চলচ্চিত্রে তারুণ্যের যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। দর্শকের সারিতে পিনপতন নীরবতা। মিলনায়তনের পর্দায় প্রদর্শিত চলচ্চিত্রের পাত্র-পাত্রীর মুখে ছিল না কোনো ভাষা। কিন্তু শিশুমনের জল্পনা-কল্পনার সব রং নির্বাক চলচ্চিত্রেও ছুঁয়ে গিয়েছিল সবাইকে। ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে পঞ্চম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১১, তৃতীয় দিনে এভাবেই দৃশ্যায়িত হচ্ছিল বুয়েটের যন্ত্রপ্রকৌশলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রকিব হাসানের তিরোধান চলচ্চিত্রটি।‘সুস্থ চলচ্চিত্র, সুস্থ দর্শক’ শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে পঞ্চম আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ২০১১। ১৫ মে থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হয় ১৯ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও জার্মান সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হয় দেশি-বিদেশি ৯৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ চলচ্চিত্র উৎসবের বিশেষত্ব হলো, চলচ্চিত্র উৎসবজুড়ে যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়েছে, তার সব কটিই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত।কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী রিফাত জাহানের সঙ্গে। না, এবার আর তিনি শুধু শিক্ষার্থী পরিচয়েই সীমাবদ্ধ নন, উৎসবের জন্য তাঁর নির্মিত দ্য উইন্ডো চলচ্চিত্রটি তাঁকে দিয়েছে এ সময়ের তরুণ চলচ্চিত্র নির্মাতার পরিচয়। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসানের চলচ্চিত্রে ফুটে উঠেছে স্বপ্ন আর বাস্তবের মাঝে ব্যবধানের গল্প। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মমিনুল ইসলাম জুয়েলের অনুভূতিতে ফুটে উঠেছে সময়ের নির্ভুল অঙ্কের হিসাব। পিছিয়ে ছিলেন না তরুণ নারী নির্মাতারাও। চুয়েটের মাহমুদা চৌধুরীর জলছাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিশমাও পেয়েছেন দর্শকদের প্রশংসা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল মোহাম্মদ রানার শহীদ মিনার-এ ফুটে উঠেছে এ জাতির ভাষাপ্রেম।শুধু দেশীয় চলচ্চিত্র নয়, পোল্যান্ডের ভারসান্ড, জার্মানির হাম, হাঙ্গেরির হিয়ার আই অ্যামও প্রসংশিত হয়েছে সবার কাছে। ভারত থেকে আসা আইএসটি অ্যান্ড এম স্কুল অব কমিউনিকেশনের শিক্ষার্থী অরিজিৎ দাসের সঙ্গে হলো অনুভূতি বিনিময়। ‘বাংলাদেশে এসে ভালো লাগছে। নানা সংস্কৃতির ছোঁয়া পেলাম এখানকার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোয়।’ বলেন অরিজিৎ। তাঁর নির্মিত দেবীপক্ষ-এ মূর্ত হয়েছে দুর্গা পূজার পেছনের গল্প। যাঁদের হাতে তৈরি হয় এই সুন্দর প্রতিমা, সেসব মৃৎশিল্পীকে নিয়ে ছিল তাঁর চলচ্চিত্র।বাংলাদেশসহ ২৩টি দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শিত হয় এ উৎসবে। প্রথম দিনে প্রদর্শিত হয় ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দ্বিতীয় দিনে ২২টি, তৃতীয় দিনে ৫৭টি এবং চতুর্থ দিনে ১৯টি চলচ্চিত্র। এ যেন তরুণ নির্মাতাদের নির্মিত চলচ্চিত্রের এক স্বপ্নীল মিলনরাজ্য। দুটি ভাগে হয় এই উৎসব। একটি প্রতিযোগিতা পর্ব, অন্যটি প্যানারোমা পর্ব। প্রতিযোগিতা পর্বটি ছিল শুধুই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য।প্রতিযোগিতা পর্বে প্রথম স্থান লাভ করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী সৈয়দ রায়হান-উল-ইসলাম, দ্বিতীয় স্থান লাভ করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) শিক্ষার্থী তানভীর সাকলাইন এবং তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দেবাশীষ দাস।১৯ মে জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জার্মান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক জুডিথ মিস্চবার্গার ও চলচ্চিত্রকার তারেক মাসুদ। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, চলচ্চিত্র হচ্ছে আন্তর্জাতিক ভাষা। চলচ্চিত্র যে ভাষায়ই নির্মিত হোক না কেন, তা তার আপন দৃশ্যায়িত মোহনায় হয়ে ওঠে মূর্ত ও পরিচিত।তারেক মাসুদ জানান, চলচ্চিত্র ব্যাখ্যা করে সমাজকে। যুক্তিতর্কে ও চিত্রে প্রতিনিধিত্ব করে সত্যের। তরুণদের এই উদ্যোগের সঙ্গে একাত্ম করা তাই জরুরি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সভাপতি রিপন কুমার দাস বলেন, ‘আমরা তরুণেরা শুধু চলচ্চিত্র দেখিই না, নির্মাণও করতে পারি। তরুণদের ওই নির্মাণের ফসল আমাদের এই চলচ্চিত্র উৎসব।’প্রথমপৃথিবীর সবকিছুরই রয়েছে ভালো ও মন্দ দিক। তবে তার জন্য সেই বস্তুটি দায়ী নয়। বস্তুটি নিরপেক্ষ। আমাদের দেখার, চিন্তা করার, ব্যবহার করার ওপর ওই বস্তুটির ভালো ও মন্দ নির্ভর করে। একটি ছুরি দিয়ে মানবতাকে রক্তাক্ত করা যায়, আবার কারুকাজময়তা দিয়ে তাকে সাজিয়ে রাখা যায় বসার ঘরে অথবা খাবার টেবিলে। জীবনের প্রাচুর্য অথবা মৃত্যুর বিভীষিকা—এ দুটির জন্য দায়ী আমরাই। এসব নিয়ে পয়েন্ট অব ভিউ।দ্বিতীয়পোড়া মাটির টানে চলচ্চিত্রটি দুই পাশ থেকেই নিবিড় টানে বেঁধে রাখে আমাদের। একদিকে বাঙালির বহুদিনের ঐতিহ্য, অন্যদিকে ওই শিল্পের শিল্পীদের না-বলা বেদনা। যে মানুষগুলো একসময় বাঙালির নিত্যব্যবহার্য জিনিস বানাত, তারা আজও মানুষের শৌখিনতা মেটাতে দিন-রাত খেটে যাচ্ছে। কেমন আছে তারা? কী তাদের ভবিষ্যৎ—এ নিয়েই পোড়া মাটির টানে ।তৃতীয়সবুজ ক্যাম্পাসের পাশে বয়ে গেছে নদী। এ নদীর পাশেই এক বস্তিতে থাকতেন বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধা। একদিন তাঁকে দেখা গেল হারিকেন দিয়ে কিছু খুঁজতে। জানা গেল, তাঁর হারিয়ে যাওয়া বাছুর খুঁজছেন। ওই দিন আর পাওয়া যায় না তাঁর শেষ ‘সম্পদ’ বাছুুরটিকে। পরদিন সকালে বাছুরটির দেখা মেলে ঠিকই, তবে তা ট্রেনে কাটা পড়া অবস্থায়। বৃদ্ধা দুঃখে পাথর।কারণ, একটা গরু, একটা বাছুুর আর তিনি মিলে ছিল তাঁর পরিবার। এ সত্য কাহিনি অবলম্বনে তৈরি চলচ্চিত্র নোন।