হাল আমলের ব্যবসা সফল একটি চলচ্চিত্রে এক নায়ক, দুই নায়িকা। দুই নায়িকাই নায়কের সঙ্গ পেতে জীবনপণ করেছেন। ওদিকে সর্বগুণে গুণান্বিত নায়ক ইচ্ছা করলেই যে কারও সঙ্গে প্রেম করতে পারেন।
সম্প্রতি এই চলচ্চিত্র দেখে রাজধানীর বলাকা সিনেমা হল থেকে বেরিয়ে দর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, চিরাচরিত বাংলা সিনেমায় নারী চরিত্রকে যে অবমাননাকর ভঙ্গিতে উপস্থাপন করা হয়, এটিও তার ব্যতিক্রম নয়।
মাহবুবুল হক ভূঁইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অবকাশে ঢাকায় এসে তিনি চলচ্চিত্রটি দেখেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এ চলচ্চিত্র পুরুষ চরিত্রকেন্দ্রিক। এখানে মুখ্য নারী চরিত্রটির পোশাক, কথা বলার ভঙ্গি এবং সার্বিকভাবে তার উপস্থাপন সামাজিকভাবে নারীকে হেয় করে। চলচ্চিত্রনির্মাতা নারীকে বিনোদনের উপকরণ হিসেবে দেখেছেন।
চলচ্চিত্র সমালোচক ও গবেষকেরা বলছেন, বাংলাদেশে বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে নারীর উপস্থাপনায় তেমন কোনো বদল ঘটেনি। এই উপস্থাপন দর্শকদের প্রভাবিত করে। তাদের রুচি ও মতামত তৈরিতে নেতিবাচক প্রভাব ফেলে।
বাংলা চলচ্চিত্রের ইতিহাস গবেষক ও চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াৎ প্রথম আলোকে বলেন, চলচ্চিত্রে নারীকে দেখানো হচ্ছে পুরুষের দৃষ্টিভঙ্গি থেকে। চলচ্চিত্রের কাহিনিতে নিয়ন্ত্রণকারীর ভূমিকায় পুরুষ। প্রযোজকদের মুনাফা তৈরির মানসিকতার কারণে এটা ঘটছে বলে তিনি মনে করেন।
বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের গবেষণা সহকারী জেনিনা ইসলাম আবির ‘সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রে জেন্ডার সংবেদনশীলতা: একটি পর্যালোচনা’ শিরোনামে সম্প্রতি একটি গবেষণা করেছেন। ২০১১ থেকে ২০১৪ সালে মুক্তি পাওয়া তিনটি চলচ্চিত্র বিশ্লেষণ করা হয়েছে গবেষণায়।
গবেষণায় একটি চলচ্চিত্র সম্পর্কে বলা হয়েছে, অ্যাকশন ঘরানার এ ছবিতে মুখ্য নারী চরিত্রের পরনে হাই হিল জুতা, কড়া মেকআপ, সংক্ষিপ্ত পোশাক। অন্যদিকে মুখ্য পুরুষ চরিত্রটির পেশিবহুল বাহু, দৃঢ় চোয়াল। এ চলচ্চিত্রে নারীকে সহজলভ্য হিসেবে দেখানো হয়েছে এবং নারীদের গৃহবধূ হিসেবে ঘরে থাকাই ভালো—এই ধারণা প্রচার করা হয়েছে। অপর দুটি চলচ্চিত্র বাণিজ্যিক ঘরানার না হলেও সেগুলোতে নারীর উপস্থাপন অবমাননাকর।
চলচ্চিত্র বিশ্লেষক ও গবেষকেরা বলছেন, চলচ্চিত্রগুলোর নাম রাখার মধ্যেও নারীর প্রতি সমাজের নেতিবাচক মনোভাব স্পষ্ট হয়ে ওঠে। গরিবের বউ, চাঁদের মতো বউ, তোমাকে বউ বানাব, জংলি মেয়ে, রাঙা বউ, সখী তুমি কার, লেডি স্মাগলার, দজ্জাল শাশুড়ি, স্বামীর সোহাগ ইত্যাদি নাম নারী সম্পর্কে একমুখী পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক।
সংস্কৃতিকর্মী রোকেয়া রফিক ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একমাত্র নারী সদস্য। প্রথম আলোকে তিনি বলেন, চলচ্চিত্রশিল্পের বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত নারীর প্রতি সংবেদনশীল মনোভাব তৈরি হয়নি। মানুষকে হাসানোর জন্য এক পুরুষের চার স্ত্রী দেখানো হচ্ছে। আর অদ্ভুতভাবে এই চার স্ত্রী তাদের স্বামীকে সমানভাবে ভালোবাসছে। অদ্ভুত সংলাপ ব্যবহৃত হচ্ছে। ‘আইটেম সং’ নামে একধরনের গানকে জরুরি বলে ভাবা হচ্ছে। এসবই হচ্ছে ব্যবসায়িক মনোভঙ্গি থেকে। সেন্সর বোর্ডকে একটি নির্দিষ্ট নীতিমালার আলোকে কাজ করতে হয়। এই নীতিমালার সংস্কার প্রয়োজন। তবে এসবের পাশাপাশি দেশে এখন অনেক ভালো চলচ্চিত্রও তৈরি হচ্ছে বলে তিনি মনে করেন।
সেন্সর বোর্ডের আরেক সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার প্রথম আলোকে বলেন, বাংলা চলচ্চিত্রে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে চলচ্চিত্রে নারীর পোশাক বা বক্তব্যে নারীকে অশালীনভাবে উপস্থাপনের মাত্রা কমে এসেছে। নারীকে অবমাননাকরভাবে উপস্থাপনের জন্য এর মধ্যে কয়েকটি চলচ্চিত্র নিষিদ্ধ করেছে সেন্সর বোর্ড।
চলচ্চিত্রনির্মাতা শামীম আখ্তার বলেন, সেন্সর বোর্ডে কতজন নারী সদস্য থাকলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ, যিনি বা যাঁরা থাকলেন তাঁরা যোগ্য কি না। তা ছাড়া দেশে এখনো হাতে গোনা কয়েকজন নারী নির্মাতা কাজ করছেন। নারী নির্মাতার সংখ্যা বাড়লেই যে চলচ্চিত্রে নারীর অবস্থানের বদল ঘটবে তা নয়। বর্তমানে চেতনার জায়গাটাতেই ঘাটতি রয়ে গেছে।