নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে উঠেছে। আগামী ২ জুলাই নির্বাচন। এখন প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা। বৃষ্টি-বাদল-বৈরী আবহাওয়াও দমাতে পারছে না তাঁদের।ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন এ পাড়া থেকে ও পাড়ায়। উপজেলার সর্বত্র বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও ভিডিপির সদস্য মোতায়েন থাকবে বলে জানান সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন। উপজেলার ১৫৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৭০টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। এসব ভোটকেন্দ্রে র্যাব ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স টহল দেবে। থাকবে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা।উপজেলার ১৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৫৭ জন এবং সাধারণ সদস্যপদে ৬৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারসংখ্যা এক লাখ ৯৫ হাজার ১৫৪ জন।বিভিন্ন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন। তবে নির্বাচন কমিশন কোনো লিখিত অভিযোগ পায়নি বলে জানিয়েছে। কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী নুর মোহাম্মদ তাঁর এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা, চাল ও টিউবওয়েল দেওয়ার অভিযোগ আনেন।একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আহমদ কবির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের বাড়ির রাস্তায় ইট বিছিয়ে দেওয়ার অভিযোগ করেন। সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।