চলছে আমার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট সন্তান। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম বিশ্ববিদ্যালয়ে পড়ব। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আরও বেড়ে গেল সেই স্পৃহা। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ে হলো না, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সবকিছু ভালোই চলছিল।
হঠাৎ জীবনের হিসাবনিকাশ বদলে যেতে থাকে। বাড়ি থেকে আমার জন্য পাত্র দেখতে থাকে। আমারও অমত ছিল না। ২০১৪ সালের ৬ মার্চ বিয়ে হয় আমার। আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পড়াশোনা এবং সংসার একত্রে করা শুরু করলাম। বাবাও তাঁর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আমার সংসার সাজিয়ে দিতে চেষ্টা করেন। আমার সব আবদার বাবা মেটাতেন খুশিমনে। আমার লেখাপড়ার খরচও বাবা দিতেন। সমস্যা ছিল আমার স্বামীকে নিয়ে। বাবার কারণে সবকিছু চুপচাপ সহ্য করতাম। বাবার বাড়িতে বেড়াতে গেলে আমাকে মারধর করতেন আমার স্বামী। শ্বশুরবাড়ির লোকজন আমার বাবার কাছ থেকে এটা-সেটা চাচ্ছিলেন। কিন্তু দিনে দিনে তাঁদের সেই চাহিদা বেড়ে যেতে লাগল। একদিন সেই অত্যাচার সীমা ছাড়িয়ে গেল। আমাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে সে পালিয়ে গেল। সেদিনের পর থেকে আমি প্রতিবাদ করা শিখলাম। আমার স্বামী এই প্রতিবাদ মানতে পারেননি। বাইরে আমাকে নিয়ে আজেবাজে কথা বলতে থাকেন। এমনকি অফিসে বলেন, সন্তান প্রসব করতে গিয়ে আমি মারা গেছি। এখন আমি আর ভয় পাই না। নিজেকে নিয়ে একদম হতাশ নই।
আমার লড়াই শুরু হয়েছে। সামনে আশার আলো। নিজের সব প্রতিভা ও যোগ্যতা দিয়ে নিশ্চয় আমি এগিয়ে যেতে পারব।
রিফাত জাহান, খুলনা।