চলছে শেষ মুহূর্তের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র তিন দিন পর রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার নির্বাচন। পৌরসভার প্রথম মেয়র কে হচ্ছেন ভোটাররা তা ঠিক করবেন ৮ জানুয়ারি। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় মেতে উঠেছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। প্রায় সব প্রার্থীই এলাকায় সমপ্রীতি বজায় রাখার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এ ছাড়া পৌর কর মওকুফসহ নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতিও দিচ্ছেন তাঁরা। পাশাপাশি ভোটারদের প্রভাবিত করতে প্রার্থীরা কালো টাকা ছড়াচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে জমির হোসেন এবং বিএনপি থেকে মুন্সি মিয়া মেয়র পদে প্রার্থী হয়েছেন। এ ছাড়া বাঙালি ছাত্রপরিষদের পক্ষে আলমগীর কবির এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজিজুর রহমান নির্বাচন করছেন।ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ ভোটার কাকে ভোট দেবেন মনস্থির করেছেন। যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন তাঁকে ভোট দেবেন ভোটাররা। সামপ্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজ করবেন এমন ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ আদিবাসী-বাঙালির সুশীল সমাজের নেতারাও।একাধিক ব্যবসায়ী জানান, এখানে অনেকে এনজিও ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা করেন। আদিবাসী-বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না থাকলে ব্যবসা চলে না। উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে যায়। উপজেলা সদর মার্কেটের ব্যবসায়ী মো. আবুল বশর বলেন, ‘এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জমির হোসেন বলেন, ‘নির্বাচিত হলে প্রথমেই সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য উদ্যোগ নেব।’বাঙালি ছাত্রপরিষদের মেয়র পদপ্রার্থী আলমগীর কবির বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে প্রথমে যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। এ ছাড়া এলাকার সব সম্প্রদায়ের লোকজনকে সঙ্গে নিয়ে কাজ করব।’ এদিকে ভোটারদের প্রভাবিত করতে প্রার্থীরা কালো টাকা ছড়াচ্ছেন বলে ভোটাররা অভিযোগ করেছেন। সদর এলাকার বাসিন্দা উৎপল তালুকদার বলেন, ‘মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের মাঝে টাকা ছড়াচ্ছেন। স্থানীয় ভোটাররা আমাকে বলছেন, ইতিমধ্যে তাঁদের হাতে টাকা দেওয়া হয়েছে।’ নির্বাচনের দু-এক দিন আগে কালোটাকার ব্যবহার বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন ও জেলা পরিষদের বিশ্রামাগারে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুল আলম, সহসভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন ও জেলা পরিষদের সদস্য বৃষ কেতু চাকমাসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়র পদপ্রার্থী জমির হোসেনকে জয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়।মঙ্গলবার রাঙামাটির জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের নেতৃত্বে একটি দল নির্বাচনী প্রচারণার জন্য বাঘাইছড়ি সফর করে। তাঁরা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে দলীয় প্রার্থী মুন্সি মিয়ার পক্ষে প্রচারণা চালান।অন্যদিকে বাঙালি ছাত্রপরিষদের সভাপতি আলমগীর কবিরের পক্ষে প্রচারণা চালানোর জন্য কেন্দ্র ছাড়াও তিন পার্বত্য জেলার নেতা-কর্মীরা বাঘাইছড়িতে এসেছেন। নাগরিক কমিটির ব্যানারে প্রচারণা চালাচ্ছেন তাঁরা। স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমানও সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন আদিবাসী-বাঙালিদের কোনো সমস্যা হবে না। পর্যাপ্ত বিজিবি, পুলিশ ও আনসার বাহিনী থাকবে। প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’ ভোটকেন্দ্র ছাড়াও প্রতি তিনটি কেন্দ্রের জন্য নিরাপত্তাবাহিনীর একটি করে টহল দল নিয়োজিত থাকবে বলে তিনি জানান।