চলচ্চিত্রে চট্টগ্রামের যুব বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যায় হঠাৎ আকাশের মুখ ভার। হয়ে গেল একপশলা বৃষ্টিও। কিন্তু ছুটির দিন বলে কথা। তাই বৃষ্টি বাদ সাধতে পারেনি। মিলনায়তনভর্তি দর্শক নিয়েই শুরু হয় খেলে হাম জি জান সে-এর প্রদর্শনী। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র প্রীতিলতার জন্মশতবর্ষ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আশুতোষ গোয়ারিকর পরিচালিত খেলে হাম জি জান সে চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করে। প্রীতিলতা ও তাঁর বান্ধবী প্রথমে উইম্যান কংগ্রেসের সদস্য হলেও পরে যোগ দেন মাস্টারদা সূর্য সেনের ভারতীয় কংগ্রেস সেনায়। ইংরেজ শাসন ও শোষণে অতিষ্ঠ ১৩-১৪ বছরের কিশোরেরাও এই কংগ্রেস সেনায় যোগ দেয়। তারপর তাঁরা সূর্য সেনের নেতৃত্বে সুপরিকল্পিতভাবে লুট করেন ইংরেজদের অস্ত্রাগার। কিন্তু সেখানে কার্তুজ না থাকায় বিপদে পড়ে যান বীরেরা। প্রীতিলতাকে আত্মাহুতি দিতে হয় পাহাড়তলী ক্লাব আক্রমণের পর। ...এভাবে ঘটনা ক্রমশ এগিয়ে চলে। বিচারের সময় সূর্য সেনকে বলতে শোনা যায় সেই চিরন্তন কথা ‘আমরা কোনো ক্রান্তির (বিদ্রোহ) সূচনা করিনি, তাই এটার শেষও নেই। যত দিন এ মাটিতে তোমাদের শোষণ চলবে তত দিন ক্রান্তিও চলবে। তোমাদের কাছে যা বিদ্রোহ তা আমার কাছে মুক্তি।’ তিনি নিজের প্রাণভিক্ষার কোনো চেষ্টাও করেননি। উচ্চারণ করেন ‘বন্দে মাত্রম’ (আমরা দেশমাতার বন্দনা করি)। কথা হয় প্রদর্শনী দেখতে আসা অগ্রণী ব্যাংকের ইপিজেড শাখার কর্মকর্তা সবুজ দত্তের সঙ্গে। তিনি বলেন, ‘ভালো লেগেছে। চট্টগ্রামের যুব বিদ্রোহ নিয়ে আমি যা পড়েছি তার সঙ্গে মিল আছে।’ চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির অর্থ সম্পাদক বাসব শীল বলেন, ‘চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের মাধ্যমে আমরা ভালো চলচ্চিত্র দেখতে পাচ্ছি। এটিও ভালো লেগেছে। তবে এ বিষয় নিয়ে যদি আমাদের দেশে নির্মিত চলচ্চিত্র দেখতে পেতাম তবে আরও ভালো লাগত।’চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী বলেন, ‘যে শহরে প্রীতিলতার জন্ম সেই শহরেই মৃত্যু এবং প্রথম নারী শহীদ হিসেবে তাঁর জন্মশতবর্ষ যেভাবে পালন করা উচিত সেভাবে পালন করা হচ্ছে না। এর চেয়ে দুঃখের বিষয় হচ্ছে চট্টগ্রামের যুব বিদ্রোহ নিয়ে আমাদের পাশের দেশে চলচ্চিত্র নির্মিত হয়েছে অথচ আমাদের দেশে এ নিয়ে কোনো চলচ্চিত্র হয়নি।’ আশুতোষ গোয়ারিকর মালিনী চ্যাটার্জির ডু অর ডাই আপ রাইজিং চিটাগং (১৯৩১-৩২) উপন্যাস অবলম্বনে খেলে হাম জি জান সে চলচ্চিত্রটি নির্মাণ করেন। সূর্য সেন চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন, প্রীতিলতা চরিত্রে বিশাখা সেন, কল্পনা দত্তের চরিত্রে দীপিকা পাড়োকান। গীতিকার জাভেদ আক্তার ও সুরকার সোহেল সেন।