চরের ফসলে চাষির হাসি
এপারে ভাঙছে, ওপারে জাগছে চর। আর চরে ফলছে নানা ফসল। যত দূর দৃষ্টি যায় সবুজ আর সবুজ। চোখ জুড়ানো এ দৃশ্য বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের। বর্তমানে চরের ৪০ একর জমিতে চাষাবাদ হচ্ছে বলে জানান চাষিরা।চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্ণফুলী নদী ও ভাঙ্গলজুড়ি খালের তীরে জেগে ওঠা চরে স্বল্প খরচে মৌসুমি চাষাবাদ করে ভালো ফলন পাওয়া যায়। এখানে গোল আলু, মিষ্টি আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, খিরা, শসা, লাউ, শিম, বেগুন, বাঙ্গি, তরমুজ, পেঁয়াজ ও মরিচের চাষাবাদ হচ্ছে। সেচের সুবিধা থাকায় চাষিরা এ চরে চাষাবাদের দিকে ঝুঁকে পড়ছেন। স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ১৯৮৪ সাল থেকে জ্যৈষ্ঠপুরা এলাকা কর্ণফুলী নদী ও ভাঙ্গলজুড়ি খালের ভাঙনের কবলে পড়ে। ভাঙতে ভাঙতে এ পর্যন্ত শতাধিক ঘর বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে আরও অর্ধশতাধিক ঘর। তিনি বলেন, একদিকে ভাঙছে, অন্যদিকে চর জাগছে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, তারাই চরে জমির মালিক হচ্ছেন। এ ছাড়াও কর্ণফুলী নদীর বুকে জেগে ওঠা নাজিরচর ও জ্যৈষ্ঠপুরা পাহাড়ের মধ্যে ব্যাপকভাবে মৌসুমি ফসলের চাষাবাদ হচ্ছে। এসব এলাকায় অনেক জমিতে চাষাবাদ হয়। স্থানীয় গোলককানুর বাজারে কথা হয় খিরা বিক্রেতা আবুল হোসেনের সঙ্গে।তিনি ক্রেতার মন কাড়তে খিরার বর্ণনা দেন এভাবে, ‘অবাজি তরতাজা খিরা, খেতততুন অ্যাহন তুলি আনিরদি। কেজি এক দাম ১৮ ট্যায়া’ (খেত থেকে এখন তুলে আনছি। দাম ১৮ টাকা)। তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, জ্যৈষ্ঠপুরা চরে চার গণ্ডা (আট শতক) জমিতে খিরা ও মিষ্টিকুমড়ার চাষ করেছেন। তাঁর মতো চাষি খলিলুর রহমান, কল্যাণ বড়ুয়া, আহমদ হোসেন, রাজু বড়ুয়ারা ওই বাজারে মিষ্টি আলু, শাকসবজি, খিরা, লাউ, বরবটি, বেগুনসহ নানা মৌসুমি সবজি-ফলমূল বিক্রি করছেন। তাঁঁরাও ওই চরের চাষি। চাষি কল্যাণ বড়ুয়া বলেন, চরে গেলেই মন ভরে ওঠে। চারদিকে শুধু ফসল আর ফসল। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, জ্যৈষ্ঠপুরা, শ্রীপুর ও করলডেঙ্গা এলাকায় ব্যাপকভাবে মৌসুমি ফসলের চাষাবাদ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, শীতকালীন সবজিচাষের সুবিধা থাকায় নদীর তীরে ভালো চাষ হচ্ছে। এখানে সহজেই সেচ দেওয়া যায়। তিনি বলেন, ‘আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন।’