চরের বালুতে ভাষার ভাস্কর্য

মাঝখানে পদ্মার টলটলে জল। এপারে ছোট্ট মঞ্চে একুশের আয়োজন। ওপারে জল ছুঁয়ে আছে বালুতে আঁকা ভালোবাসার বর্ণমালা, শহীদ মিনার আর শহীদদের শরীর। এভাবেই পদ্মার চরের বালুতে ভাস্কর্য তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের আয়োজন করেছিল ‘রাজশাহী আর্ট ক্লাব’।
অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী। আয়োজকদের মন্তব্য খাতায় লিখেছেন, ‘রাজশাহী আর্ট ক্লাবের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে এসে তাদের কার্যক্রম দেখে আমি আবেগাপ্লুত ও মুগ্ধ হলাম।’
হেমায়েতুল ইসলাম নামের একজন দর্শনার্থী লিখেছেন, ‘আমাদের ভাষা ও ঐতিহ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ইতিহাসকে মেলে ধরার এক সুন্দর প্রয়াস। এই ধরনের রুচিশীল আয়োজন যেন বারবার করা হয়। সেই প্রত্যাশা।’
ভাস্কর্য দেখতে এসেছিলেন রাজশাহী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক স্নিগ্ধা শারমীন। তাঁর কথা হচ্ছে, ‘ভালো লাগল। রাজশাহীতে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন। পরবর্তী সময়ে আরও বড় পরিসরে হবে আশা করছি।’
একুশে ফেব্রুয়ারির সকালে নগরের দরগাপাড়া এলাকায় এই ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুর রশীদ, কাউন্সিলর আবদুল হামিদ সরকার, এ কে এম রাশেদুল হাসান, ব্যবসায়ী খোন্দকার হাসান কবির এবং উদ্যাপন কমিটির আহ্বায়ক মোস্তাফা আবুল কালাম আজাদ।

বালুচরের শিল্প
সকাল থেকেই আর্ট ক্লাবের অনুষ্ঠানস্থলে দাঁড়িয়ে যত মানুষ বালুর ভাস্কর্য দেখছিল, তার চেয়ে বেশি মানুষ একটু হেঁটে বালুচরে গিয়ে কাছ থেকে দেখছিল এই ব্যতিক্রমী আয়োজন।
আর্ট ক্লাবের ২৫ জন তরুণ-তরুণী দুই দিন খেটে বালুচরের ৮০x২০ ফুট একটি চত্বরে এই ভাস্কর্য তৈরি করেন।
বালুচরে এ ধরনের আয়োজন করার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী আর্ট ক্লাবের সভাপতি এ কে এম হাসান ইমাম বলেন, ‘মহান ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানাতেই একটু ব্যতিক্রমী আয়োজন করেছি। রাজশাহীতে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে এই কাজ একটা নতুন মাত্রা যোগ করেছে। এই ভাস্কর্য তরুণ প্রজন্মকে একুশের চেতনা নিয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে—এটাই ছিল উদ্দেশ্য।’
রাজশাহী আর্ট ক্লাব
গত ডিসেম্বরে রাজশাহী আর্ট ক্লাবের যাত্রা শুরু হয়। সংগঠনের সভাপতি এ কে এম হাসান ইমাম পেশায় রাজশাহী আর্ট কলেজের শিক্ষক। তাঁর বাড়ি রাজশাহী নগরের শিরোইল এলাকায়। ওই এলাকাতেই তাঁর একটি স্টুডিও রয়েছে। সেখানে তিনি নিজের ছবি নিয়ে কাজ করেন। আপাতত স্টুডিওকেই ক্লাবের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এই ক্লাবের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁদের মূল লক্ষ্য রাজশাহীতে সাহিত্য, শিল্প, স্থাপত্য ও চারুকলা সম্পর্কিত শিক্ষা এবং জ্ঞান বিতরণে আগ্রহ সৃষ্টি করা। সেই সঙ্গে এ ধরনের কাজের মাধ্যমে রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে মানুষকে আগ্রহী করে তোলাও এই ক্লাবের উদ্দেশ্য।