চলছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহনযোগ্য আর নানা সুবিধার কারণে প্রযুক্তিপণ্যের মধ্যে বর্তমান সময়ে ল্যাপটপ বেশ জনপ্রিয়। নানা কারণেই ল্যাপটপের প্রতি আগ্রহ বাড়ছে। তাই ল্যাপটপ কেনার দিকেই নজর আগ্রহীদের। কেনার ক্ষেত্রে নানা ব্র্যান্ডের ল্যাপটপ এক ছাদের নিচে পাওয়া গেলে সে সুবিধাও নিতে আগ্রহী অনেকেই। এমনই দেখা গেল ল্যাপটপ মেলায়। ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগান নিয়ে গতকাল ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘কিউবি ল্যাপটপ ফেয়ার-২০১২’ শিরোনামের মেলা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত মেলার আয়োজক মেকার কমিউনিকেশন। মেলা উদ্বোধন করেন বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। এ সময়ে তিনি বলেন, তরুণ প্রজন্মের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। এ ধরনের আয়োজন তরুণদের বেশ উৎসাহিত করে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক মোস্তাফা জব্বার, সাধারণ সম্পাদক শাহিদ-উল-মুনীর, কিউবির প্রধান বিপনণ কর্মকর্তা নেহাল আহমেদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অনেকে। এ মেলা শেষ হবে আগামীকাল ১৪ জানুয়ারি।এবারের ল্যাপটপ মেলার আয়োজনে রয়েছে ভিন্নতা। অন্যবারের চেয়ে এবারের জায়গাও বেশ বড়। তাই শুরু থেকেই মেলায় রয়েছে দর্শকদের ভিড়। মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে অংশ নিচ্ছে কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, স্মার্ট, গ্লোবাল ব্র্যান্ড, স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত কম্পিউটার, এক্সেল টেকনোলজিস, আরএম সিস্টেমসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ। পাশাপাশি বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ মেলার মাধ্যমে বাজারে ছাড়া হবে। প্রতিটি প্রতিষ্ঠানই মেলায় দিচ্ছে নানা রকমের ছাড় ও উপহার। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড মেলায় প্রতিটি আসুস ল্যাপটপ এবং ই পিসি নেটবুকের সঙ্গে দিচ্ছে উপহার ও ছাড়। কম্পিউটার সোর্স লিমিটেড মেলায় প্রতিটি ফুজিৎসু, এইচপি ও ডেল নোটবুকের সঙ্গে দিচ্ছে ৪ গিগাবাইট পেনড্রাইভ ও বিশেষ মূল্যছাড়। এসারের প্রতিটি ল্যাপটপের সঙ্গে কুপন পাওয়া যাচ্ছে। এই কুপনে প্রতিদিন পুরস্কার হিসেবে আছেএকটি করে স্মার্ট ফোন।আর মেলা শেষে মেগা পুরস্কার হিসেবে আছেএকটি মোটর সাইকেল। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এইচপি ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপের সঙ্গেই দিচ্ছে স্ক্র্যাচ কার্ড ও মূল্যছাড় সুবিধা। স্ক্র্যাচ কার্ডের সেঙ্গ নিশ্চিত পুরস্কার হিসেবে থাকবে এইচপি অল ইন ওয়ান পিসি, এইচপি এলসিডি মনিটর, শপিং ভাউচার ইত্যাদি। এ ছাড়া স্যামসাং ল্যাপটপের সঙ্গে পাওয়া যাবে নিশ্চিত পুরস্কার ও উপহার। বিভিন্ন ব্র্যান্ডের সর্বশেষ মডেলের সব ধরনের ল্যাপটপ, ল্যাপটপ অ্যাক্সেসরিজ ও অ্যান্টিভাইরাস সফটওয়্যারও আছে মেলায়। দেশে তৈরি ল্যাপটপ দোয়েল ও ট্যাবলেট পিসি পাওয়া যাচ্ছে এই মেলায়। ল্যাপটপ মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, ক্রেতাদের সুবিধার জন্যই এবারের মেলা আগের চেয়ে অনেক বড় ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। মেলার সব ধরনের হালনাগাদ তথ্য পাওয়া যাবে ফেসবুকে (www.facebook.com/ qubeelaptopfair)। এ ফ্যানপেইজটি লাইক দিয়ে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জনকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। প্রবেশ টিকিটের ওপরে র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে।