চলছে গাড়ি খাবার নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক তরুণই আজকাল এমন উদ্যোগ নিচ্ছেন। ছবি: অধুনা
অনেক তরুণই আজকাল এমন উদ্যোগ নিচ্ছেন। ছবি: অধুনা

ঢাকা শহরের বেশ কিছু জায়গায় আজকাল চোখে পড়ছে খাবারের গাড়ি। এ ধরনের গাড়ির আশপাশে ভিড় করেন অনেকেই। খাবার কিনে নিয়ে যান বা সময়-সুযোগ হলে ওখানে বসেই খেয়ে নেন। আবার একেক গাড়িতে একেক রকম খাবার। এসব খাবারের গাড়ি বা ফুড কার্ট যাঁরা নামিয়েছেন রাস্তায়, তাঁদের বেশির ভাগই তরুণ৷
গাড়িতে করে খাবার বিক্রির ব্যবসা যাঁরা করেন, তাঁদেরই একজন মাহের চৌধুরী। ঢাকার বনানীর ৭/বি রাস্তার মুখেই হট স্টাফ নামে একটি খাবারের গাড়িতে নিজের ব্যবসা শুরু করেছেন তিনি। হট স্টাফের বৈশিষ্ট্য হচ্ছে, বাড়িতে তৈরি খাবার বিক্রি হয় এ গাড়ি করে। রান্নাবান্নার পুরোটাই দেখছেন মাহেরের মা নার্গিস চৌধুরী।
রমজান মাসের শুরু থেকে প্রতিদিন বিকেল চারটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত হট স্টাফে ইফতারি বিক্রি করা হচ্ছে। পরাটার সঙ্গে গরু বা মুরগির মাংসের ভুনা, কাবাব রোল, গরুর মাংসের তেহারি, মোরগ পোলাও, চিকেন চপ, চিকেন কাঠি কাবাব, চিকেন সমুচা, বিশেষভাবে তৈরি পেঁয়াজু, সবজি পাকোড়া ইত্যাদি। ঈদের পর দুপুর থেকে রাত অবধি থাকবে আরও রকমারি সব খাবার।

একেক গাড়িতে একেক রকম খাবার।
একেক গাড়িতে একেক রকম খাবার।

এই ব্যবসায় উদ্যোগের শুরুর কথা জানালেন মাহের চৌধুরী। বললেন, ‘দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এলাম। শুরু থেকেই চেয়েছিলাম নিজেই কিছু একটা করতে। ইচ্ছা হলো খাবারের দোকান চালু করার। বিদেশে থাকতে সেখানে দেখেছি ছোট ছোট খাবারের গাড়ি। ঢাকায় এখন বেশ কয়েকটি এলাকায় এমন গাড়ি দেখা যাচ্ছে। তাই ঝটপট নিজেও তৈরি হয়ে শুরু করলাম।’
খাবারের গাড়ি কেমন হবে, এই নকশা মাহের তৈরি করে নিয়েছেন এক বন্ধুর কাছ থেকে। এরপর ধোলাইখাল থেকে বিশেষ এই গাড়ি তৈরি করে নেন। গাড়ি নির্মাণের কাজটা তদারক করেছেন মাহেরর বাবা সেলিম চৌধুরী। এই গাড়ির ভেতরের দিকে আছে খাবার গরম রাখার চুলা। তার ওপরে খাবারের ট্রে বসিয়ে খাবার সাজিয়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। ক্রেতা ফরমাশ দিলেই গরম খাবার সরবারহ করা হয় প্যাকেটে। নিচের দিকে চাকা আর ওপরে ছাউনি দিয়ে ঢাকা। অর্ডার দিয়ে বাড়িতে খাবার নেওয়ার সুবিধাও আছে।
রাস্তায় খাবারের গাড়ি যেগুলো দেখা যায়, সবগুলোরই বৈশিষ্ট্য কমবেশি একরকম। বনানীর ১০ নম্বর রাস্তার পাশে আছে গ্রিল অ্যান্ড পাট্টি নামে খাবারের গাড়ি। ধানমন্ডির সাতমসজিদ রোডের পাশে আছে হট বক্স নামের একটি গাড়ি। নানা ধরনের ফাস্ট ফুড খাবার তারা গাড়িতেই তৈরি করে দেয়। মিরপুর ১০ নম্বর গোল চত্বরের আগেই মূল সড়কের আশপাশে গাড়িতে খাবার বিক্রি করে ‘ফুড জংশন’।
আসলে লেখাপড়া শেষ করে চাকরি করতে হবে, এমন কোনো কথা নেই। নতুন অভিনব ভাবনা থেকে শুরু করতে পারেন এ ধরনের কাজ। এই যুগে ভালো একটা ‘আইডিয়া’ই দিতে পারে ব্যবসায়িক সাফল্য।