চলচ্চিত্রের প্রথম বাণিজ্যিক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য বানানো পোস্টার।
বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য বানানো পোস্টার।

ফরাসি শহর প্যারিসের রেস্তোরাঁটির নাম স্যালন ইন্ডিয়েন দ্যু গ্র্যান্ড ক্যাফে। এই ক্যাফেতেই আয়োজন করা হলো ১০টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শনের। দিনপঞ্জিকার পাতায় তারিখটি ছিল ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর। সেদিনের সেই চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে রচিত হয়েছিল এক নতুন ইতিহাস। কারণ, সেটি ছিল বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম চলচ্চিত্র প্রদর্শনীর কোনো ঘটনা। এরপর থেকে দুনিয়াজোড়া যেমন চলচ্চিত্র নিয়ে শুরু হয় নানা পরীক্ষা-নিরীক্ষা, তেমনি প্রদর্শন–ব্যবস্থাতেও সময়ের পরিক্রমায় যুক্ত হয়েছে নতুন নতুন সংস্করণ।

চলচ্চিত্রগুলোর নির্মাতা ফরাসি ভ্রাতৃদ্বয় অগাস্ট লুমিয়ের (১৮৬২-১৯৫৪) ও লুই লুমিয়ের (১৮৬৪-১৯৪৮)। অবশ্য এ ইতিহাস তৈরিতে তাঁদের বাবা চার্লস-আন্তোনি লুমিয়েরের কৃতিত্বও কোনো অংশে কম নয়—তিনিই যে সিনেমার পোকাটা ঢুকিয়েছিলেন সন্তানদের মাথায়!

চলচ্চিত্র তৈরি করে তা প্রদর্শনের চেষ্টা চলছিল ১৮৩০-এর দশকের গোড়া থেকেই। যখন বেলজিয়ান পদার্থবিদ জোসেফ প্ল্যাটু এবং অস্ট্রিয়ান গণিতবিদ সাইমন স্ট্যাম্পফার তৈরি করেছিলেন ফেনাকিস্টোস্কোপ, যা দিয়ে একটার পর একটা ছবি ক্রম অনুসারে সাজিয়ে দেখানো যেত। ফেনাকিস্টোস্কোপকে বলা যায় আজকের প্রজেক্টরের আদিরূপ। 

১৮৯০ সালে মার্কিন উদ্ভাবক টমাস আলভা এডিসন ও তাঁর সহযোগী উইলিয়াম ডিকসন প্রথম চলচ্চিত্র ধারণ করার মতো ক্যামেরা তৈরি করেন, যার নাম দেন কিনেটোগ্রাফ। পরের বছরই তাঁরা তৈরি করেন কিনেটোস্কোপ। কিনেটোস্কোপের ফুটো দিয়ে একজন একজন করে একটি চলচ্চিত্রের কিছু অংশ দেখতে পেত। 

১৮৯৪ সালে ফরাসি নাগরিক আন্তোনি লুমিয়ের এডিসনের কিনেটোস্কোপের একটি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন। কিনেটোস্কোপ দেখে মুগ্ধ হয়ে তিনি ফটোগ্রাফিক প্লেটের ব্যবসা নিয়ে ব্যস্ত দুই ছেলেকে এমন একটি যন্ত্র তৈরির বুদ্ধি দেন, যা দিয়ে একসঙ্গে অনেকে মিলে চলচ্চিত্র দেখতে পারে। বাবার উৎসাহে ফ্রান্সের লিঁও নিবাসী দুই ভাই লেগে পড়েন এমন এক যন্ত্র তৈরির কাজে।

বছর ঘুরতেই ফল মেলে। ১৮৯৫ সালের মার্চ মাস নাগাদ তাঁরা একটি ক্যামেরা প্রজেক্টর তৈরি করে ফেলেন, যার নাম দেন সিনেমাটোগ্রাফ। আবিষ্কারের পর যন্ত্রটি দিয়ে প্রথম পরীক্ষা চালান নিজেদের কারখানার শ্রমিকদের সামনে। প্রায় ৯ মাস পর, একই বছরের ২৮ ডিসেম্বর দুই ভাই ফ্রান্সের রাজধানী প্যারিসে বাণিজ্যিকভাবে প্রদর্শন করেন
তাঁদের নির্মিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো।

হিস্ট্রি ডট কম অবলম্বনে
আকিব মো. সাতিল