চলচ্চিত্র প্রযোজনা কৌশল শেখার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজন করতে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা কৌশল নিয়ে একটি প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে যে হারে চলচ্চিত্র ক্ষেত্রে কাজের পরিধি বাড়ছে, সে হারে দক্ষ জনশক্তি বৃদ্ধি পাচ্ছে না। তাই আমরা এই ক্ষেত্রের দক্ষ জনশক্তির চাহিদা মেটানোর উদ্দেশ্যে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি।’ এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী জনগণকে দক্ষ করে তোলা হবে। আর এই দক্ষ জনগোষ্ঠী কাজ করবে বাংলাদেশের চলচ্চিত্র ক্ষেত্রে। মো. নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ব্যাপকহারে টিভি চ্যানেলও বৃদ্ধি পাচ্ছে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রার্থীরা টিভি চ্যানেলগুলোতে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।’ এই প্রশিক্ষণের মেয়াদ ১২ সপ্তাহ। শুরু হবে ৩১ অক্টোবর।চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। এই কর্মসূচিতে প্রার্থীদের চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্র নির্দেশনা, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য, অভিনয়, ফিচার ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র আর্কাইভ, চলচ্চিত্রের পোশাক-পরিচ্ছদ, মেকাপ, চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান মো. নজরুল ইসলাম। যেকোনো বিষয়ে স্নাতক প্রার্থী ইনস্টিটিউটের নির্ধারিত আবেদনপত্র ২০ টাকার বিনিময়ে সংগ্রহ করে প্রশিক্ষণ কর্মসূচির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র ও প্রার্থীর ছবি প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদন করতে হবে ১৮ অক্টোবরের মধ্যে। প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে। মো. নজরুল ইসলাম বলেন, ‘যাঁরা সাক্ষাৎকারের জন্য মনোনীত হবেন তাঁদের ১৯ অক্টোবর সকাল ১০টার মধ্যে ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে।’ এই কোর্সে অংশগ্রহণকারীদের কোর্স ফি বাবদ ইনস্টিটিউটে ছয় হাজার টাকা জমা দিতে হবে। আর যাঁরা এই কোর্স সফলভাবে সম্পন্ন করতে পারবেন তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের অডিও-ভিজুয়াল মিডিয়াতে প্রশিক্ষণ সম্পন্নকারীরা দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন।’ যোগাযোগ: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ. দারুস সালাম, মিরপুর রোড, ঢাকা।