
চন্দ্রবানের বয়স ৮০ বছর। শরীরজুড়েই বয়সের ছাপ স্পষ্ট। ১৪ মের কথা। দীর্ঘ সারির মধ্যে এই বৃদ্ধা দাঁড়িয়ে ছিলেন লাঠিতে ভর দিয়ে। মুখে একরাশ দুশ্চিন্তা। হাত–পায়ে জ্বালাপোড়া আর শরীর দুর্বল বলেই চিকিত্সা নিতে এসেছেন চন্দ্রবান। মাথার ওপর সূর্য নিয়ে তখনো প্রায় ১০০ মানুষ নদীর পাড়ে অপেক্ষমাণ। মিনিট দশেক পরে ডাক পড়ল, নদীর ওপর ভাসতে থাকা জাহাজ–হাসপাতালে উঠলেন চন্দ্রবান। কিছুক্ষণ পর চিকিত্সকের পরামর্শ ও বিনা মূল্যে পাওয়া ওষুধ হাতে জাহাজ থেকে নেমে এলেন তিনি। মুখে হাসি।
কাঁপা কাঁপা গলায় বললেন, ‘এখানে বিদেশ থেকে নাকি ডাক্তর আসে। আমাগো পাড়ার অনেকেই এ হাসপাতালে আইসে ভালো হইছে। তাই আমিও বিয়ান বেলায় ১৮ মাইল দূর থেইকা পুতের বউয়ের লগে আইছি। এই হাসপাতালের ডাক্তর পয়সা ছাড়াই আমারে দেখছে। ওষুধ দিছে। কিছুদিন পরে আবার আইতে কইছে।’
চন্দ্রবানের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায়। বছর খানেক আগে তাঁর বাড়ি-ভিটাসহ সব জমি যমুনায় বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে তিন ছেলে এখন কৃষি ও শ্রমিকের কাজ করেন। অনেক সময় কাজও মেলে না। তাই দীর্ঘদিন ধরে রোগে ভুগলেও চিকিত্সা করাতে পারছিলেন না। গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারেন যমুনা নদীর ওপর ভাসমান এই হাসপাতালের কথা। কথা প্রসঙ্গে এসব জানালেন পুত্রবধূ হামিদা বেগম। তাঁর মতো হতদরিদ্র ও নদীভাঙনের শিকার মানুষের কাছে এই হাসপাতাল এখন দুঃসময়ের সেরা বন্ধু।
২০০৩ সাল থেকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের মূল ভূমি থেকে দূরে অবস্থিত চরাঞ্চল ও নদী তীরবর্তী জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান ওই হাসপাতালের যাত্রা শুরু। বর্তমানে সারা দেশে তিনটি ভাসমান হাসপাতাল রয়েছে তাদের। লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল নামে এই স্বাস্থ্যসেবায় আর্থিক সহায়তা দিতে শুরু থেকেই এই কার্যক্রমের পাশে রয়েছে ইউনিলিভার।
লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল সূত্রে জানা যায়, রুনা খান ও ইভস মার দম্পতি চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে ২০০১ সালে ফ্রান্স থেকে স্বল্প গভীরতায় চলাচলক্ষম একটি তেলবাহী ডাবল-ডেকবিশিষ্ট বার্জ জাতীয় জলযান বাংলাদেশে নিয়ে আসেন। ওই বার্জটিকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় সব ধরনের মেডিকেল যন্ত্রপাতি ও সব সুযোগ-সুবিধা দিয়ে রূপান্তর করে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চালু করা হয়। জাহাজটির ভেতরে চিকিত্সকদের থাকার জন্য আলাদা কক্ষ, দুটি অপারেশন থিয়েটার, গাইনিকোলজি বিভাগ, নারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা বিভাগ, চক্ষু বিভাগ, একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, ডিজিটাল এক্স–রে কক্ষ আছে। তিনটি হাসপাতালের একটি বর্তমানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাকরাপাড়া গ্রামের যমুনা নদীর তীরে রয়েছে। হাসপাতালটি পুরোপুরি ভ্রাম্যমাণ। কয়েক মাস পরপর আগের অবস্থান থেকে সরে গিয়ে নতুন কোনো এলাকায় নোঙর করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়।
প্রায় ৫০টি চরাঞ্চলের হতদরিদ্র ও নদীভাঙনকবলিত লক্ষাধিক মানুষ লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে চিকিত্সাসেবা পাচ্ছে। চিকিত্সাসেবা দেওয়া হয় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। প্রজনন স্বাস্থ্য পরিচর্যা, মাতৃত্বজনিত সেবা, শিশুস্বাস্থ্য পরিচর্যা, দাঁতের চিকিত্সা, অপারেশন থিয়েটার সার্ভিস, এক্স-রে, ইসিজি ও সব ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয় বিনা মূল্যে। এ ছাড়া ঠোঁটকাটা ও তালুকাটা, পোড়া রোগী, হাত-পা বাঁকা (অর্থোপেডিক সার্জারি), হার্নিয়া, হাইড্রোসিল, টিউমার ও চোখের ছানির ক্যাম্প করে (লেন্স লাগানো) অপারেশনও করা হয়। অপারেশনগুলো করেন বিভিন্ন দেশ থেকে আসা চিকিত্সকেরা। প্রত্যন্ত চরাঞ্চলের জটিল রোগীদের আনতে আছে নদীপথ উপযোগী দুটি অ্যাম্বুলেন্স ও রোগীদের নিজ এলাকায় পৌঁছে দিতে আছে দুটি ট্রলার।

‘এমন উদ্যোগের অংশীদার হিসেবে আমরা একই সঙ্গে গর্বিত ও আনন্দিত’
জাভেদ আখতার
ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। একইভাবে আমাদের ব্র্যান্ড লাইফবয় সাবান দিয়ে হাত ধোয়ার স্বাস্থ্যকর অভ্যাস তৈরি এবং স্বাস্থ্য সচেতন করে তুলতে নানামুখী কাজ করে থাকে। লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল আমাদের এসব উদ্যোগের অন্যতম অংশ। প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ, যারা ন্যূনতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, তাদের কাছে গত এক দশকেরও বেশি সময় ধরে এ হাসপাতাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। এমন উদ্যোগের অংশীদার হিসেবে আমরা একই সঙ্গে গর্বিত ও আনন্দিত। আমরা বিশ্বাস করি, আমাদের এসব প্রচেষ্টা একটি সুস্থ ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সাহায্য করবে।
‘আমি দমে যাইনি, বরং উঠে পড়ে লেগেছিলাম’
রুনা খান
প্রতিষ্ঠাতা পরিচালক
লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল
গ্রামের অসহায় মুখগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছিল উদ্যোগটি নিতে। অনেকে বলেছিল, এটা অসম্ভব। পারবে না। আমি দমে যাইনি, বরং উঠে পড়ে লেগেছিলাম। যাত্রা শুরু করেছিলাম মাসে ৫০০ থেকে ৬০০ মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা নিয়ে। ১২ বছর পর এখন মাসে আড়াই লাখ লোক স্বাস্থ্যসেবা পাচ্ছে আমাদের কাছে। তিনটি ভাসমান হাসপাতাল ও ৫৫০টি মেডিকেল টিমের মাধ্যমে চলছে এই স্বাস্থ্যসেবা।