
দুঃখ-বেদনার কাহিনি নিয়ে তৈরি চলচ্চিত্র দেখে অনেকে কাঁদেন। এটা ভালো, সামাজিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ কথা বলেছেন।
কাল্পনিক ঘটনার নাটকীয়তা আর আকর্ষণের কারণ কী? মানুষ এসব দেখে কাঁদে, তবু দেখে কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন ওই গবেষকেরা। পরীক্ষা-নিরীক্ষায় তাঁরা দেখেছেন, বেদনাদায়ক গল্প-কাহিনির ছবিগুলো মানবদেহে এন্ড্রোফিন-জাতীয় রাসায়নিক উপাদানের প্রবাহ বাড়িয়ে দেয়। এগুলো মানুষকে একধরনের ভালো লাগার অনুভূতি দেয়। আর সেটা প্রাকৃতিক ব্যথানাশকের কাজ করে। চারপাশের মানুষের বন্ধন শক্তিশালী করতে সহায়ক হয়।
এই গবেষণা প্রতিবেদন রয়্যাল সোসাইটির সাময়িকী ওপেন সায়েন্স প্রকাশ করেছে। বেদনাদায়ক কাহিনি নিয়ে মানুষের মুগ্ধতা সেই সুপ্রাচীনকাল থেকেই। আদি মানুষ যখন শিকার করে বাঁচতে শেখে, তখনো এ রকম কাহিনির জনপ্রিয়তা ছিল বলে জানালেন গবেষক দলটির প্রধান অধ্যাপক রবিন ডানবার।
কল্পকাহিনির প্রতি মানুষের আকর্ষণ অনেক। বিজ্ঞানীরা এখন মানুষের এই প্রবণতার ক্রমবিকাশ খতিয়ে দেখছেন। ডানবার বলেন, মানববিদ্যার চর্চায় কল্পকাহিনির পাঠ ব্যাপক। মানবসমাজের এটা এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও। সব সংস্কৃতিতেই এ রকম দেখা যায়। কিন্তু এই আকর্ষণের কী কারণ? মনোবিজ্ঞান বা আচরণগত জীববিদ্যা বলছে, ইতিবাচক সামাজিক কারণ আছে। লোককাহিনি মানুষকে জ্ঞান ও মূল্যবোধ দেয়, ঐক্যবদ্ধ করে।
অক্সফোর্ডের একদল বিজ্ঞানী বলছেন, মনোবিজ্ঞানী বা ধ্রুপদিবিদেরা পরীক্ষা করে দেখেন, নাটক দেখলে কেন মানুষের শরীরে এন্ড্রোফিনের প্রবাহ বাড়ে। এই উপাদানের প্রভাবে মানুষের মস্তিষ্ক ব্যথা প্রশমন করতে পারে। ডানবার মনে করেন, আবেগ-জাগানিয়া কল্পকাহিনি সম্ভবত বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সংযোগের পরিপ্রেক্ষিতে ক্রমশ পরিবর্তিত রূপ নিয়েছে। হাস্যরসাত্মক নাটক, গান-বাজনা এবং নাচের প্রভাবেও এন্ড্রোফিনের অদলবদল ঘটে।
শেক্সপিয়ারের নাটকবিশারদ সোফি ডানকান বলেন, কল্পকাহিনি কেন ও কীভাবে মানুষের মনোজগতে প্রভাব ফেলে এবং পাঠকেরা ওরকম একেকটা ‘বইয়ের ভেতরে হারিয়ে যান’—তার অনুসন্ধান করে দেখা যায়, এ রকম গল্প মানবদেহে এন্ড্রোফিনের প্রবাহ বাড়ায়। বেদনাদায়ক নাটক দেখা শরীর-মনের ওপর তাই ইতিবাচক প্রভাব ফেলে। কারণ, এন্ড্রোফিনই শরীরের প্রাকৃতিক ব্যথানাশক।