চলচ্চিত্রে রবীন্দ্রনাথ
চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র রবীন্দ্র চলচ্চিত্র উৎসবের আয়োজন করে চলচ্চিত্রকার রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দিয়েছে চট্টগ্রামের দর্শকদের। ২৫ ও ২৬ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের আয়োজনে চলছিল রবীন্দ্র চলচ্চিত্র উৎসব। প্রদর্শনী দেখে মন্তব্য করলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গোবিন্দচন্দ্র পাল, ‘কবিগুরুকে নতুন করে জানতে পারলাম। রবীন্দ্রনাথ যে একজন চলচ্চিত্রকারও ছিলেন, তা আগে জানা ছিল না। এই চলচ্চিত্র অধিবেশনের মাধ্যমে আরেক মাত্রায় রবীন্দ্রনাথকে পেলাম। স্টোরি অব গীতাঞ্জলি চলচ্চিত্রটি অনেক ভালো লেগেছে। চলচ্চিত্রকেন্দ্রকে ধন্যবাদ যে এ ধরনের কিছু প্রামাণ্য চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করেছে।’দুই দিনের অনুষ্ঠানে রবীন্দ্র গল্প ও উপন্যাস অবলম্বনে নির্মিত ছয়টি কাহিনিচিত্র এবং রবীন্দ্রনাথকে নিয়ে নির্মিত চারটি প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়। ‘ছায়াচিত্রে রবীন্দ্রনাথ’ শীর্ষক বক্তৃতা দেন চলচ্চিত্র গবেষক ও সত্যজিৎ বিশেষজ্ঞ আনোয়ার হোসেন পিন্টু।ছুটির দিন থাকায় দুই দিনই বেশ দর্শকসমাগম দেখা যায় এবং অনেক দর্শককেই একটি ছবি দেখে পরের ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে দেখা যায়। শাস্তি চলচ্চিত্রের প্রদর্শনী শেষে কথা হয় চারুকলা ইনস্টিটিউটের ছাত্র সোহরাবের সঙ্গে। তিন বলেন, ‘চাষী নজরুল ইসলাম পরিচালিত শাস্তি চলচ্চিত্রটি ভালোই লেগেছে। এর মেকিং ভালো ছিল। প্রথম দিকে গতানুগতিক বাংলা সিনেমার স্টাইলে হলেও শেষ দিকে কিছু এক্সপ্রেশনের কাজ ভালো লেগেছে।’ উৎসবের প্রথম দিন যান্ত্রিক ত্রুটির কারণে নৌকা ডুবি চলচ্চিত্রটি দেখাতে পারেনি। এর পরিবর্তে দেখানো হয়েছে পোস্ট মাস্টার ও সমাপ্তি। এ ছাড়া ছিল রবীন্দ্রনাথের নটীর পূজা, সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ও চারুলতা।দ্বিতীয় দিন দেখানো হয় অলোক বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত কালার অব ড্রিমস, কুমার সাহানী পরিচালিত চার অধ্যায়, মলয় ভট্টাচার্য পরিচালিত স্টোরি অব গীতাঞ্জলি, রাজা সেন পরিচালিত ল্যাবরেটরি। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের সাধারণ সম্পাদক গিয়াস আহাম্মদ উৎসব সম্পর্কে বলেন, ‘আমরা প্রতি মাসেই চলচ্চিত্র অধিবেশনের আয়োজন করি। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং চলচ্চিত্রেও রবীন্দ্রনাথের অবদান তুলে ধরতে এই আয়োজন করি। এবারের আয়োজনে দর্শকদের কাছে থেকে বেশ সাড়া পেয়েছি। প্রতিটি প্রদর্শনীতেই দর্শকের ভিড় ছিল। তুলনামূলকভাবে শাস্তি চলচ্চিত্রটিতে ভিড় কম ছিল।’ এই উৎসবের সহযোগিতায় ছিল চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন।