চলছে কারুমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের নানা অঞ্চলের কারুপণ্য পাবেন এ মেলায়। ছবি: নকশা
দেশের নানা অঞ্চলের কারুপণ্য পাবেন এ মেলায়। ছবি: নকশা

আমেরিকাপ্রবাসী মায়ের জন্য নকশিকাঁথার খোঁজ করতে বেঙ্গল ফাউন্ডেশনের লোক ও কারুশিল্প মেলায় এসেছিলেন সাবিহা সালেক। জানালেন, মা খুব মনে করেন দেশের কথা। স্থানীয় শিল্পীদের হাতে তৈরি নকশিকাঁথা কিনতে তাই এ মেলায় আসা।

.
.

রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে বেঙ্গল ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের যৌথ উদ্যোগে চলছে লোক ও কারুশিল্প মেলা। বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্রশেখর সাহা জানালেন, কারুশিল্পের কোনো একটি বিশেষ পণ্যকে থিম ধরে চার বছর ধরে বেঙ্গল ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে তাঁরা কারুশিল্প পুরস্কার প্রদান করে আসছেন। এবারের বিষয় ছিল নকশিকাঁথা। কারুশিল্পীদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাঁদের পণ্যগুলো যাতে সবার কাছে পৌঁছে দেওয়া যায়, এই লক্ষ্য নিয়েই মেলার আয়োজন করা হয়।
নকশিকাঁথার পাশাপাশি মেলা প্রাঙ্গণে দেখা মিলল পুরান ঢাকার শঙ্খ আর শোলার পাখি, ধামরাইয়ের পিতল-কাঁসা, সোনারগাঁওয়ের কাঠের পুতুল-ঘোড়া, রাজশাহীর মাটির খেলনা, বরিশালের কাগজের মুখোশ, কাপড়ের গয়নাসহ আরও নানা আয়োজন। প্রায় ৩০ বছর ধরে কাঠের খেলনা তৈরি করছেন সোনারগাঁয়ের আশুতোষ সূত্রধর। জানালেন, সারা বছরই অপেক্ষা করেন এই মেলার জন্য। কারুপণ্য বিক্রির পাশাপাশি ক্রেতাদের সামনে নিজ হাতে কীভাবে পণ্যটি তৈরি করা হয় তাও দেখানোর সুযোগ থাকে মেলায়। এ ছাড়া এবারের মেলার বিশেষ আকর্ষণ থাকছে শোলার তৈরি কারুপণ্য এবং কাপড়ের গয়না তৈরির কর্মশালা। মেলায় মোট স্টল আছে ১১টি। মেলা চলবে আজ রাত ১০টা পর্যন্ত।