চর্চা হোক বাংলা ভাষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটি পড়ে ইংরেজি মাধ্যমের স্কুলে। স্কুলে তো বাংলা বলার অবকাশ নেই, এমনকি বাড়িতেও মা-বাবা সব সময় ইংরেজি বলার জন্য জোর করেন। যেন ইংরেজি না বলাটা বড় কোনো ব্যর্থতা। ফলে তার শেখা হচ্ছে না বাংলা ভাষা। জানছে না নিজের শিকড়ের কথা। অথচ এ নিয়ে অনেক মা-বাবারই নেই তেমন ভাবনা। শিশু শুধু ইংরেজিতে দক্ষ হলেই তাঁরা খুশি। বাংলা যেন না জানলেও চলে।ইংরেজি মাধ্যম স্কুল সাউথব্রিজের বাংলার শিক্ষক নাহিদা রাকিব। তিনি মনে করেন, স্কুলের পাশাপাশি মা-বাবাকে সবচেয়ে সচেতন হতে হবে। ‘কেউ মনে করেন, আমার সন্তান ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ছে, সে কেন বাংলা ভাষায় কথা বলবে? তাঁদের কাছে বাংলা ভাষায় কথা বলা খানিকটা অপরাধের। ভাবেন, সন্তানের মধ্যে রুচিবোধের অভাব দেখা দিয়েছে। অতি তৎপর হয়ে নিজেরা তো ইংরেজিতে কথা বলেনই, সন্তানকেও বাধ্য করেন অনেক সময়। আর ভাষার বিষয়টা যেহেতু চর্চার। ফলে মা-বাবা না চাইলে সন্তানের পক্ষে নিজে নিজে শেখা বেশ কষ্টকর। ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে এখন বাংলা ভাষার প্রতি জোর দেওয়া হয়। আমি নিজেই শিক্ষার্থীদের স্কুলে বাংলা পড়তে উৎসাহিত করি। দেখা গেল, ক্লাসে হঠাৎ একদিন বলি, তোমার পছন্দমতো বিষয়ে একটা লেখা লিখো। ওরা বেশ আনন্দের সঙ্গে সেটি করে। বাড়িতে ছুটির দিনে এ রকম ১০-১৫ লাইনের একটা অনুচ্ছেদ লিখতে দেওয়া হয়। আসলে মা-বাবাকে মনে রাখতে হবে, বাংলা ভাষা সঠিকভাবে বলতে, লিখতে না পারলে সন্তান শিকড়বিহীন হয়ে পড়বে। ভুলে গেলে চলবে না, আমরা বাঙালি।’ বলেন নাহিদা রাকিব। নাহিদা রাকিব বলেন, ‘শিশুকে শুরুতে সঠিক পদ্ধতিতে প্রাথমিক অক্ষরজ্ঞান শেখাতে হবে। বয়স উপযোগী ছড়া, গল্পের বই কিনে দিতে হবে। অবসর সময় পাশে বসিয়ে পড়ালেন। কোনো উচ্চারণ ভুল হলে, কোনো শব্দে আটকে গেলে আপনি সুন্দর করে শিখিয়ে দিন। সুন্দর করে বাংলায় কথা বলতে পারাটাও বড় ব্যাপার, সেটা তাকে বুঝিয়ে বললে সে আগ্রহী হবে শিখতে। এ ছাড়া বইমেলায় শিশুদের নিয়ে যেতে হবে। উপহার হিসেবেও বাংলা কোনো গল্প, উপন্যাসের বই বেছে নিতে পারেন।’নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও সংগীতশিল্পী সুজিত মোস্তফা দম্পতির মেয়ে অপরাজিতা। পড়ে ঢাকার একটি নামকরা ইংরেজি মাধ্যমের স্কুলে। ইংরেজি মাধ্যমের স্কুলে পড়লেও অপরাজিতা সাবলীলভাবে বাংলা বলতে পারে, লিখতে পারে। মুনমুন আহমেদ বলেন, ‘বাংলা শেখার জন্য বাড়ির পরিবেশের বড় ভূমিকা রয়েছে। আমরা বাসায় কেউই ইংরেজিতে কথা বলি না। অপরাজিতাকে বলেছি, যখন বাংলা ভাষায় কথা বলবে, এর মধ্যে কোনো ইংরেজি শব্দ বলবে না। ও এখন সব ধরনের বই-ই পড়তে পারে। শুধু স্কুলটাই ইংরেজি মাধ্যমের। ওকে স্কুলে ভর্তি করানোর পর আদর্শলিপি কিনে এনে নিয়মিত পড়াতাম। বাসায় তখন বাংলা সংবাদপত্র রাখা হতো। প্রতিদিন ওকে বলতাম একটু পড়ে শোনাও তো। ইংরেজি মাধ্যমে পড়ুয়া অনেক ছেলেমেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থসমূহ পড়তে পারে না। ভয় পায়। কিন্তু অপরাজিতা ভালোভাবে সেসব পড়তে পারে। আমি মনে করি, আমাদের বাড়ির পরিবেশের কারণে সহজে সে শিখতে পেরেছে। মাতৃভাষা ভালোভাবে বলতে পারার মধ্যে এক ধরনের গর্ব রয়েছে। এটি বিশ্বের কাছে নিজেকে আরও মর্যাদাসম্পন্ন করে তুলবে।’ অপরাজিতার বাবা সুজিত মোস্তফাও এ বিষয়ে একমত। তিনি বলেন, ‘অবশ্যই ইংরেজি শিখতে হবে। কেননা উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক ভাষা ইংরেজি জানা দরকার। তাই বলে নিজের ভাষা বাংলাকে অবজ্ঞা করে নয়। বই পড়ার অভ্যাস এখন কমে আসছে। তবুও নানাভাবে তাদের বাংলা গল্প-উপন্যাসের বই পড়তে আগ্রহী করে তুলতে হবে। আসল কথা হলো, বিশ্বের যেকোনো দেশে গেলে যতই ইংরেজি বলা হোক না কেন, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, সেটি সবাই বুঝতে পারবে। ইংরেজি বললেই নিজের পরিচয়কে মুছে ফেলা যায় না।’ভিকারুননিসা নূন স্কুলের বাংলার শিক্ষক পারভীন বানু মনে করেন, ইংরেজি ভাষা বলতে পারলে ছেলেমেয়েকে নিয়ে অভিভাবকেরা অনেক সময় বাড়াবাড়ি করেন। অপ্রয়োজনেও তাঁরা ইংরেজি ভাষা বলেন। এমনকি সন্তান ভালোভাবে বাংলা পড়তে পারে না, বলতে পারে না—এটা তাঁরা বেশ গর্বের সঙ্গে বলেন। তাঁদের জন্য বলছি, এটি একদমই করা উচিত নয়। নিজের ভাষা ভালোভাবে বলতে পারলে রুচিবোধের পরিচয় পাওয়া যায়। নিজেরা ভালোভাবে শুদ্ধ উচ্চারণে বাংলা বলুন, সন্তানকেও শেখান।