চলছে মডেল হওয়ার প্রতিযোগিতা
শুরু হয়েছে গ্ল্যামার ওয়ার্ল্ড জাতীয় মডেল পুরস্কার ২০১০। ‘যদি উড়তে চাও আমরা ডানা দেব’ স্লোগান নিয়ে গ্ল্যামার ওয়ার্ল্ডের উদ্যোগে দেশব্যাপী তিনটি ক্যাটাগরিতে স্বাস্থ্য ও সৌন্দর্যের চর্চার ব্যাপারে সচেতনতা এবং আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার লক্ষ্যে পথ চলার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে গ্ল্যামার ওয়ার্ল্ড জাতীয় মডেল পুরস্কার ২০১০।গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিন জে হক বলেন, ‘বর্তমানে অনেক তরুণ-তরুণী আছে, যারা মডেল হতে চায়, কিন্তু তাদের কোনো প্রতিষ্ঠান নেই বা কোনো সিঁড়ি নেই, যার মাধ্যমে সে সাফল্য পেতে পারে। আমরা সেই নতুন আসা মডেলদের জন্য সিঁড়ি হিসেবে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় মডেল পুরস্কার প্রতিযোগিতা করার জন্যই এ আয়োজন করছি না। দেশে এখন অনেক ছেলেমেয়ের মধ্যে হেপাটাইটিস-বি রোগ দেখা যাচ্ছে। এ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শুধু সেরা মডেলদের খুঁজে বের করব না, হেপাটাইটিস-বি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চাই। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা তরুণ-তরুণীরা এলাকায় গিয়ে সচেতনতা সৃষ্টির কাজটি করতে পারবে।’শাহরিন জে হক জানান, তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। ক্যাটাগরি তিনটি হচ্ছে এ, বি, সি। এ ক্যাটাগরির বয়সসীমা ১১ থেকে ১৭, বি ক্যাটাগরির ১৮ থেকে ৩০ ও সি ক্যাটাগরির ৩১ থেকে ৩৮ বছর। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন (নিবন্ধন) করবে, তাদের নিয়ে দিনব্যাপী একটি কর্মশালা করা হবে। দিনের প্রথম ভাগে পরিচয় পর্বে নিজেদের মধ্যে ব্যক্তিগত উন্নতি নিয়ে একটি ক্লাস নেওয়া হবে। এরপর তাদের মেকআপ দেওয়া হবে। পরে প্রতিযোগীদের আউটডোরে ফটোসেশন করা হবে। আউটডোরে একজন প্রতিযোগীর প্রতিটি পোশাকের সঙ্গে ১০টি করে মোট ৮০টি ছবি তোলা হবে। ফটোসেশনের পাশাপাশি তার ছবি ক্যামেরায় কীভাবে ভালো আসবে, সেটাও শেখানো হবে। এরপর ইনডোরে মেকআপ পরিবর্তন করে তার আরও ৪০টি ছবি তোলা হবে। এর মধ্যে প্রতিযোগীদের বিভিন্ন বিষয়ে ক্লাস নেওয়া হবে। তিনি বলেন, দিনের পুরো সময় একটি পূর্ণাঙ্গ প্যাকেজ কর্মশালায় দেওয়া হচ্ছে। পরে এদের মধ্য থেকে সেরাদের নিয়ে আয়োজন করা হবে গ্ল্যামার ওয়ার্ল্ড জাতীয় মডেল পুরস্কার ২০১০।কর্মশালায় অংশ নিতে পাবনা থেকে আসা মাহমুদা আক্তার ওরফে রত্না (২২) বলেন, ‘মিডিয়ায় কাজ করার ইচ্ছা অনেক আগ থেকেই। আশা করি, গ্ল্যামার ওয়ার্ল্ডের মাধ্যমে নিজেকে একজন যোগ্য প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে পারব।’ সম্মান শ্রেণীতে পড়ুয়া চট্টগ্রামের মাসুদুল হাসান (২১) বলেন, ‘মডেল হওয়ার ইচ্ছা অনেক দিনের। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে মডেল হতে পারব, তা জানা ছিল না। আমি মনে করি, গ্ল্যামার ওয়ার্ল্ড আমার মডেল হওয়ার সিঁড়ি।’প্রতিযোগিতায় সেরা বিজয়ী পাবে দুই লাখ টাকা ও দ্বিতীয় স্থান অধিকারী পাবে ঢাকা-কলকাতা-ঢাকা এয়ার টিকিট।রেজিস্ট্রেশন ও কর্মশালা করতে চাইলে খরচ ও অন্যান্য বিষয় জানার জন্য ‘গ্ল্যামার ওয়ার্ল্ড, ৫৬ বারিধারা, প্রগতি সরণি, ঢাকা—এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।