চলছে ডিজিটাল সেবার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আষাঢ়ের আকাশে কখনো মেঘ কখনো রোদ্দুর। হরতালে রাস্তাঘাট বেশ ফাঁকা। তবে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সামনে মানুষের আনাগোনা। একদিক দিয়ে সারিবদ্ধভাবে মানুষ প্রবেশ করছে আর অন্য দিকে হাত বোঝাই নানা ধরনের কাগজ নিয়ে বের হচ্ছে। এখানে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। গত বুধবার শুরু হওয়া এই মেলা শেষ হচ্ছে আজ। বিজ্ঞান ও আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) মন্ত্রণালয়, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প এ মেলার আয়োজক। ৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেন।গত বছরের মার্চ মাসে একই জায়গায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা।এবার মেলার দ্বিতীয় আয়োজনে প্রথমবারের ধারাবাহিকতা ভালোই দেখা যাচ্ছে। এ কথা উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। গত বছরের মেলার চেয়ে চলতি বছরের মেলায় সরকারের ডিজিটাল সেবা আরো বেশিহারে দেখা যাচ্ছে।নতুন অনেক সেবাই চোখে পড়ে এ মেলায়।এই মেলায় সরকারের ৩১টি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তিভিত্তিক নানা রকমের সেবা (ই-সার্ভিস) প্রদর্শন করছে। পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ, সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে।মেলায় প্রতিটি মন্ত্রণালয়ের আলাদা আলাদা স্টলে বিভিন্ন ডিজিটাল সেবা দেখানো হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের স্টলে টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তৈরি দোয়েল ব্রান্ডের নমুনা ল্যাপটপ কম্পিউটার দেখানো হচ্ছে। চারটি মডেলের নেটবুক ও ল্যাপটপ তৈরি করা হচ্ছে। শিগগিরই এগুলো বাজারে আসবে আর দাম হবে ১২ হাজার থেকে ২০ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের স্টলে দেখা গেল ব্যানবেইজের ওয়েবসাইটে (www.banbeis.gov.bd) যে কেউ তাঁর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবে। আবার একটি স্থানে কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান আছে তা জানা যাবে। এ ছাড়া বিভিন্ন উচ্চশিক্ষার খবর জেনে নিতে পারবেন এখান থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণীর ই-বুক অনলাইনে দেখানো হচ্ছে। এখানের ওয়েবসাইট থেকে ইন্টারনেটে এই বইগুলো পড়া যাবে। বাংলাদেশ নির্বাচন কমিশন দেখাচ্ছে ইলেকট্রনিক ভোটিং যন্ত্র (ইভিএম)। এটির মাধ্যমে ব্যালট বা কাগজে সিল মেরে ভোট দেওয়ার ঝক্কি-ঝামেলা নেই। ভোটারের পছন্দের প্রতীকের পাশে সুইচ টিপে ভোট প্রদান করা যাবে আর ভোট গণনাও করা যাবে এ যন্ত্রে।র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে ও অপরাধীদের শনাক্ত করতে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ব্যবহার করছে। সেটিই দেখানো হচ্ছে র‌্যাবের স্টলে। বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি), বিদেশ ভ্রমণের তথ্য পূরণসহ ড্রাইভিং লাইসেন্স প্রদানের সেবা দিচ্ছে। এ ছাড়া বিভিন্ন সমস্যা ও অভিযোগও করা যাচ্ছে পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd)। কৃষি মন্ত্রণালয়ে স্টলে কৃষকদের বিভিন্ন তথ্য এসএমএসের মাধ্যমে প্রদান, ভিডিও সম্মেলনে ফসলের রোগ নির্ণয় করাসহ নানা ধরনের সেবা প্রদর্শন করা হচ্ছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mowea.gov.bd) নারী ও শিশুদের বিভিন্ন অধিকার, আইনি সহায়তাসহ নানা তথ্য পাওয়া যাবে।আপনি কোথাও বেড়াতে যেতে চান কিন্তু কীভাবে সেখানে থাকার বন্দোবস্ত করবেন? বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে (www.parjatan.gov.bd) গিয়ে বিভিন্ন স্থানের হোটেলে বুকিং দিতে পারবেন। এরপর সেখান থেকে আপনার মুঠোফোনে তাদের যোগাযোগের নম্বর এসএমএস করে পাঠানো হবে। ব্যাস, এবার আপনার চাহিদার কথা জানিয়ে দিন সেই হোটেলকে!এত দিন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা শুরুর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের ছাড়পত্রের জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো। কিন্তু এখন অনলাইনেই আবেদন করা যাচ্ছে। আর ছাড়পত্র পেতেও বেগ পোহাতে হচ্ছে না। মাত্র চার ঘণ্টায় পাওয়া যাচ্ছে তা! www.mincom.gov.bd ঠিকানার ওয়েবসাইটে আপনার নানা অভিযোগের কথাও এই মন্ত্রণালয়ে লিখতে পারেন, তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নিজেই এর জবাব দেবেন।বিদেশ থেকে স্বজনের পাঠানো টাকা এসেছে। ব্যাংক নিমিষেই নিজেই জানিয়ে দিচ্ছে প্রাপককে কখন টাকা তুলতে হবে। এই সেবা দিচ্ছে জনতা ব্যাংক।আপনার আয়কর দেওয়ার পরিমাণ জানতে চান? চলে যান জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.nrb-bd.org)। এখানে দেওয়া আছে একটি ক্যালকুলেটর, সেখান থেকে সহজেই আপনার আয়করের পরিমাণ জানতে পারবেন। আয়কর জমার কাগজও জমা দেওয়া যাবে অনলাইনে। একজন ব্যক্তি ঋণ নেওয়ার আগে কেমন অবস্থায় ছিলেন আর ঋণ নেওয়ার পর তাঁর অবস্থা কেমন এ তথ্য জানা যাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।একজন শিক্ষিত বেকারকে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার জন্য আর পায়ে হেঁটে এর অফিসে যেতে হয় না, ওয়েবসাইটে (www.dyd.gov.bd) আবেদন ফরম পূরণ করে এখানে তিনি ফলাফল জানতে পারবেন যে, কবে কোন প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। বাংলাদেশ বেতার বা বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানসূচি ও নানা ধরনের তথ্য জানা যাবে এই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে। মেলায় এসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজ আহমেদ জানান, এখানে এসে জেনে গেলাম কীভাবে মেশিন রিডেবল পাসপোর্ট করতে হয়। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এ সেবা দিচ্ছে।একজন মহিলা গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষকে নানা ধরনের তথ্যপ্রযুক্তিগত সহায়তা যেমন ইন্টারনেটের মাধ্যমে বিদেশের স্বজনদের সঙ্গে কথা বলা, স্বাস্থ্য পরীক্ষা, ছবি তোলাসহ নানা সহায়তা দেবে। তথ্য কল্যাণী নামের এই সেবাটি প্রদর্শন করছে ডিনেট।মেলায় ইকারাস ইনফোটেক লিমিটেড প্রদর্শন করছে দুই ধরনের সেবা। বিডি পেশার মাধ্যমে বাংলাদেশের প্রথম শ্রেণীর চাকরির খবর যেমন পাওয়া যাবে, তেমনি পাওয়া যাবে একেবারে সাধারণ মানের চাকরির খবরও। বাংলাদেশ ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) স্টলে দেখা যাচ্ছে একটি সফটওয়্যারের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেক মানুষ কথা বলার সঙ্গে সঙ্গে একটি পর্দায় একাধিক অনুষ্ঠান দেখার ব্যবস্থা। মেলায় অনলাইনে শপিং করার সুবিধা প্রদর্শন করছে ফিউচার সল্যুশন ফর বিজনেস নামের একটি প্রতিষ্ঠান।আপনার গাড়িটি এখন কোথায়? বা হারানো গাড়ির অবস্থান জেনে গাড়ি খুঁজে বের করার প্রযুক্তি প্রদর্শন করছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রমীণফোন।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রদর্শন করছে এক ধরনের স্মার্ট কার্ড। এই কার্ডে একজন প্রবাসীর সব তথ্য সংরক্ষিত থাকবে। মেলার একটি স্টলে প্রথম আলো জবস ও প্রথম আলো অনলাইন, প্রথম আলো ব্লগ ও বন্ধুসভার ওয়েবসাইটের মাধ্যমে তাদের নানা ধরনের সেবা প্রদর্শন করছে।এভাবে নানা ধরনের ই-সেবা প্রদর্শন করছে বিভিন্ন মন্ত্রণালয়। অনলাইনে টেন্ডার, নিয়োগ বিজ্ঞপ্তি ও এর ফলাফলসহ বেশকিছু সেবা এখন বেশির ভাগ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই চালু হয়েছে। গতকাল জাতীয় ডিজিটাল উদ্ভাবনী পুরস্কার ২০১১ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলা চলাকালীন তথ্যপ্রযুক্তির বিষয়ভিত্তিক একাধিক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। নানা ধরনের ডিজিটাল সেবার এই মেলায় ঘুরে আসার আজই শেষ দিন। চাইলে একবার ঘুরে আসতে পারেন। ডিজিটাল উদ্ভাবনী মেলা ও পুরস্কারের সহযোগী হিসেবে আছে প্রথম আলো, ডেইলি স্টার ও এটিএন নিউজ। আজ শেষদিনেও মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না।