চলতি বছরের সম্ভাব্য শিরোনাম
বিশ্লেষকেরা বলছেন, আন্তর্জাতিক পরিসরে ২০১১ সাল হবে ব্যয়সংকোচন-নীতির নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়ার বছর। সরকারি ব্যয় হ্রাস ও তরুণদের মধ্যে উচ্চ বেকারত্বের কারণে ইউরোপজুড়ে বিক্ষোভ হতে পারে। যার তুলনায় গত বছরের জনরোষ তুচ্ছ মনে হবে। তবে গ্রিসের ঋণ পুনর্গঠন করা হবে। জার্মানি ও কয়েকটি নর্ডিক দেশ সৃষ্টি করবে ‘ইউরোমার্ক’। বাকিরা গ্রহণ করবে অবমূল্যায়িত ‘ইউরোলাইট’। জার্মানি ও ফ্রান্স ইউরোপের বিপন্ন ঋণগ্রস্ত দেশগুলোকে অর্থসাহায্য না দিলে ইউরোজোন ভেঙে পর্যন্ত যেতে পারে বলে বিশ্ববাজারে অনেকের ধারণা। জার্মানিসহ ধনী দেশগুলোর অনেকেই ঋণগ্রস্তদের আর সহায়তা দেবে না বলে বিগড়ে বসতে পারে। তারা মনে করে, বিপদে পড়া দেশগুলো নিজেরাই এ জন্য দায়ী। অন্যদিকে দরিদ্র দেশগুলো ইউরোর কঠিন শৃঙ্খলার বিরুদ্ধে সমালোচনামুখর হবে। ইউরোর ভবিষ্যৎ, বিশেষ করে জার্মানির জন্য হবে একটি বড় পরীক্ষা। অন্যদিকে ইউরোপে অন্তত একটি সরকারের পতন হবে। তবে ইতালির প্রেসিডেন্ট সিলভিও বেরলুসকোনি টিকে যাবেন। ‘মুদ্রার কারসাজিকারীদের’ (পড়ুন চীন) বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বেকারত্বের উচ্চ হার অনলবর্ষী সারাহ পেলিনের হোয়াইট হাউসের জন্য লড়ার পরিবেশ তৈরি করবে। যুক্তরাষ্ট্রের ভগ্ন অর্থনীতির পুনরুদ্ধার হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওবামার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির তহবিল ফুরিয়ে এলে বিভিন্ন অঙ্গরাজ্য ব্যয় হ্রাসের পথে পা বাড়াবে, যা বেকার সমস্যা প্রকট করতে পারে। প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা অনুযায়ী, এ বছরের জুলাই মাসের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। কিন্তু এই সেনা প্রত্যাহার কি তাৎপর্যপূর্ণ হবে না নেহাতই প্রতীকী তা এখনো স্পষ্ট নয়। আরও অনেক প্রশ্নেরই জবাব পেতে অপেক্ষা ছাড়া গতি নেই। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ওবামার আশাবাদের কী হবে? ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু কি তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের কথা না শোনা অব্যাহত রাখবেন? যদি তা-ই হয়, ফিলিস্তিনিরা কি শেষ পর্যন্ত স্বাধীন ভূখণ্ডের লক্ষ্য পূরণে যে বিকল্প পন্থার হুমকি দিয়ে আসছে, সেদিকেই পা বাড়াবে?সবচেয়ে বড় খবর হতে পারে অপ্রত্যাশিত কোনো ঘটনা। যেমন, গত বছরের আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা মেক্সিকো উপসাগরে তেলক্ষেত্রের বিপর্যয়।