁচ ইউনিয়নের লোকজন চিকিৎসাসেবা পাচ্ছে।চিকিৎসা নিতে আসা নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামের মিলন সরকার বলেন, ‘প্রত্যন্ত এলাকার মানুষ সরকারিভাবে চিকিৎসাসেবা থেকে শতভাগ বঞ্চিত। কানাডাপ্রবাসী আমার বোন ডায়রিয়ায় আক্রান্ত হলে রাতে কোথাও যেতে না পেরে এখানেই চিকিৎসা নিয়ে ভালো হয়েছে। হয়তো এই হাসপাতাল না থাকলে তার বেঁচে থাকা দুষ্কর হতো। আমিও সকালে এসেছি। এই হাসপাতালের মাধ্যমে এলাকার জনগণ যে সেবা পাচ্ছে, তা কল্পনাতীত।’ নাটুয়ারপাড়া গ্রামের আলম মিয়া বলেন, ‘রাতের বেলায় মেয়ের প্রসববেদনা শুরু হয়। কোথায় যাব, এই হাসপাতালে এসে সন্তান প্রসব করানো হয়। যদি এই হাসপাতাল না থাকত, তাহলে হয়তো মেয়েকে বাঁচানো যেত না।’ মানবসেবাকেন্দ্র নিয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছাইফুল ইসলাম বলেন, ‘আমি ওই মানবসেবা হাসপাতালে গিয়েছি। তারা চরবাসীর জন্য অনেক বড় একটা কাজ হাতে নিয়েছে।’ নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোজাম্মেল হক বলেন, ‘যেখানে সরকারিভাবে চিকিৎসাসেবা পাওয়া থেকে এলাকার জনগণ বঞ্চিত হচ্ছে, সেখানে এই হাসপাতাল ক্ষুদ্র পরিসরে হলেও চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমি আমার সহযোগিতা অব্যাহত রাখব।’