চলছে থিয়েটার ওয়ার্কশপের নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে চলছে থিয়েটার ওয়ার্কশপের ২৫ বছর পূর্তি নাট্যোত্সব। এ উপলক্ষে ১ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমীতে ‘হূদয়জুড়ে মঞ্চ আমার মঞ্চে জাগে প্রাণ’ শিরোনামে আট দিনব্যাপী উত্সব শুরু হয়েছে। উত্সবের উদ্বোধন করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন চন্দ্র শেখর দাশ। স্বাগত বক্তব্যে তাপস শেখর বলেন, ‘উত্সবের মধ্য দিয়ে সংস্কৃতির অগ্রগতি হবে। চট্টগ্রামে নাটকের জন্য উপযুক্ত কোনো মিলনায়তন নেই। একটি পূর্ণাঙ্গ মিলনায়তন অনেক দিনের দাবি। এ ছাড়া সাংস্কৃতিক দলগুলোর জন্য শিল্পকলা একাডেমির ভাড়া পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা দরকার।’ উদ্বোধনী অনুষ্ঠানের পর বোধন আবৃত্তি পরিষদ পরিবেশন করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেবতার প্রেম’ কবিতাটি। সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসে স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম। নাট্যাধার মঞ্চস্থ করে উন্মাদ সাক্ষাত্কার নাটকটি। ২ জানুয়ারি ছায়ানট সংগীত শিক্ষাকেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। কত্থক থিয়েটার মঞ্চস্থ করে পথনাটক রয়েল বেঙ্গল টাইগার। সন্ধ্যা সাতটায় ঊর্ণাজাল নাটকটি মঞ্চস্থ করে নান্দীমুখ। নির্দেশনায় ছিলেন অভিজিত্ সেনগুপ্ত অপু। উত্সব ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আলোকিত প্রতিবেদক