চলছে নদীদূষণ কমছে নাব্যতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় ইছামতীর পাড়ের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়নি। এসব দোকানের বর্জ্য নদীদূষণ করছে, পানির প্রবাহ বাধা পাওয়ায় নাব্যতা কমে যাচ্ছে। ২০০৪ সালে সাবেক জোট সরকারের আমলে বিএনপির একজন প্রভাবশালী নেতার আশীর্বাদপুষ্ট লোকজন দোকানগুলো তৈরি করেন বলে জানান স্থানীয় লোকজন।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, ‘রোয়াজারহাটের পশ্চিমে নদীর পাড় দখল করে গড়ে তোলা দোকান উচ্ছেদে একাধিকবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কিন্তু দখল ছাড়ছেন না কেউ।’তবে ব্যবসায়ীরা জানান, পাউবো দোকান উচ্ছেদে দখলদারদের বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ীদের দিয়েছে। ব্যবসায়ীরা ভাড়াটিয়া হওয়ায় তাঁরা দখল ছাড়ছেন না।স্থানীয় লোকজন জানান, ইছামতি সেতুর গোড়া থেকে প্রায় অর্ধকিলোমিটার জায়গায় দোকান তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে। জোট সরকারের সময় বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারীরা প্রভাব খাটিয়ে দোকান নির্মাণ করে।তাঁরা আরও জানান, ‘পাড় দখল করে দোকান তৈরি করায় পানি প্রবাহ বাধা পায়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পলি জমে নদী ভরাট হয়ে যায়। নদীর পুরোনো সেতুও ক্ষতিগ্রস্ত হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ‘দোকানের কারণে পানি প্রবাহ কমে গেছে। দূষণের কারণে মাছ হারিয়ে যাচ্ছে। প্রায় সময় মাছ মরে ভেসে ওঠে।’ পানি উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া কার্যালয়ের উপপ্রকৌশল কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, দোকানগুলো উচ্ছেদের জন্য পানি উন্নয়ন বোর্ড তিনবার বিজ্ঞপ্তি দিয়েছে। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে দখল ছাড়েননি কেউ।’তিনি বলেন, ‘২০০৮ সালের মাঝামাঝিতে ইছামতি নদীর ঢলে সেতুর গোড়ায় ফাটলের সৃষ্টি হয়। ১৯ কোটি টাকা ব্যয়ে সেতু মেরামত করে পানি উন্নয়ন বোর্ড। নদীর পাড় রক্ষায় ব্লক স্থাপন করার সময় দখলদারেরা বাধা দেন। এ সময় দোকানগুলো উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন দলের প্রভাবে সম্ভব হয়নি।’ আবু নাসের নামে এক ব্যবসায়ী জানান, ‘কয়েকজন দখলদার দোকান তৈরি করে নিজেরা ব্যবসা করছেন। তবে বেশির ভাগ ব্যবসায়ী দখলদারের কাছ থেকে চুক্তিতে দোকান ভাড়া নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড দখলদারদের বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ীদেরই দিয়েছে।’ আবু নাসের জানান, দখল করা জায়গায় নুরুল আমিন ও মো. ইব্রাহিমের একটি করে, আহমদ ছৈয়দ, নুর মোহাম্মদ, মো. মহব্বত, মো. মুনিয়া, মো. ইয়াকুব ও মোহাম্মদ ইউছুপের দুটি করে, সেলিমের তিনটি এবং মোহাম্মদ আলীর চারটি দোকান রয়েছে। এঁরাসহ দখলদারদের অধিকাংশই সাকা সমর্থিত বিএনপির নেতা-কর্মী।এক প্রশ্নের জবাবে ইউছুপ বলেন, প্রতি দোকান এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় ভাড়ায় চলছে। শতাধিক দোকান থেকে দখলদারেরা প্রতিমাসে প্রায় এক লাখ থেকে এক লাখ ২০-২৫ হাজার টাকা ভাড়া পান। দখলদার আহমদ ছৈয়দ বলেন, ‘নদীর পাড় দখল করে সবাই যেভাবে দোকান করেছেন সেভাবে আমিও করেছি। সবার দোকান উচ্ছেদ হলে আমারটাও হবে।’এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে জানান, ‘বর্তমানে রাজনৈতিক কোনো প্রভাব নেই। পানি উন্নয়ন বোর্ড দোকানগুলো উচ্ছেদ করতে চাইলে তাতে আওয়ামী লীগ কোনো প্রভাব খাটাবে না।’ইউসুফ নামে একজন জানান, ‘রোয়াজারহাটের পাশে হওয়ায় ইছামতি নদীর পাড়ে দোকান তুলে ভাড়া দিয়েছি। এতে আমার সংসার চলছে। এ দোকান না থাকলে হয়তো চুরি করে সংসার চালাতে হতো। এখন উচ্ছেদ করলে হয়তো তাই করতে হবে।’ ইছামতি সেতু রক্ষা প্রকল্পের মেরামতকাজ তদারক করছেন পানি উন্নয়ন বোর্ডের কাপ্তাই আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী আবদুল মান্নান। তিনি বলেন, ‘ইছামতি নদীর পাড় থেকে দোকানসহ সব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাতে কাজ না হলে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হবে।’