চলছে শুধু মোটরসাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরে গেছে বাঘাইছড়ি সদর–দুরছড়ি সড়কের কালভার্টের ওপরের মাটি। ফলে বন্ধ রয়েছে যান চলাচল l প্রথম আলো
সরে গেছে বাঘাইছড়ি সদর–দুরছড়ি সড়কের কালভার্টের ওপরের মাটি। ফলে বন্ধ রয়েছে যান চলাচল l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ি সদর-দুরছড়ি সড়কের কাচালং বাজার এলাকায় কালভার্ট ধসে গিয়েছিল ২০১১ সালের বৃষ্টিতে। এর দুই বছর পর মাটি ফেলে কালভার্টটি রাস্তার সমান করা হয়। ওপরে বিছানো হয় ইট। তবে কাজ শেষ হওয়ার ১৫ দিনের মাথায় কালভার্টের মাটি আবারও সরে যায়। এর পর গত দেড় বছরেও কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ওই পথে কোনো রকমে ঝুঁকি নিয়ে মোটরসাইকেল যাতায়াত করলেও অন্য কোনো যানবাহন চলছে না।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সালে বৃষ্টিতে বাঘাইছড়ি-দুরছড়ির সড়কের কাচালং বাজার এলাকায় কালভার্ট ধসে গেলে গভীর গর্ত সৃষ্টি হয়। ২০১২ সালের ৪ নভেম্বর বক্স কালভার্ট নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। ৬১ দশমিক চার মিটার দৈর্ঘ্যের ও সাড়ে তিন মিটার প্রস্থের কালভার্টের নির্মাণকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতেশ্বর এন্টারপ্রাইজ। এতে ব্যয় ধরা হয় এক কোটি ৩০ লাখ টাকা। ২০১৩ সালের ৩০ জুন কাজ শেষ করার কথা থাকলেও ওই বছর ১ জুন বুঝিয়ে দেওয়া হয়। তবে কাজ বুঝিয়ে দেওয়ার ১৫ দিনের মাথায় কালভার্টের ওপর দেওয়া মাটি সরে গিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ২০১৩ সালের জুন মাসের ভারী বৃষ্টি হলে নতুন নির্মিত কালভার্টের ওপর দেওয়া মাটি সরে যেতে শুরু করে। কয়েক সপ্তাহের মধ্যে মাটি সরে গিয়ে পাশের ব্লক ও নালা ভেঙে যায়। এর পর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঠিকাদারি প্রতিষ্ঠান কপোতেশ্বর এন্টারপ্রাইজ মালিক মো. শাকিল বলেন, ‘আমি নির্মাণকাজ শেষ করে বুঝিয়ে দিয়েছি। আমি কাজ শুরুর আগেই বলেছিলাম কাজটি টেকসই হবে না, ধসে যাবে। কিন্তু প্রকৌশলীরা তা শুনেননি।’
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘কালভার্টের ওপর সরে যাওয়া মাটি ও ব্লকগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ কারণে আমাদের থানার পুলিশ সদস্যদের উপজেলা সদরে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। শুনেছি এই কালভার্টটি নির্মাণকাজে প্রায় দেড় কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এখন কোনো কাজে আসছে না।’
পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুল শুক্কুর মিয়া বলেন, এলাকার লোকজন একটি কালভার্টের কারণে চার বছর ধরে কষ্ট করছেন। শুধু এলাকার লোক নয়, পৌরসভাসহ খেদারমারা ইউনিয়নের কয়েক হাজার মানুষ উপজেলা সদরে আসে এই সড়ক দিয়ে। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। দেড় বছর হতে চলেছে কিন্তু এ পর্যন্ত সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো.মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, কালভার্ট নির্মাণে কোনো ত্রুটি হয়নি। কিন্তু সড়কের দুই পাশ সমান করতে গিয়ে কালভার্টের ওপর প্রায় ২৫ ফুট পর্যন্ত মাটি ভরাট করতে হয়েছে। মাটি ভরাটের পর বৃষ্টি হওয়ায় কালভার্টের ওপর দেওয়া মাটি সরে যায় এবং দুই পাশে নির্মিত নালা ও ব্লকগুলো ভেঙে যায়। ভবিষ্যতে বরাদ্দ পেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।