চলচ্চিত্র নিয়ে জ্ঞানের পিপাসা মেটাতে চান কিংবা গবেষণা করতে চান, অথবা আপনি নিজেই চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন? এ নিয়ে প্রয়োজনীয় জ্ঞান বা পড়াশোনা করা খুবই দরকারি বলে ভাবছেন? তাহলে আপনাকে বলছি, নিশ্চিন্তে চলে যান বাংলাদেশ ফিল্ম আর্কাইভে। চলচ্চিত্র নিয়ে বিশদ জানার বা গবেষণার জন্য উপযুক্ত একটি স্থান হলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। চলচ্চিত্র ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সামগ্রীর সংগ্রহের মাধ্যমে জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। শাহবাগের পথে শেরাটন হোটেল ও বারডেম হাসপাতালের ঠিক মাঝখানে গেলেই চোখে পড়বে এটি। বাংলাদেশ বেতারের ভেতরে একটি ভবনে এর কার্যক্রম চালু আছে। তবে এর ভেতরে ঢুকতে আপনাকে খানিকটা নিরাপত্তা বেষ্টনী পেরোতে হবে। ভেতরে ঢোকার জন্য অনুমতি নিতে হয় কর্তৃপক্ষের কাছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যাওয়ার আগে জেনে নিন কিছু দরকারি তথ্য।কী আছে ফিল্ম আর্কাইভে?প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ দেশি-বিদেশি চলচ্চিত্র সংগ্রহ করে আসছে। বর্তমানে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেশি-বিদেশি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য চলচ্চিত্রের প্রিন্ট এবং নেগেটিভ সংরক্ষিত আছে। এখানেই সংগৃহীত আছে ১৮৯৬ সালে লুমিয়ার ব্রাদার্স নির্মিত পৃথিবীর প্রথম ছবি। বাংলা ছবির মধ্যে উল্লেখযোগ্য মুখ ও মুখোশ (১৯৫৬), আসিয়া (১৯৬০), নদী ও নারী, পালঙ্ক, তিতাস একটি নদীর নাম, জীবন থেকে নেওয়া, স্টপ জেনোসাইড, এ স্টেট ইজ বর্ন, ওরা এগারো জন, আলোর মিছিল, আগুনের পরশমণি প্রভৃতি। ভারতের চলচ্চিত্রের মধ্যে দেবদাস (১৯৩৫), পথের পাঁচালী, অপুর সংসার উল্লেখযোগ্য। রাশিয়ার ব্যাটলশিপ পটেমকিন, মাদার, অক্টোবর; জাপানের রাশোমন, হাঙ্গেরির গোল্ডেন কাইটসহ দেশি-বিদেশি মিলে দুই হাজারের অধিক চলচ্চিত্র সংরক্ষিত আছে এখানে। এ ছাড়া আরও চলচ্চিত্রসংশ্লিষ্ট বই, স্থিরচিত্র, পোস্টার, চিত্রনাট্য, গানের বই, সংক্ষিপ্ত চিত্রকাহিনি, পত্রপত্রিকা, সাময়িকী, জার্নাল সংরক্ষণ করা আছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পাঠাগারে।আছে পাঠাগারে পড়ার সুযোগবাংলাদেশ ফিল্ম আর্কাইভের পাঠাগারে বসে এখানে সংগৃহীত বিভিন্ন বইপত্র পড়া যাবে। এখানে নিয়মিত পাঠকেরা এখানে ১০০ টাকা দিয়ে একটি পরিচয়পত্র নিতে পারবেন। সব শ্রেণীর পাঠক ও গবেষকদের জন্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে। আছে চলচ্চিত্র দেখার সুযোগবাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংগৃহীত ও সংরক্ষিত চলচ্চিত্র থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সবার জন্য কোনো ধরনের টিকিট ছাড়াই একটি করে চলচ্চিত্র নিয়মিত দেখানো হয়। তবে বিশেষ কোনো প্রয়োজনে যেমন গবেষণার কাজে সহায়তার জন্য বিশেষ অনুমতিক্রমে এখানে চলচ্চিত্র দেখা যায় বলে জানান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মোহম্মাদ জাহাঙ্গীর হোসেন।চলচ্চিত্র নিয়ে পড়াশোনা ও প্রশিক্ষণের সুযোগবাংলাদেশ ফিল্ম আর্কাইভে বছরে তিন মাস মেয়াদি দুটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স এবং একটি ছয় মাসব্যাপী উচ্চতর ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স চালু আছে। এখানে পড়তে চাইলে ন্যূনতম এইচএসসি পাস করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা অধ্যয়নরত ব্যক্তিদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। চলচ্চিত্র বিষয়ে বিভিন্ন অভিজ্ঞ ও গবেষকেরা এর পাঠ দিয়ে থাকেন।প্রকাশনা ও কর্মশালাবাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রতিবছর একটি করে বার্ষিক সাময়িকী বের হয়। এখানে চলচ্চিত্র নিয়ে নানা আলোচনা, সমালোচনা, চলচ্চিত্র বানানোর কলাকৌশলসহ চলচ্চিত্র-সংক্রান্ত নানা বিষয় নিয়ে লেখা থাকে, যা চলচ্চিত্রকে আরও ভালোভাবে জানতে সহায়তা করে। এ ছাড়া বিভিন্ন সময় ফিল্ম আর্কাইভ কর্তৃপক্ষ চলচ্চিত্র নিয়ে কর্মশালারও আয়োজন করে।যাঁরা চলচ্চিত্র নিয়ে কাজ করতে চান, আরও ভালোভাবে চলচ্চিত্রের খুঁটিনাটি জানতে চান, তাঁরা চলে যেতে পারেন চলচ্চিত্রের এই বিশাল জ্ঞানভান্ডার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে।