চলছে কুটিরশিল্পের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) উচ্চবিদ্যালয় ও কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী জাসিয়া সিদ্দিকী ও ফারজানা খায়ের। ক্লাস শেষে মেলায় ঘুরতে এসেছেন। কী কিনবেন জিজ্ঞেস করতেই জানালেন, ‘মাত্র তো মেলা শুরু হলো। দেখি কী কী পাওয়া যাচ্ছে। ভালো লাগলে কিনব।’ ১০ মে বাওয়া স্কুল ও কলেজের মাঠে শুরু হয়েছে বস্ত্র ও ক্ষুদ্র কুটিরশিল্প মেলা। মেলার আয়োজন করেছেন হস্তশিল্প, তাঁতশিল্প, কারুশিল্প, জামদানি শিল্প সমিতির পাঁচ সদস্য। তাঁরা হলেন—কামাল হোসেন, আবু বকর সিদ্দিক, জয়নাল আবেদিন, আলী হোসেন ও কামরুল জামান। মাসব্যাপী মেলা মোটামুটি জমে ওঠে বিকেল থেকে। ক্রেতাদের বেশির ভাগই নারী, শিশু ও কিশোরী। মেলায় মেয়েদের ত্রিপিস, ফতুয়া, জুতা, শাড়ি, গহনা, শিশুদের পোশাক, ছেলেদের শার্ট, পাঞ্জাবি, ফতুয়া ও ঘর সাজানোর উপকরণ পাওয়া যাচ্ছে। সুতি কাপড়ের ওপর ক্যাটওয়ার্ক, অ্যাপ্লিক, স্ক্রিনপ্রিন্ট, ব্লক ও এম্ব্রয়ডারি করা ত্রিপিস বিক্রি হচ্ছে ২৫০ থেকে এক হাজার ৮০০ টাকায়। রঙের ডিজাইনার শাহ আলম জানান, ‘আমরা দেশের বিভিন্ন মেলায় অংশ নিচ্ছি এবং কোন জেলায় রঙের কাপড়ের চাহিদা কেমন তার ওপর জরিপ চালাচ্ছি। আমাদের স্টলে ৯৫০ টাকা দামের কিছু বুটিকসের কাপড় আছে যা মেলার অন্য কোনো স্টলে নেই।’ সোনারগাঁর তৈরি জামদানি শাড়ি নিয়ে এসেছেন সালমান জামদানি। দাম ৬০০ থেকে আট হাজার টাকার মধ্যে। এ ছাড়া ২৩০ থেকে দেড় হাজার টাকায় পওয়া যাচ্ছে সুতি শাড়ি। বিক্রয়কর্মী মো. রানা জানান, ‘মূলত মেয়েরাই আমাদের ক্রেতা। গরমের দিন বলেই হয়তো সুতি শাড়ি প্রচুর বিক্রি হচ্ছে।’ নারী, পুরুষ, শিশু—সবার জন্য পোশাক সাজিয়েছে তালুকদার ফ্যাশন। শিশুদের পোশাক ৬৫ থেকে দেড় হাজার টাকায়, শার্ট ১৫০-৬০০ টাকায় এবং মেয়েদের থ্রিপিস ৩৫০ থেকে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার বিক্রি কম হচ্ছে বলে জানান তালুকদার ফ্যাশনের মালিক মো. আলতাফ। মেলার অন্যতম আকর্ষণ মাটির তৈরি ডিনার সেট ও মাটির ঘণ্টি। ১০০ টাকায় ঘণ্টি ও ৩৫০ থেকে ৭০০ টাকায় ডিনার সেট পাওয়া যাচ্ছে রকমারিতে। পাশাপাশি রয়েছে ১২০ টাকায় মাটির প্লেট, ফুলদানি ও কাপড়ের তৈরি ফুল। বিক্রয়কর্মী মানিক রতন বলেন, ‘এখনো সব পণ্য আসেনি। মাটির তৈরি আরও জিনিস আসবে।’ মাত্র ১৫০ টাকায় মেয়েদের জুতা বিক্রি করছে আসলাম সুজ। ব্যবস্থাপক শাহ আলম জানান, ‘আমাদের নয়জন কর্মচারী সবার বেতন দিয়ে মেলায় তেমন লাভ হচ্ছে না। তবে সব মেলায় লাভ হয় না, প্রচারটাই আসল।’ তবে মেলায় নানান রকম খাদ্যপণ্যের দোকানও বসেছে কয়েকটি। বাদাম, চকলেট, আচার, চিপস, নকশিপিঠা সাজিয়ে বসেছেন জাকিয়া ফুডসের মালিক তানভীর আহমেদ। তিনি বলেন, ‘গত বছরও ভালো বিক্রি করেছি। এবারও মোটামুটি ভালো চলছে। খাবারের দোকান সবসময় ভালো চলে।’ মেলা আগামী ১০ জুন পর্যন্ত চলবে।