চলতি পথের গল্প
‘লামানি কথমা’ একটি ত্রিপুরা শব্দ। বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায়—চলতি পথের গল্প। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাঁচ তরুণ শিল্পীর প্রদর্শনীর শিরোনাম এটি। আদিবাসী জীবনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আনন্দ-বেদনার কাব্য যেন ধরতে চেয়েছেন তাঁরা। প্রদর্শনী ঘুরে দেখতে দেখতে তাই এমন শিরোনামের যথার্থতা টের পাওয়া গেল।গত বৃহস্পতিবার ১৪ মার্চ এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী অলোক রায় ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বেরথে। আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ২১ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে অংশ নেওয়া পাঁচ শিল্পী হলেন—খাগড়াছড়িতে বসবাসরত জয়দেব রোয়াজা ও হাসনা হেনা, রাঙামাটির জুবলি দেওয়ান, বান্দরবানের জিং লিয়াম বম এবং কক্সবাজারের মং মং শে। প্রদর্শনীতে স্থাপনাশিল্প, জলরং ও মিশ্রমাধ্যমের কাজ স্থান পেয়েছে।জয়দেব রোয়াজার স্থাপনাশিল্পের বিষয় ফাঁদ। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন শৈশবেই ফাঁদ পেতে শিকার ধরার কৌশল রপ্ত করে। তাই ফাঁদ আদিবাসী-জীবনের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ। পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে এই দৈনন্দিন অনুষঙ্গকে নতুনভাবে হাজির করেন জয়দেব। সারি সারি বাঁশের তৈরি ফাঁদের উপস্থিতি যেন ফাঁদে আটকে যাওয়া এক জনগোষ্ঠীর মর্মবেদনা দৃশ্যায়িত করে।বাঙালি তরুণী হাসনা হেনা বৈবাহিক সূত্রে পেয়েছেন আদিবাসী পরিবার। খাগড়াছড়ির চেঙ্গি নদীর ধার ঘেঁষে গড়ে ওঠা আদিবাসী গ্রাম খামারবাড়ি তাঁর বর্তমান ঠিকানা। ছোট্ট এই পাহাড়ি গ্রামের শিশুদের নিয়ে ‘দ্য চিলড্রেন অব খামারপাড়া’ নামের ‘সাইট স্পেসিফিক’ স্থাপনাশিল্প উপস্থাপন করেছেন তিনি। ব্যবহার করেছেন খড়, বালু ও কাপড়।জুবিলি দেওয়ানের স্থাপনাশিল্পের বিষয় কোমর তাঁত বা ‘বেইন’। ছোট ছোট অনেকগুলো ‘বেইন’ দেয়ালে ঝুলিয়ে আদিবাসী নারীদের জীবনচিত্র তুলে ধরেছেন তিনি। উপকরণ হিসেবে ব্যবহার করেছেন কাপড়।রাখাইন আদিবাসী সম্প্রদায়ের লোকজ উৎসবকে বিষয় করে স্থাপনাশিল্প উপস্থাপন করেছেন মং মং শে।পাহাড়ের অন্যতম জনপ্রিয় একটি খেলার নাম ঘিলাখেলা। গিলা বা ঘিলাগাছের চ্যাপটা, গোলকার ও কালো রঙের বীজ ব্যবহার করা হয় এই খেলায়। জিং লিয়াং বম তাঁর স্থাপনাশিল্পে অনেকগুলো ঘিলাবীজ সুতা দিয়ে ঝুলিয়ে দিয়েছেন। ফিরে যেতে চেয়েছেন শৈশবের হারানো দিনগুলোতে।