চলচ্চিত্রে নারী প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্ল্যান-প্রথম আলো মিডিয়া ক্যাফে  ‘চলচ্চিত্রে নারী প্রতিকৃতি’ অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: প্রথম আলো
প্ল্যান-প্রথম আলো মিডিয়া ক্যাফে ‘চলচ্চিত্রে নারী প্রতিকৃতি’ অনুষ্ঠানের একটি দৃশ্য। ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত মিডিয়া ক্যাফে অনুষ্ঠানে ‘চলচ্চিত্রে নারী প্রতিকৃতি’ শীর্ষক আলোচনার নির্বাচিত অংশ নিয়ে এই আয়োজন।

আনিসুল হক: আজকে আমরা কথা বলব চলচ্চিত্রে নারী প্রতিকৃতি নিয়ে। নারীকে চলচ্চিত্রে কীভাবে দেখানো হয়, এ নিয়ে একটা আন্তর্জাতিক গবেষণা হয়েছে। সেই গবেষণায় কী পাওয়া গেল, তা জানব নুসরাত আমিনের কাছে।

নুসরাত আমিন: প্ল্যান ইন্টারন্যাশনাল ২০টি দেশের ৫৫টা ব্লকবাস্টার সুপারডুপারহিট সিনেমা নিয়ে কাজ করেছে। আমরা দেখার চেষ্টা করেছি যে এই সিনেমাগুলোতে কীভাবে নারীরা উঠে এসেছে। এখান থেকে দেখেছি, এই সিনেমাগুলোয় মাত্র ২৭ শতাংশ ক্ষেত্রে নারীদের প্রধান চরিত্রে দেখানো হচ্ছে। এই যে ২৭ শতাংশ প্রধান চরিত্রে যে নারী আছে, তাদেরকে খুব একটা নেতৃত্বের জায়গায় দেখানো হয় না। এ ছাড়া দেখা হচ্ছে, নারীরা কোনো একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে পারছে না। এটার জন্য তার বাবা, ভাই, স্বামী বা তার বয়ফ্রেন্ড, তাদের একটা সমর্থন লাগছে। নারীর যে নিজস্ব একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে, তার যে একটা আইডেন্টিটি আছে, এ বিষয়গুলো উঠে আসেনি।

পোশাক-আশাকের জায়গায়ও নারীদের বেশ খোলামেলাভাবে উপস্থাপন করা হচ্ছে। কারণ, ধরেই নেওয়া হচ্ছে, নারীকে পর্দায় দেখানো দেখানো মানেই বিউটিফিকেশন। তাকে একটা অবজেক্টের জায়গা থেকে দেখানো হবে, নাহয় ওই মুভিটা লোকজন দেখবে না, হিট হবে না।

গবেষণাভুক্ত ৫৫টি সিনেমার মধ্যে মাত্র ৫ শতাংশ চলচ্চিত্রে ক্যামেরার পেছনে নারীরা ছিলেন—হয়তো স্ক্রিপ্ট রাইটিংয়ের ক্ষেত্রে, ক্যামেরার কাজের ক্ষেত্রে অথবা পরিচালক–প্রযোজক। সম্প্রতি অস্কার গেল। অস্কারের মতো বড় একটা জায়গায় গত ১০০ বছরের মধ্যে এ বছর প্রথমবার ক্যামেরার পেছন থেকে মাত্র পাঁচজন নমিনেশন পেয়েছে এবং সেখানে একজন নারী পুরস্কার পেয়েছেন।

আনিসুল হক: এবারে আমাদের সঙ্গে যুক্ত হবেন জয়া আহসান। তিনি এ সম্পর্কে আমাদের একটি ভিডিও বার্তা দিয়েছেন।

জয়া আহসান: আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে চলচ্চিত্রে আমাদের নারীদের অবস্থান কী। আমি যেহেতু চলচ্চিত্রশিল্পে কাজ করি, সে ক্ষেত্রে আমি বলব, হ্যাঁ, আসলে আমাদের চলচ্চিত্রের পুরো অবয়বটাই তো আসলে স্পষ্ট নয়। খুব কি বলার মতো কিছু? তা তো নয়। কিন্তু এরপরও যে কিছু ভালো কাজ হচ্ছে না, তা নয়। কিছু নারীকেন্দ্রিক সিনেমা হচ্ছে। পৃথিবীজুড়েই এখন নারীপ্রধান অনেক চরিত্র, নারীপ্রধান সিনেমা তৈরি হচ্ছে। কিন্তু বেশির ভাগ নারী চরিত্র সব সময় সেকেন্ডারি হয়ে ওঠে। পুরুষকেন্দ্রিক চলচ্চিত্রগুলোই প্রধান হয়ে উঠতে আমরা সব সময় দেখি। এর মূল কারণ হচ্ছে, ধরে নেওয়া হয়, নারীপ্রধান চরিত্রের চলচ্চিত্রগুলো হয়তো সেভাবে দর্শক গ্রহণ করবে না বা দর্শক টানবে না। কিন্তু আমি নিজে একজন অভিনয়শিল্পী হিসেবে বলতে পারি, সব ক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়। আমি গেরিলা নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছি, সেখানে বিলকিস নামের একটি চরিত্র করেছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেই ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। এর বাইরে, আমি কলকাতার বিসর্জন নামে একটা ছবি করেছিলাম। সেখানে যে পদ্মা চরিত্রটি, সেটিও কিন্তু ইউটোপিয়ান এক চরিত্র। সেটাকে ঘিরেই কিন্তু সব চরিত্র আবর্তিত হচ্ছে। এরপর আমি আমার আরেকটি চরিত্রের কথা বলতে চাই। ভালোবাসার স্বপ্ন নামে একটি ছোট ছবি। যেটি শুধু দর্শকপ্রিয়তার কথা বলব না, সেটি খুবই সংবেদনশীল একটি ছবি। কাজেই আমি বলব যে আমার ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা একটু ভিন্ন। কিন্তু এটা যে খুব বেশি হচ্ছে, সেটাও বলব না, আবার একেবারে হচ্ছে না, সেটাও বলব না। আমাদের এই ধারণাগুলো পাল্টানো প্রয়োজন। আমার মনে হয়, এখন সময় এসেছে অন্যভাবে ভাবার। নারীপ্রধান সিনেমাগুলো সামনে আসুক। সেগুলো রুল করুক, সেটা দেখতে চাই। 

নারগিস আক্তার: নারী পরিচালক বললে আমার খুব কষ্ট হয়। কারণ, আমি যে মেধা ব্যয় করি, সেটা তো একজন পুরুষ পরিচালকও করেন। তো কাজেই নারী বলে আমাকে ওভাবে না দেখাই ভালো। পরিচালক হিসেবে দেখুন। আমি যখন আমার প্রথম ছবির কাজ শুরু করি, তখন সবাই খুব কনফিউজড হয়ে গিয়েছিল, যে আমি আসলে বাংলাদেশের কি না। আর ওই সময় আমার সেটে শিল্পী ছিলেন শাবানা আজমি, আইয়ুব খান। আমাদের দেশের সব ক্রুরা আমার দিকে তাকাত! 

চলচ্চিত্র পরিচালনায় এসে আমি যতটা বৈষম্য দেখেছি, সেটা আমার আড়ালে। আমার সামনে কেউ এসে ভয়েসটা রেইজ করতে পারেনি। আমি বলব, আমার আশপাশের পুরুষ সহকর্মীরা, তারা খুবই পজিটিভ ছিল। 

রেদওয়ান রনি: এই গবেষণার তথ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী সময়ে কাজ করার জন্য। আমি যদি আমার কাজের ক্ষেত্রেও চিন্তা করি, আমি গত বছর পাতা ঝরার দিনের জন্য মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম, যেটা নারীপ্রধান ছিল। সেখানে নারীকে আমরা সম্পূর্ণ মানুষ হিসেবে, তার নারীত্বের সংগ্রামের গল্প দিয়ে আমরা শুরু করেছি। এছাড়া আনিসুল হকের গল্প নিয়ে আমি একটা টেলিফিল্ম করেছিলাম জননী সাহসিনী একাত্তর। সেখানে মূল চরিত্র ছিল একজন নারীর। আমরা ইতিবাচক দিকে এগোচ্ছি। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে ২৭ শতাংশের আমরা কথা বলছি, এটা অবশ্যই দুঃখজনক। এটা আস্তে আস্তে নিশ্চয়ই বাড়বে এবং সেটা ৫০ শতাংশ হলে অবশ্যই ভালো ব্যাপার হবে। 

নাবিলা: আমি যতটুকু বুঝেছি, প্ল্যান ইন্টারন্যাশনালের যে ভাবনা, সেটা আমার খুবই ভালো লেগেছে। আসার সময় চিন্তা করছিলাম, কী কী নারীপ্রধান সিনেমা হয়েছে। হ্যাঁ, নারীপ্রধান কিছু সিনেমা হয়েছে। পাতা ঝরার দিনের কথাই যদি আমি তুলে ধরি, এটি নারীপ্রধান। তার ঘরে কোনো পুরুষ ছিল না। তার কোনো ভাই নেই। বাবা নেই। এখানে নারীর সংগ্রামটা এমন একটা জায়গা থেকে দেখানো হয়েছে। প্রায় সব ক্ষেত্রেই একটা স্ট্রাগলের জায়গা থেকেই প্রধান চরিত্র হয়েছে নারী।

কথার কথা, বেগম রোকেয়ারা যে সময় ছিলেন, তাঁদের অবশ্যই স্ট্রাগল ছিল। কিন্তু এখনকার সময়ে এসে প্রেক্ষাপট কিছুটা হলেও বদল হয়েছে। আমাদের অনেক নারী আছেন, যাঁরা আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। সেটা কি আমরা দেখাই? দেখাই না। নারী যদি একজন লিডার হন এবং অনুপ্রেরণামূলক চরিত্র হন, সেটি দেখানো দরকার।

নুসরাত আমিন: আমরা কাজ করতে গিয়ে দেখছি, মিডিয়াতে রোল মডেল বা আইকন খুবই গুরুত্বপূর্ণ। ধরা যাক, নাবিলা আপু যে নাটক বা সিনেমাটা করবেন, যেটার বড় একটা ইম্প্যাক্ট তাঁর দর্শকদের ওপর পড়ে। গল্পটা কী? কনটেন্ট কী? গল্পের মধ্যে কী দেখানো হচ্ছে? এটা যদি খুব ইতিবাচক ও শক্তিশালী একটা চরিত্র হয়, যেখানে গল্পটা তাকে কেন্দ্র করে এবং তিনি ওই গল্পের প্রধান চরিত্র হন, তাহলে দর্শকেরা তা অনুসরণ করবে। আমি কিন্তু এটা শিখব। আমি দর্শক হিসেবে কিন্তু ওটা নেব। পরিচালক হিসেবে নার্গিস আপা বা রনি ভাইয়ের মুভির ক্ষেত্রে তা প্রযোজ্য। 

নারগিস আক্তার: আমার আটটা ছবি শেষ হয়েছে। প্রতিটাই আসলে নারীপ্রধান চরিত্র ছিল। আপামর জনগণের কাছে বিনোদনের মাধ্যমে শিক্ষাটা পৌঁছাতে চাই। এই ব্রত সামনে রেখেই কিন্তু আমি কাজগুলো করছি। একজন পুরুষ পরিচালক খুব নিখুঁতভাবে, খুব মনোযোগ দিয়ে কিন্তু নারীর সমস্যাকে তুলে ধরতে পারবে না। তার কারণ সে তো এই ব্যাপারটা বোঝে না। তো আমি নারী হিসেবে বলব, আমি সেটাকে অনুধাবন করেই কিন্তু স্ক্রিপ্টে ওইভাবে কাজ করি। সামনে যেসব নারী পরিচালক হিসেবে আসবে, তাদেরও কমিটমেন্ট থাকা উচিত।

রেদওয়ান রনি: আমি আমার কমিটমেন্টের ক্ষেত্রে তো অবশ্যই চিন্তা করব। কিন্তু একই সঙ্গে জিনিসটা যেন আরোপিত না হয়। এ ক্ষেত্রে আমি মনে করি, ভবিষ্যতে চিন্তার জায়গা থেকে নারীকে খুব সুন্দর করে উপস্থাপন করব। সেই সৌন্দর্য শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, মানসিক সৌন্দর্যও। এটা অবশ্যই আমি চিন্তা করব, শুধু একজন পুরুষ পরিচালক হিসেবে নয়, একজন পরিচালক হিসেবে এবং মানুষ হিসেবে। 

নাবিলা: আমি বলব, অবশ্যই সমস্যা রয়েছে। নারীদের সমস্যা আগেও ছিল, এখনো আছে। কত সময় পরে গিয়ে আমরা এগুলো অতিক্রম করতে পারব, আমি আসলে জানি না। কিন্তু কিছু পরিবর্তন হচ্ছে। আমি খুবই পজিটিভ মানুষ। আসুন আমরা পজিটিভটা নিয়েই ভাবি, পজিটিভটাই দেখাই।

আনিসুল হক: প্রতিদিনের জীবনাচরণে আমি আমার সংসারে, আমার পরিবার, আমার সমাজে চলার পথে কী আচরণ করছি, সেটা কি পুরুষবাদী আচরণ, নাকি নারীবাদী আচরণ, নাকি একটা ভারসাম্যময় সুন্দর পৃথিবীর অচরণ। এটা খুবই গুরুত্বপূর্ণ। 

মনে রাখতে হবে, চলচ্চিত্রের পর্দায় আমরা যা দেখাই, সেটা কিন্তু মানুষ শেখে। সেখান থেকে মানুষ ধারণা তৈরি করে। বিশেষ করে তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মের জন্য আমাদের চলচ্চিত্রের পর্দা নারীবান্ধব হয়ে উঠুক এবং নারী–পুরুষের সাম্যভিত্তিক সমাজ গড়ে তুলতে আমাদের চলচ্চিত্র একটা জোরালো অস্ত্র হিসেবে এগিয়ে আসুক।

আলোচক

নারগিস আক্তার: চলচ্চিত্র পরিচালক

রেদওয়ান রনি: চলচ্চিত্র পরিচালক 

নাবিলা: অভিনয়শিল্পী

নুসরাত আমিন: কমিউনিকেশনস ম্যানেজার, 

প্ল্যান ইন্টারন্যাশনাল

জয়া আহসান: অভিনয়শিল্পী 

(ভিডিও কলে যুক্ত) 

সঞ্চালক: আনিসুল হক

সহযোগী সম্পাদক, প্রথম আলো