চলছে কেনাকাটার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ঈদের কেনাকাটা বিপণিবিতান (নিউ মার্কেট) ছাড়া হতো না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। কয়েক বছরে নগরে গড়ে ওঠা অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিপণিকেন্দ্রগুলোতে ছুটছেন ক্রেতাদের একটা অংশ। তবে প্রতিযোগিতার মুখে পড়েও জৌলুস হারায়নি বিপণিবিতান। ক্রেতাদের সরগরম উপস্থিতি অন্তত সে কথাই বলছে। কেবল বিপণিবিতান নয়, রিয়াজউদ্দিন বাজারেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত লেগেই আছে ভিড়। শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী নারী-পুরুষের পদচারণে মুখর হয়ে উঠেছে এই দুটি বিপণিকেন্দ্র।এই দুই বিপণিকেন্দ্রে পোশাকের সংগ্রহ, দাম ও মানে কিছুটা ভিন্নতা আছে। তবে কাছাকাছি দূরত্বে হওয়ায় এক বিপণিকেন্দ্রে আসা ক্রেতারা ঢুঁ মারেন পাশেরটায়ও। প্রতিযোগিতার চাপে কিংবা সময়ের সঙ্গে পাল্লা দিতে এখন বিপণিবিতানেও বেশ কিছু দেশি-বিদেশি ব্র্যান্ডের শোরুম গড়ে উঠেছে। পাশাপাশি পাল্টে গেছে দোকানের অন্দরসজ্জাও। দেশীয় শোরুমের মধ্যে এই বিপণিবিতানে আছে শৈল্পিক, প্রাইড, জেন্টলপার্ক, হ্যান্ডিবাজার, খাকি, নক্ষত্রসহ আরও বেশ কয়েকটি বুটিক হাউসের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে শার্ট, টি-শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, প্যান্ট। স্বাভাবিকভাবেই এখানে তরুণদের ভিড়ই বেশি। বন্ধুর সঙ্গে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্র মোরশেদুল করিম এসেছেন ঈদের কেনাকাটার জন্য। বেশ কয়েকটি শার্ট-প্যান্টের দোকান ঘুরে শেষে পছন্দমতো শার্ট মিলেছে জেন্টলপার্কে এসে। তিনি এক হাজার ৩০০ টাকা দিয়ে একটি শার্ট কিনেছেন বলে জানালেন। এ ছাড়া নিচতলায় আরও আছে অদুদ ফ্যাশন, শাড়ি কালেকশন, প্রাইড, পাবনা স্টোরসহ বেশ কয়েকটি শাড়ির দোকান। পাবনা স্টোরে গিয়ে কথা হয় স্টোরের মালিক মো. শাহাদাৎ হোসাইনের সঙ্গে। তিনি বলেন, ‘ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিউ মার্কেটে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। বিকিকিনিও এবার জমজমাট।’বিক্রেতারা বলছেন, এবার ক্রেতাদের ঝোঁক নেট, কাতান ও দোপিয়ান কাপড়ের ওপর হালকা কাজের দৃষ্টিনন্দন শাড়ির দিকে। এসব শাড়ির মূল্য সর্বনিম্ন পাঁচ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। বুটিক হাউস শৈল্পিকে সেমিলং ঢঙের পাঞ্জাবির দাম এক হাজার ২০০ থেকে সাত হাজার টাকা পর্যন্ত। টি-শার্টের দাম ৩০০ থেকে ৬০০ টাকা। চেক কাপড়ের ক্যাজুয়াল শার্টের দাম ৮০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা। মেয়েদের লংকাট সেলোয়ার-কামিজের দাম পড়বে এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকা। তরুণী-মহিলাদের ভিড় ছিল ব্যাগ, জুয়েলারি এবং জুতার দোকানে। গত মঙ্গলবার দুপুরে বিপণিবিতানের রাটা বাজারে মেয়েকে নিয়ে জুতা নিতে আসেন আনিকা জোবাইদা। তিনি বলেন, ‘নিজের এবং মেয়ের জন্য ঈদের পোশাক কেনা শেষে জুতা মেলানোর জন্য বিপণিবিতানে এসেছি।’ নবজাতক থেকে ১৪ বছর পর্যন্ত বয়সের শিশুদের পোশাক নিয়ে বিপণিবিতানে নতুন সাজে সেজেছে জিন্নাত গার্মেন্টস। বিক্রেতারা জানান, ভারত, চীন ও থাইল্যান্ডে তৈরি বাচ্চাদের পোশাক বিক্রি হচ্ছে এখানে। সুতি ও গেঞ্জির কাপড়ে তৈরি মেয়েদের ডিভাইডার, ফ্রক, স্কার্ট-টপস, থ্রি-পিসের দাম পড়বে ৫৩০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। ছেলেদের শার্ট, প্যান্ট, টি-শার্ট ও পাঞ্জাবি সেট পাওয়া যাবে ৩২০ থেকে দুই হাজার টাকায়।রিয়াজউদ্দিন বাজারএকদিক থেকে কেনাকাটার স্বর্গই বলা যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারকে। এখানে সব আয়ের মানুষের পছন্দসই জিনিস সহজেই পাওয়া যায়। তাই রোজার শুরু থেকেই দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার বিক্রয়কর্মীরা। শাড়ি, পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুতা এমনকি ঈদে গৃৃহসজ্জার নানা উপকরণও মেলে রিয়াজউদ্দিন বাজারে। এই বিপণিকেন্দ্রে সর্বনিম্ন ৪০০ থেকে শুরু করে ২৫ হাজার টাকা দামের শাড়িও পাওয়া যাচ্ছে। রিয়াজউদ্দিন বাজারের প্রগতি মার্কেটের প্রগতি ক্লথ স্টোরের মালিক মো. নুরুল আমিন বলেন, বৃষ্টি হলেও বেচাকেনা থেমে নেই। ঈদের বেচাকেনা শুরু হয়ে গেছে পুরোদমে। ঢাকার মিরপুর, পাবনা, টাঙ্গাইল ও ভারত থেকে শাড়ি আনা হয়েছে এবার। জামদানি, সুতি, কাতান, তাঁত, টাঙ্গাইল, সিল্কসহ প্রায় সব ধরনের শাড়িই আছে। শাড়ির দাম প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিন থেকে ছয় হাজার টাকা দামের শাড়ির ক্রেতাই সবচেয়ে বেশি। বেশি দামি শাড়ির ক্রেতাও আছে। রিয়াজউদ্দিন বাজারের প্রতিটি গলিতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। শাড়ি, গয়না, গেঞ্জি, লুঙ্গি থেকে শুরু করে জিনস, টি-শার্টের দোকানেও কেনাকাটা চলছে সমানতালে। দোকানগুলো খোলা থাকছে গভীর রাত পর্যন্ত। কথা হয় নগরের পাথরঘাটা থেকে পোশাক কিনতে আসা সেলিনা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘এখন বাচ্চাদের পোশাক কিনছি। নিজের জন্য কয়েকটি শাড়িও দেখে রেখেছি। আগামী সপ্তাহে নিজের জন্য কিনব।’