৫০টি স্টলে থরে থরে সাজানো জামদানি, বেনারসি থেকে শুরু করে মণিপুরি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বানানো কাপড় ও হস্তশিল্প; বাঁশ, বেত ও পাটজাত পণ্য। গুলশান শুটিং ক্লাবে শুরু হয়েছে চতুর্থ হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। বুধবার বিকেলে গুলশান শুটিং ক্লাবে ফেস্টিভ্যালের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, তাঁতিদের দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলায় এসএমই ফাউন্ডেশনকে উদ্যোগী হতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁতপণ্যের গুণগত মানের পাশাপাশি বৈচিত্র্য আনার ওপরও জোর দেন তিনি।
সন্ধ্যায় ছিল জমকালো ফ্যাশন শো। প্রথমে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সংগীতশিল্পী শামা রহমান। এরপর ভাষার মাসকে উপলক্ষ করে সাদাকালো পোশাকে শুরু হয় ফ্যাশন শো। দেশীয় সব গানের সঙ্গে তাল মিলিয়ে কিউতে হাঁটেন মডেলরা। ডিজাইনার বিবি রাসেলের নকশা করা লাল–সবুজ পোশাক পরে মঞ্চে আসেন মডেলরা। মালদ্বীপের ঐতিহ্যবাহী পোশাকেও হাঁটেন তাঁরা। মোট ৭টি পর্বে কিউতে হাঁটেন মডেলরা।
আয়োজকেরা বলেন, ‘দেশে-বিদেশে আগ্রহীদের কাছে এই ঐতিহ্যবাহী পণ্যগুলো পৌঁছাতে হলে জায়গাগুলোতে মূল কারিগরদের নিতে হবে। যাঁরা আসতে পারবেন না, তাঁদের কাজ ও কাজের প্রক্রিয়া আমরা সবার সামনে তুলে ধরব। জাপান, আসাম ও মালদ্বীপ থেকে তাঁদের পণ্য প্রদর্শনের জন্য ডিজাইনাররা আসছেন। তাঁরা আমাদের পণ্য দেখবেন, আমরা তাঁদের পণ্য দেখব।’
বিভিন্ন ডিজাইনারের তৈরি তাঁতের পোশাক নিয়ে প্রতিদিন থাকছে ফ্যাশন শো। মেলায় বয়নশিল্প প্রদর্শন, লাইভ ফ্যাশন শোর পাশাপাশি খাতভিত্তিক পণ্যের ইতিহাস নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হবে। তথ্যচিত্রগুলোয় তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী পণ্য তৈরির পেছনের কারিগরদের শ্রম ও জীবনের গল্প। এই আয়োজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে। পাশাপাশি প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁদের নকশা করা পণ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। মেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি।